রেস্তোরাঁয় খাচ্ছেন তো? অজান্তেই বিষ খাচ্ছেন না তো! চিনুন মারাত্মক ক্ষতিকর ‘অ্যানালগ’ পনির

বাজারে আসল পনিরের ভিড়ে সস্তা এবং বেশি দিন টেকসই হওয়ার সুবাদে রমরমিয়ে বিক্রি হচ্ছে ‘অ্যানালগ পনির’ (Analog Paneer)। দেখতে এবং স্পর্শে একেবারে আসল দুধের তৈরি পনিরের মতোই মনে হলেও, এটি আসলে এক ধরণের সিন্থেটিক বা কৃত্রিম বিকল্প, যা স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক। জনস্বাস্থ্য সুরক্ষার স্বার্থে একাধিক রাজ্যে এর বিক্রি ও ভুল লেবেলিংয়ের ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও চোরাপথে ঠিকই তা পৌঁছে যাচ্ছে রেস্তোরাঁ ও বাজারের থলেতে।

অ্যানালগ পনির আসলে কী এবং কীভাবে তৈরি হয়?

এই কৃত্রিম পনির তৈরিতে দুধের ব্যবহার হয় না বললেই চলে, অথবা নামমাত্র করা হয়। ফলে এতে প্রোটিন বা প্রয়োজনীয় পুষ্টির মারত্মক অভাব থাকে এবং ক্ষতিকর ফ্যাটের পরিমাণ থাকে অনেক বেশি।

  • উপাদান: অ্যানালগ পনির তৈরিতে প্রধানত সস্তা উদ্ভিজ্জ তেল— বিশেষ করে পাম অয়েল ব্যবহার করা হয়। রঙ ও ঘনত্ব আনার জন্য মেশানো হয় স্টার্চ। এছাড়া স্বাদ বাড়াতে সামান্য মিল্ক পাউডার এবং মসৃণ টেক্সচার দেওয়ার জন্য বিভিন্ন ইমালসিফায়ার ও স্টেবিলাইজারের ব্যবহার করা হয়।

  • প্রক্রিয়া: তেল, মিল্ক পাউডার ও জল একসঙ্গে মিশিয়ে প্রথমে ভালো করে ফেটিয়ে একটি মিশ্রণ তৈরি করা হয়। এরপর নির্দিষ্ট তাপমাত্রায় তা গরম করে তাতে স্টার্চ ও ইমালসিফায়ার মেশানো হয়। পরবর্তীতে সাইট্রিক অ্যাসিড বা লেবুর রসের মতো উপাদান দিয়ে তা ফাটানো হয় এবং ছাঁচে ফেলে বা প্রেস করে আসল পনিরের আকার দেওয়া হয়।

আসল ও নকল পনির চিনবেন কীভাবে?

হোটেল, ক্যাটারিং বা বাজারে সস্তা দামে এই পনির বিক্রি হয়। সাধারণ চোখে এটি ধরা কঠিন হলেও কিছু উপায়ে তা চেনা সম্ভব: ১. টেকচার ও গঠন: আসল পনির বেশ নরম হয় এবং আঙুলে চটকে দেখলে প্রথমে দানা দানা ও পরে মসৃণ ভাব আসে। অন্যদিকে, অ্যানালগ পনির রাবারের মতো টানটান বা চটচটে হতে পারে এবং এর চকচকে ভাব (Gaze) অনেক বেশি থাকে। ২. আয়োডিন টেস্ট: আয়োডিন টিংচার পরীক্ষার মাধ্যমে এটি সহজে ধরা যায়। পনিরে আয়োডিন দিলে যদি তার রঙ বদলে কালো, বাদামী, নীল কিংবা বেগুনি হয়ে যায়, তবে নিশ্চিত হবেন যে তাতে স্টার্চ বা ভেজাল রয়েছে।

স্বাস্থ্যের পক্ষে কতটা মারাত্মক?

অ্যানালগ পনিরে প্রচুর পরিমাণে স্টার্চ ও আনহেলদি ফ্যাট থাকার কারণে এর নিয়মিত সেবন শরীরে মারাত্মক প্রভাব ফেলতে পারে:

  • ওজন বৃদ্ধি: এতে থাকা অতিরিক্ত ফ্যাট ও ক্যালোরি দ্রুত মুটিয়ে যাওয়া বা স্থূলতার কারণ হয়ে দাঁড়ায়।

  • হৃদরোগের ঝুঁকি: কৃত্রিম তেল ও ক্ষতিকর ফ্যাট রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে হৃদযন্ত্রের মারাত্মক ক্ষতি করতে পারে।

  • পরিপাকতন্ত্রের সমস্যা: এই পনির লিভার, অন্ত্র এবং পরিপাকতন্ত্রের জন্য অত্যন্ত ক্ষতিকর। এর ফলে হজমের গোলমালসহ পেটের নানা জটিল রোগ দেখা দিতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *