কনস্টেবলকে জখম করার বদলা! পালাবদলের পর বীরভূমে পঞ্চম এনকাউন্টারের জেরে মৃত অভিযুক্ত

কর্তব্যরত পুলিশকর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনার মাত্র কয়েকদিনের মধ্যেই এনকাউন্টারে খতম হলো মূল অভিযুক্ত। বীরভূমের নানুর এলাকায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে কুখ্যাত দুষ্কৃতী রতন শেখ। বেআইনি অস্ত্র রাখা থেকে শুরু করে মাদক পাচার—একাধিক অপরাধমূলক মামলা ঝুলছিল এই অভিযুক্তের বিরুদ্ধে। রাজনৈতিক পালাবদলের পর রাজ্যে এটি পঞ্চম এনকাউন্টারের ঘটনা বলে জানা যাচ্ছে।
ঘটনার সূত্রপাত যেভাবে: গত শুক্রবার সন্ধ্যায় বীরভূমের শান্তিনিকেতন থানার লায়েকবাজার এলাকায় একটি মামলার তদন্তে রতন শেখকে পাকড়াও করতে গিয়েছিল পুলিশ। অভিযোগ, সেই সময় পুলিশের হাত থেকে বাঁচতে কর্তব্যরত পুলিশকর্মীদের লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় রতন। এই হামলায় গুরুতর জখম হন পুলিশ কনস্টেবল বিশ্বজিৎ দাস। ঘটনার পরেই তাঁকে প্রথমে বোলপুর মহকুমা হাসপাতালে এবং পরে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অবস্থার অবনতি হওয়ায় শেষ পর্যন্ত রবিবার তাঁকে কলকাতার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, যেখানে তাঁর চিকিৎসা চলছে।
এনকাউন্টার ও চিকিৎসকদের প্রতিক্রিয়া: পুলিশ সূত্রে জানা গিয়েছে, পূর্ব বর্ধমান জেলার নবাবহাট এলাকা থেকে রতন শেখকে গ্রেপ্তার করেছিল পুলিশ। পরবর্তীতে নানুর এলাকায় এনকাউন্টারের ঘটনা ঘটে। নানুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপর ময়নাতদন্তের জন্য তাঁর দেহ বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
বোলপুর মহকুমা হাসপাতালের চিকিৎসক গৌরব তরবদার এই বিষয়ে জানান, “নানুর থানা আগেই মৃত্যু নিশ্চিত করেছে। তাও আমি দেখলাম। মৃতের নাম রতন শেখ।”
পুলিশকে লক্ষ্য করে অপরাধীর হামলার পরই এই এনকাউন্টারের ঘটনায় একদিকে যেমন চাঞ্চল্য ছড়িয়েছে, তেমনই রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ দমনে পুলিশের কড়া পদক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে।