“পুলিশকে ফুল ছোঁড়ার দিন শেষ!” রতন শেখের মৃত্যুর পর রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বড় বার্তা সরকারের

“বাংলায় কোনো দুষ্কৃতী ও ধর্ষকদের ঠাঁই নেই।” বীরভূমের নানুরে পুলিশের এনকাউন্টোরে মূল অভিযুক্ত রতন শেখের মৃত্যুর পর অত্যন্ত কড়া ভাষায় রাজ্যজুড়ে অপরাধীদের সাফ হুঁশিয়ারি দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শান্তিনিকেতনে পুলিশের ওপর গুলি চালানোর চাঞ্চল্যকর ঘটনার পর থেকেই এই এনকাউন্টারকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে চরম শোরগোল শুরু হয়েছে। সরকারের শীর্ষ নেতৃত্ব থেকে শুরু করে মন্ত্রীরা সকলেই পুলিশের এই কড়া পদক্ষেপের পাশে দাঁড়িয়েছেন।
কী বলেছেন মুখ্যমন্ত্রী?
এএনআই-কে দেওয়া প্রতিক্রিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট ভাষায় জানিয়েছেন, পুলিশের ওপর হামলা চালালে প্রশাসন কখনোই হাত গুটিয়ে বসে থাকবে না। রতন শেখ পুলিশের ওপর ঠান্ডা মাথায় গুলি চালিয়েছিল, যার পরই পুলিশ আইনসম্মত ও প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। অপরাধীদের দমনে রাজ্য সরকার যে জিরো টলারেন্স নীতি নিয়েছে, এই ঘটনা তারই স্পষ্ট বার্তা। মুখ্যমন্ত্রীর এই অবস্থানের সঙ্গে সম্পূর্ণ একমত পোষণ করে রাজ্যের অন্যান্য মন্ত্রী ও নেতারাও অপরাধ দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন।
ঘটনার প্রেক্ষাপট
পুলিশ সূত্রে জানা গেছে, এর আগে বীরভূমের শান্তিনিকেতন থানা এলাকায় কুখ্যাত দুষ্কৃতী রতন শেখকে ধরতে গিয়ে মারাত্মক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে সরাসরি আইনরক্ষকদের লক্ষ্য করে গুলি চালায়। ওই হামলায় বিশ্বজিৎ দাস নামের এক পুলিশ কনস্টেবল গুরুতর আহত হন।
এরপর রবিবার নানুরে পুলিশি অভিযানে রতন শেখকে পাকড়াও করার চেষ্টা করা হলে সে ফের পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও বাধ্য হয়ে পাল্টা গুলি চালায়। পুলিশি গুলিতেই গুরুতর জহম হয়ে ওই অভিযুক্তের মৃত্যু হয়। সাম্প্রতিক সময়ে রাজ্যে একের পর এক এনকাউন্টারের এই ঘটনায় অপরাধীদের মনে যেমন ভীতি তৈরি হয়েছে, তেমনই আইনশৃঙ্খলা রক্ষা নিয়ে নতুন করে রাজনৈতিক ও প্রশাসনিক বিতর্কও তুঙ্গে উঠেছে।