“প্লেনে মারাত্মক ফোবিয়া, আর হবু স্ত্রী এয়ার হস্টেস!”-ফেব্রুয়ারিতেই ছাদনাতলায় যাচ্ছেন দেবাংশু ভট্টাচার্য

রাজনীতির ময়দান থেকে আপাতত কিছুটা দূরত্ব বজায় রাখলেও চর্চা থেকে এক মুহূর্তের জন্যও সরে যাননি তৃণমূলের একসময়ের অন্যতম আলোচিত মুখ দেবাংশু ভট্টাচার্য। তবে এ বার কোনো রাজনৈতিক মন্তব্য বা পোস্টের জন্য নয়, বরং ব্যক্তিগত জীবনের এক সুখবরের জেরে খবরের শিরোনামে তিনি। সোশ্যাল মিডিয়ায় নিজের আংটি বদলের ছবি শেয়ার করে নিজেই সুখবর দিয়েছেন দেবাংশু। আগামী বছর অর্থাৎ ফেব্রুয়রি মাসেই জীবনের নতুন ইনিংস শুরু করতে চলেছেন তিনি।
কে এই মেঘনা? কীভাবে শুরু প্রেম?
জানা গিয়েছে, দেবাংশুর হবু স্ত্রীর নাম মেঘনা এবং তাঁর বাড়ি হুগলির উত্তরপাড়ায়। পেশায় তিনি একজন এয়ার হস্টেস বা বিমানসেবিকা। তবে কীভাবে দু’জনের পরিচয়? সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে দেবাংশু নিজেই জানান, প্রায় ৬ বছর আগে ফেসবুক মেসেঞ্জারের মাধ্যমেই তাঁদের প্রথম পরিচয় ও কথাবার্তা শুরু হয়। প্রথম দিকে সাধারণ বন্ধুত্ব থাকলেও গত এক বছর ধরে তাঁদের সম্পর্ক প্রেমের রূপ নেয়।
মজার মোড়: প্লেন-ফোবিয়া ও এয়ার হস্টেসের প্রেম!
এই প্রেমের গল্পের সবচেয়ে মজার এবং চমকপ্রদ দিক হলো দেবাংশুর প্লেন বা ফ্লাইট ফোবিয়া। এয়ার হস্টেসের সঙ্গে প্রেমের গল্প তৈরি হলেও দেবাংশুর সেই ভীতি আজও কাটেনি। এই প্রসঙ্গে দেবাংশু রসিকতার সুরে জানান, “যেহেতু ও এয়ার হস্টেস, আর আমার প্লেনে বিরাট ফোবিয়া—তাই ভয়ের কথা প্রথম ওকেই বলেছিলাম। ও বলেছিল ফোবিয়া কাটিয়ে দিতে, একদিন ফ্লাইটে সফর করতেও বলেছিল। কিন্তু আমি বলেছিলাম, তুমি তো দূর, আমার বাবাও ফ্লাইট ফোবিয়া কাটাতে পারবে না! আজ পর্যন্ত আমার সেই ফোবিয়া কাটেনি।”
কঠিন সময়ে পাশে পেয়েছেন মেঘনাকে:
দীর্ঘ ছয় বছরের ওঠানামার পর অবশেষে সম্পর্ককে পরিণতির দিকে নিয়ে চলেছেন এই জুটি। বিধানসভা নির্বাচনের ফলাফলের পরবর্তী রাজনৈতিক ও মানসিক চাপের কঠিন দিনগুলিতে মেঘনা তাঁর পাশে ছায়ার মতো দাঁড়িয়েছিলেন বলে জানান দেবাংশু। বিপদের দিনে মানসিক শক্তি জোগানোর জন্যই সম্পর্ক আজ বিয়ের পিঁড়িতে গড়াচ্ছে। আগামী ফেব্রুয়ারিতেই বহুচর্চিত এই জুটির শুভ পরিণয় সম্পন্ন হতে চলেছে, যা নিয়ে ইতিমধ্যেই অনুরাগীদের মধ্যে উত্তেজনার শেষ নেই।