ইরানের গোপন পরমাণু আড্ডার হদিশ দিলেই মিলবে ২০০ কোটি টাকা! মার্কিন গোয়েন্দাদের এই ঘোষণায় তোলপাড় বিশ্ব রাজনীতি

ইরান গোপনে পরমাণু বোমা বানানোর চেষ্টা চালাচ্ছে, এই অভিযোগে তেহরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান শুরু করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইজরায়েলের সঙ্গে যৌথভাবে সেই হামলা শুরু হওয়ার প্রায় আড়াইশো দিন কেটে গেছে। কিন্তু এতদিন পর মার্কিন সেনার একটি ঘোষণা আন্তর্জাতিক মহলে চরম প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্ন উঠছে, আমেরিকা কি তবে এতদিন ধরে অন্ধকারে ছিল? তারা কি আসলেই জানে না যে তেহরানের বিজ্ঞানীরা ঠিক কোথায় তাঁদের গোপন পরমাণু কর্মসূচি চালিয়ে যাচ্ছেন?

২০০ কোটি টাকার পুরস্কার ঘোষণা!

মার্কিন সেনার সেন্ট্রাল কমান্ড বা ইউএস সেন্ট্রাল কমান্ড সম্প্রতি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আর সেই বিজ্ঞাপনের ভাষা ঘিরেই শুরু হয়েছে তীব্র শোরগোল। মার্কিন প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ইরানের পরমাণু কর্মসূচির সঠিক ঠিকানা বা গোপন আড্ডার হদিশ যে কেউ দিতে পারলে তাঁকে ২০ মিলিয়ন মার্কিন ডলার পুরস্কার দেওয়া হবে। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০০ কোটি টাকা।

বিজ্ঞাপনে পরিষ্কার বলা হয়েছে, ইরান ঠিক কোথায় গবেষণা চালাচ্ছ, কী ধরনের যন্ত্রপাতি বা সেন্ট্রিফিউজ ব্যবহার করা হচ্ছে এবং কারা এই পুরো গোটা পরিকল্পনা পরিচালনা করছে—এই সমস্ত তথ্য দিয়ে যদি কেউ সাহায্য করতে পারে, তবে তাঁকে হাতেগরম এই বিপুল পরিমাণ অর্থ পুরস্কার হিসেবে দেওয়া হবে। এর জন্য ‘রিওয়ার্ড ফর জাস্টিস’ নামে একটি বিশেষ ওয়েবসাইটও লঞ্চ করেছে ইউএস সেন্ট্রাল কমান্ড। যুদ্ধবিধ্বস্ত মধ্যপ্রাচ্যের সাধারণ মানুষের কাছে এই ২০০ কোটি টাকা যে বিরাট লোভনীয়, তা ভালোভাবেই বুঝতে পারছে মার্কিন গোয়েন্দা বিভাগ। তারা চাইছে, খোদ ইরানি নাগরিক বা ভেতরের লোকজনই সরকারের বিরুদ্ধে গিয়ে এই গোপন তথ্য ফাঁস করে দিক।

২৫০ দিনের যুদ্ধ এবং বর্তমান পরিস্থিতি

গত আড়াইশো দিন ধরে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি সম্পূর্ণ বদলে গেছে। চলতি বছরের শুরুর দিকে ইরানের বিরুদ্ধে যৌথ বিমান হামলা শুরু করে আমেরিকা ও সহযোগীরা। খাড়্গ আইল্যান্ডে ইরানি তেল সরবরাহ পরিকাঠামোয় বড়সড় হামলা চালানো হয়। এর জবাবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিগুলোতে দফায় দফায় মিসাইল হামলা চালায় ইরান। হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজ চলাচলে বাধা সৃষ্টি করে আইআরজিসি (IRGC), যার জেরে বিশ্বজুড়ে লাফিয়ে লাফিয়ে বাড়ে জ্বালানি তেলের দাম এবং ব্যাহত হয় আন্তর্জাতিক বাণিজ্য।

এদিকে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA আগেই জানিয়েছিল যে, ইরানি বিজ্ঞানীরা তেজস্ক্রিয় ইউরেনিয়ামকে ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করে ফেলেছেন। পরমাণু বোমা বানাতে ৯০ শতাংশ বিশুদ্ধ ইউরেনিয়ামের প্রয়োজন হয়। আর ইরানই একমাত্র দেশ যারা পরমাণু অস্ত্র কর্মসূচি না থাকা সত্ত্বেও এই স্তরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণে এগিয়ে গেছে। বিশেষজ্ঞদের আশঙ্কা ছিল, তেহরান যেকোনো মুহূর্তে বোমা তৈরি করে ফেলতে পারে।

আমেরিকা কেন এই পথে হাঁটছে?

মার্কিন গোয়েন্দারা এখন চরম উদ্বেগে রয়েছেন। কারণ, ইরান সরকার সম্প্রতি আন্তর্জাতিক পরমাণু নিয়ামক সংস্থার সঙ্গে সমস্ত ধরনের সহযোগিতা বন্ধ করে দিয়েছে। ফলে ইরানি বিজ্ঞানীরা ঠিক কোন পাহাড়ের অন্তরালে বা গোপন সুড়ঙ্গে এই মারাত্মক গবেষণা চালিয়ে যাচ্ছেন, তার কোনো সঠিক হদিশ মার্কিন সেনার হাতে নেই।

ইতিমধ্যে আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপ বাড়তে শুরু করেছে। মার্কিন মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টির ধাক্কা খাওয়ার পর ট্রাম্পের ওপর রাজনৈতিক চাপ আরও তৈরি হয়েছে। খোদ ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স স্বীকার করেছেন যে, ইরানে হামলার যৌক্তিকতা সাধারণ মানুষকে তাঁরা ঠিকমতো বোঝাতে পারেননি। তবে ট্রাম্প দমবার পাত্র নন। তিনি নতুন করে ক্যাশেম আইল্যান্ডে হামলার নির্দেশ দিলেও, একই সঙ্গে কাতারকে মধ্যস্থতার জন্য কিছুটা এগিয়ে আসতে বলেছেন। অন্যদিকে, মার্কিন হামলার মোটা ক্ষতিপূরণ দাবি করে অনড় অবস্থানে রয়েছে তেহরানও।

এই টানাপোড়েনের মাঝেই আমেরিকার ২০০ কোটি টাকার এই পুরস্কার ঘোষণা প্রমাণ করে দিচ্ছে যে, ইরানের গোপন পরমাণু নেটওয়ার্ক গুঁড়িয়ে দিতে গোয়েন্দা তথ্যের কতটা অভাব বোধ করছে মার্কিন প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *