বালাসাহেবের প্রয়াণ দিবসেই কি ক্ষমতার আসল পরীক্ষা? একই দিনে মুম্বইয়ে শক্তি দেখাবে ঠাকরে ও শিন্ডে শিবির

আগামী ১৭ই নভেম্বর শিবসেনা প্রতিষ্ঠাতা বালাসাহেব ঠাকরের মৃত্যুবার্ষিকী ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনায় ফুটছে আর্থিক রাজধানী মুম্বই। দিনটি কেবল মরহুম নেতার প্রতি শ্রদ্ধা জানানোর অনুষ্ঠান নয়, বরং মহারাষ্ট্রের রাজনীতিতে শিবসেনার দুটি প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীর হাই-ভোল্টেজ শক্তি প্রদর্শনের এক মহাঞ্চে পরিণত হতে চলেছে।
প্রশাসন ও রাজনৈতিক মহল সূত্রে খবর, বালাসাহেবের মৃত্যুবার্ষিকীতে দুই শিবিরের নেতা ও কর্মীরা বিপুল সংখ্যায় মুম্বইয়ের রাজপথে সমবেত হবেন। একদিকে উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, আদিত্য ঠাকরে সহ ঠাকরে পরিবারের অন্যান্য সদস্যরা ঐতিহ্যবাহী শিবাজি পার্কে গিয়ে বালাসাহেবকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন। অন্যদিকে, রাজ্যের উপ-মুখ্যমন্ত্রী তথা শিবসেনার অপর অংশের প্রধান নেতা একনাথ শিন্ডেও রিগাল সিনেমার কাছাকাছি এলাকায় পৃথকভাবে শ্রদ্ধা নিবেদন করবেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, একই দিনে দুই ভিন্ন গোষ্ঠীর এই সমাগম এবং পাল্টাপাল্টি কর্মসূচি মুম্বইয়ের রাজনৈতিক উষ্ণতা কয়েকগুণ বাড়িয়ে দেবে। আগামী দিনের রাজনৈতিক সমীকরণে কে কতটা প্রভাব বিস্তার করতে পারে, এই শক্তি প্রদর্শনের মধ্য দিয়ে তারই একটা ট্রেলার দেখতে পাওয়া যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।