২৪ ক্যারেট গোল্ড দিয়ে তৈরি হচ্ছে সোনার রোড, জেনেনিন কোথায় বানানো হচ্ছে?

দুবাই মানেই বিলাসবহুল চমক আর অসম্ভবকে সম্ভব করার গল্প। আর সেই তালিকায় এবার যোগ হতে চলেছে এক অবিশ্বাস্য মেগা প্রজেক্ট। বিশ্ববাসীকে ফের তাক লাগিয়ে দিতে আস্ত একটি ২৪ ক্যারেট সোনার ওয়াকওয়ে বা হাঁটার রাস্তা তৈরির পরিকল্পনা করেছে দুবাই প্রশাসন। শহরের বিখ্যাত গোল্ড ডিস্ট্রিক্টে এই বিশেষ রাস্তা তৈরির কাজ শুরু হতে চলেছে চলতি বছরের শেষের দিকেই।

গালফ টুডে-র প্রতিবেদন অনুযায়ী, এই আকর্ষণীয় ওয়াকওয়েটি তৈরি করা হবে দেইরার দুবাই গোল্ড ডিস্ট্রিক্টে। উল্লেখ্য, সোনা ও গয়না ব্যবসার আন্তর্জাতিক কেন্দ্র হিসেবে পরিচিত এই ডিস্ট্রিক্টটি চলতি বছরের জানুয়ারিতেই চালু করা হয়েছিল। সরকারি তথ্য বলছে, সোনা, গয়না, বুলিয়ন, পাইকারি ব্যবসা এবং বিনিয়োগকে এক ছাদের নিচে নিয়ে এসেছে এই বিশেষ চত্বর। বর্তমানে এখানে এক হাজারের বেশি খুচরা বিক্রেতা রয়েছে।

পুরো রাস্তাটি কি নিরেট সোনা দিয়ে তৈরি?

রিপোর্টে দাবি করা হয়েছে, রাস্তাটিতে ২৪ ক্যারেট সোনার ব্যবহার করা হবে। তবে এর সঠিক দৈর্ঘ্য, ঠিক কত পরিমাণ সোনা ব্যবহার করা হবে, নির্মাণ কৌশল বা মোট খরচ কত—সে বিষয়ে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করেনি দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট কর্তৃপক্ষ। ফলে পুরো রাস্তাটিই আস্ত নিরেট সোনা দিয়ে তৈরি কি না, সে বিষয়ে পুরোপুরি নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

কেন এই গোল্ড স্ট্রিট তৈরির সিদ্ধান্ত?

শুধুমাত্র সোনার রাস্তায় হাঁটার রোমাঞ্চ তৈরি করাই এই প্রজেক্টের একমাত্র লক্ষ্য নয়। এর পিছনে মূল উদ্দেশ্য হলো পর্যটন শিল্পকে আরও উৎসাহিত করা এবং বিশ্বজুড়ে স্বর্ণ ব্যবসার শীর্ষস্থানীয় কেন্দ্র হিসেবে দুবাইয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করা।

দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের তথ্য অনুযায়ী, চলতি বছরের শুরু থেকেই পাইকারি স্বর্ণ ব্যবসার অফিসের সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি সোনা, গয়না, মূল্যবান পাথর এবং বিলাসবহুল ঘড়ির নতুন দোকানের সংখ্যাও ১৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই নতুন প্রজেক্ট বিশ্বজুড়ে পর্যটক এবং বিনিয়োগকারীদের আকর্ষণ করে দুবাইয়ের অর্থনীতিকে আরও অনেক দূর এগিয়ে নিয়ে যাবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *