রেলযাত্রীদের জন্য বিরাট খবর! ৮৯% স্টেশনে নেই পানীয় জল-শৌচাগার, সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ রেলকে

দেশজুড়ে রেলযাত্রীদের সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। রেল স্টেশনগুলিতে পানীয় জল, বসার ব্যবস্থা, শৌচাগার এবং প্ল্যাটফর্ম শেল্টারের মতো ন্যূনতম প্রয়োজনীয় সুবিধা নিশ্চিত করার জন্য রেল মন্ত্রকখকে নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। সেইসঙ্গে কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগের (CAG) গতানুগতিক অডিট রিপোর্টে দেওয়া সমস্ত সুপারিশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নির্দেশ জারির পরই সংশ্লিষ্ট মামলার নিষ্পত্তি করেছে সুপ্রিম কোর্ট।

ক্যাগের চমকে দেওয়া রিপোর্ট ও বেহাল চিত্র

মূলত ক্যাগের একটি বিস্ফোরক রিপোর্টের ওপর ভিত্তি করেই এই জনস্বার্থ মামলাটি দায়ের করা হয়েছিল। ক্যাগের সমীক্ষায় উঠে আসা তথ্য অনুযায়ী—

  • দেশের ৫১২টি রেল স্টেশনের মধ্যে প্রায় ৪৫৮টি স্টেশন অর্থাৎ ৮৯ শতাংশের বেশি স্টেশনে ন্যূনতম প্রয়োজনীয় সুযোগ-সুবিধার (যেমন—বিশুদ্ধ পানীয় জল, বসার বেঞ্চ, শৌচাগার, প্ল্যাটফর্ম শেল্টার, পাখা, ওয়াটার কুলার ও সাইনবোর্ড) তীব্র অভাব রয়েছে।

  • অবাক করার বিষয় হলো, সমীক্ষা চালানো ৫১২টি স্টেশনের মধ্যে মাত্র ৫৪টি স্টেশনে (প্রায় ১১%) সমস্ত নির্ধারিত মানদণ্ড অনুযায়ী ন্যূনতম সুযোগ-সুবিধাগুলি সম্পূর্ণভাবে চালু ছিল।

  • ‘প্যাসেঞ্জার এমিনিটিজ ম্যানেজমেন্ট সিস্টেম’-এর তথ্যেও বিভিন্ন জোন ও ক্যাটাগরির স্টেশনে এই একই দুর্দশা অব্যাহত থাকার সত্যতা প্রমাণিত হয়েছে।

কী দাবি করা হয়েছিল পিটিশনে?

আইনজীবী ও সমাজকর্মী কৃষ্ণকান্ত সুপ্রিম কোর্টে এই জনস্বার্থ মামলাটি দায়ের করেছিলেন। তাঁর আবেদনে বলা হয়েছিল, রেল স্টেশনগুলিতে যাত্রী স্বাচ্ছন্দ্যের এই চরম ঘাটতি প্রতিদিন যাতায়াতকারী কোটি কোটি সাধারণ মানুষের স্বাস্থ্য, নিরাপত্তা এবং মৌলিক মর্যাদাকে সরাসরি হুমকির মুখে ফেলছে।

পাশাপাশি, পিটিশনে এও আবেদন জানানো হয়েছিল যে, রেল স্টেশনগুলিতে যাত্রীদের সরবরাহ করা পানীয় জলে কোনো ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা বিষাক্ত কেমিক্যাল রয়েছে কি না, তা খতিয়ে দেখতে নিয়মিত এবং কঠোর ল্যাব টেস্ট বাধ্যতামূলক করা হোক।

সংসদে পেশ করা ক্যাগের এই রিপোর্টের ওপর দীর্ঘ সওয়াল-জবাবের পর শীর্ষ আদালত রেল মন্ত্রককে স্পষ্ট নির্দেশ দিয়েছে, যাতে দ্রুত প্রতিটি স্টেশনে এই প্রয়োজনীয় পরিকাঠামো উন্নত করা হয় এবং যাত্রীদের দুর্ভোগ দূর করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *