‘সব গুন্ডা বাংলা ছেড়ে পালাও!’ ৪৮ ঘণ্টার মধ্যেই পুলিশের গুলিতে নিকেশ কনস্টেবলকে গুলি করা দুষ্কৃতী, কড়া হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

শান্তিনিকেতনে কর্তব্যরত পুলিশ কনস্টেবলকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার মাত্র দু’দিনের মাথায় পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয়েছে মূল অভিযুক্ত রতন শেখের। রবিবার বীরভূমের নানুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে কুখ্যাত এই দুষ্কৃতীর মৃত্যুর পরই অপরাধীদের উদ্দেশে অত্যন্ত কড়া ও বিস্ফোরক বার্তা দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘জিরো টলারেন্স’ নীতির কথা স্পষ্ট করে দিয়ে তিনি সাফ জানিয়ে দিয়েছেন, পুলিশকে লক্ষ্য করে কেউ গুলি চালালে পুলিশ হাত গুটিয়ে বসে থাকবে না, বরং আত্মরক্ষার্থে যা করার ঠিক তাই করবে।

ঘটনার সূত্রপাত গত শুক্রবার সন্ধ্যায়। গোপন সূত্রে খবর পেয়ে শান্তিনিকেতন থানার অন্তর্গত লায়েকবাজার এলাকায় কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে পাকড়াও করতে গিয়েছিলেন সাদা পোশাকের তিন পুলিশকর্মী। অভিযোগ, পুলিশের উপস্থিতি টের পেতেই আগ্নেয়াস্ত্র বের করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে রতন। সেই গুলিতে গুরুতর জখম হন কনস্টেবল বিশ্বজিৎ দাস। তাঁর বাঁ পায়ে হাঁটুর উপরে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতাল ও পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কলকাতার এসএসকেএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।

এই ঘটনার পর শনিবার রাতেই বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত পুলিশকর্মীকে দেখতে ছুটে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখানে দাঁড়িয়েই তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন যে, পুলিশকর্মীর রক্ত কোনোভাবেই বৃথা যাবে না এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোরতম পদক্ষেপ নেওয়া হবে। পাশাপাশি রতন শেখের বিরুদ্ধে ৩৬টি ফৌজদারি মামলা থাকা সত্ত্বেও সে কীভাবে জামিন পেল, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর সেই কড়া বার্তার ২৪ ঘণ্টা পেরোনোর আগেই রবিবার দুপুরে পূর্ব বর্ধমানের নবাবহাট এলাকা থেকে রতন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জিজ্ঞাসাবাদের মুখে রতন জানায় নানুরের চারকোল গ্রামের কাছে উচকরণের একটি পরিত্যক্ত ইটভাটায় সে আগ্নেয়াস্ত্র লুকিয়ে রেখেছে। বিকেলে পুলিশ তাকে নিয়ে সেখানে অস্ত্র উদ্ধারে গেলে লুকিয়ে রাখা আগ্নেয়াস্ত্র বের করে পুলিশকে লক্ষ্য করে গুলি চালায় রতন। গুলি পুলিশের গাড়িতে লাগে। তখন আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে গুরুতর জখম হয় রতন। দ্রুত তাকে নানুর স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।

রবিবার কলকাতায় ছট পুজোর অনুষ্ঠানে থাকাকালীন সাংবাদিকদের মাধ্যমে এই এনকাউন্টারের খবর পান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি বলেন, “পুলিশকে গুলি করতে গেলে পুলিশ কি বাতাসা খাওয়াবে? যা করার তাই করেছে। পুলিশকে সম্পূর্ণ খোলা হাত দেওয়া হয়েছে।” রাজ্যের দুষ্কৃতী ও বেআইনি অস্ত্রধারীদের উদ্দেশে চরম হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, “বাংলায় ধর্ষক, খুনি এবং গুন্ডাদের কোনো জায়গা নেই। যাদের কাছে বেআইনি অস্ত্র রয়েছে, তারা অবিলম্বে রাজ্য ছেড়ে পালিয়ে যাক। এখানে থাকলে যা করার তাই করব।” উল্লেখ্য, রাজ্যে পালাবদলের পর গত ছয় মাসে এটি পঞ্চম এনকাউন্টারের ঘটনা, যা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা শুরু হয়েছে।

Saheli Saha
  • Saheli Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *