হরমুজে তেল ট্যাঙ্কারে রহস্যজনক বিস্ফোরণ! সামুদ্রিক মাইনের আঘাতে আগুন, বন্ধ ইঞ্জিন রুম

ওমানের খাসাব উপকূলের কাছে হরমুজ প্রণালীর সংবেদনশীল জলপথে একটি তেলবাহী ট্যাঙ্কারে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কিন মেরিটাইম ট্রেড অপারেশনস (UKMTO)-র তথ্য অনুযায়ী, উপকূল থেকে প্রায় সাত নটিক্যাল মাইল বা প্রায় ১৩ কিলোমিটার দূরে একটি সামুদ্রিক মাইনের আঘাতেই এই দুর্ঘটনা ঘটে। গত ২৪ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে এটি চতুর্থ হামলার ঘটনা।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ট্যাঙ্কারটি হরমুজ প্রণালী অতিক্রম করার সময় হঠাৎ জোরালো বিস্ফোরণ ঘটে। এর জেরে জাহাজে থাকা ইঞ্জিন রুমে আগুন ধরে যায় এবং সম্পূর্ণ বিকল হয়ে পড়ে জলযানটি। তবে স্বস্তির বিষয় হলো, জাহাজে থাকা সমস্ত নাবিক ও কর্মীরা নিরাপদে রয়েছেন। যদিও ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনও পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।

এই ঘটনার সত্যতা স্বীকার করেছে আমেরিকার পাশাপাশি ইরানের নৌবাহিনীও। ইরানের সরকারি সংবাদমাধ্যম আইআরআইবি (IRIB)-র প্রকাশিত বিবৃতিতে দাবি করা হয়েছে, সংশ্লিষ্ট ট্যাঙ্কারটি হরমুজের পূর্ব দিকের একটি নিষিদ্ধ সামুদ্রিক এলাকা অতিক্রম করছিল এবং সেই সময় তারা জাহাজের নেভিগেশন সিস্টেমও বন্ধ রেখেছিল।

এর আগে ইরানের সামরিক বাহিনী জানিয়েছিল, গত রবিবার থেকে শুরু করে এ পর্যন্ত হরমুজের ওই জলসীমায় মোট ছয়টি ট্যাঙ্কার মাইনের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়ে ডুবে গেছে। ইরানের রেভলিউশনারি গার্ডস (IRGC)-র পক্ষ থেকে জানানো হয়েছে, দক্ষিণাঞ্চলের ওই নিষিদ্ধ জলপথ ব্যবহার করার জন্যই ট্যাঙ্কারগুলি দুর্ঘটনার কবলে পড়ে। বিস্ফোরণের তীব্রতায় টানা বেশ কয়েক ঘণ্টা ধরে হরমুজ প্রণালীতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। সোমবারও নিষিদ্ধ এলাকায় আরও একটি তেল ট্যাঙ্কার মাইনের ধাক্কায় অচল হয়ে পড়েছিল।

চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকেই ইরান এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইজরায়েলের মধ্যে সংঘাত চলছে। যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই হরমুজ দিয়ে জাহাজ চলাচলের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে তেহরান। এমনকি একাধিকবার জাহাজ সংস্থাকে ওই নিষিদ্ধ এলাকায় প্রবেশ না করার বিষয়ে সতর্কও করা হয়েছিল। সাম্প্রতিক এই ধারাবাহিক দুর্ঘটনার জেরে মধ্যপ্রাচ্যের জলপথে নতুন করে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *