ব্রেক কাজ করছে না, তবুও ৪৬৩ কিমি ছুটল খালি বন্দে ভারত! রেলের মারাত্মক গাফিলতিতে দেশজুড়ে শোরগোল

আধুনিক ও হাই-স্পিড ট্রেনের সুরক্ষাকে বুড়ো আঙুল দেখিয়ে এক নজিরবিহীন ও ভয়াবহ গাফিলতির চিত্র সামনে এল। ব্রেক কাজ করছে না, এমন মারাত্মক ও জীবনঘাতী ত্রুটি থাকা সত্ত্বেও একটি খালি বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন ঝাড়খণ্ড থেকে উত্তরপ্রদেশ পর্যন্ত প্রায় ৪৬৩ কিলোমিটার পথ পাড়ি দিয়েছে! গত অক্টোবরের এই চাঞ্চল্যকর ঘটনাটি সামনে আসার পর নড়েচড়ে বসেছে রেলওয়ে প্রশাসন। অন্য যাত্রীবাহী ট্রেনগুলির নিরাপত্তার ক্ষেত্রে এটি এক বিরাট ঝুঁকি তৈরি করেছিল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ঘটনায় দক্ষিণ পূর্ব রেলওয়ের পক্ষ থেকে একটি পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

কীভাবে ঘটল এই চাঞ্চল্যকর ঘটনা? রেল সূত্রে জানা গিয়েছে, গত গত ২৪ অক্টোবর ঝাড়খণ্ডের হাটিয়া থেকে উত্তরপ্রদেশের ঝাঁসির দিকে একটি খালি চেয়ারকার রেক সরিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা করা হয়েছিল। একটি মালবাহী লোকোমোটিভ বা ইঞ্জিনের সাহায্যে ওই রেকটি সরানোর কাজ শুরু হয়। নিয়ম অনুযায়ী, পুরো যাত্রাপথে বন্দে ভারত রেকের ব্রেকিং সিস্টেমের সঙ্গে টানতে থাকা ইঞ্জিনের ব্রেকিং সিস্টেমটি সঠিকভাবে সংহত থাকার কথা ছিল। কিন্তু অভিযোগ, রক্ষণাবেক্ষণ ও সংশ্লিষ্ট কর্মীরা এই সংযোগ নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হন এবং ট্রেন ক্রুদের সমস্ত সতর্কবার্তাও পুরোপুরি উড়িয়ে দেন।

বারবার সতর্কবার্তা ও পাইলটদের অভিযোগ উপেক্ষা তদন্তে জানা গেছে, গত ৭ নভেম্বর রাঁচির ডিভিশনাল রেলওয়ে ম্যানেজারকে (DRM) তদন্ত শুরুর নির্দেশ দেয় দক্ষিণ পূর্ব রেলওয়ে। গত ২৪ অক্টোবর হাটিয়া থেকে রেকটি ছাড়ার পর হাটিয়া-রাঁচি সেকশনে ব্রেক ফিল ও ব্রেক পাওয়ার পরীক্ষা করেছিলেন লোকো পাইলট। কিন্তু সেই পরীক্ষাতেই তিনি দেখতে পান, ট্রেনের ব্রেক পাওয়ার অত্যন্ত শোচনীয় এবং অকেজো।

রাঁচি স্টেশনে পৌঁছানোর পর ওই লোকো পাইলট সেকশন কন্ট্রোলার ও ট্র্যাকশন লোকোমোটিভ কন্ট্রোলারের কাছে ব্রেকের এই বেহাল দশা নিয়ে লিখিত অভিযোগ জানান। তা সত্ত্বেও, ত্রুটিপূর্ণ ব্রেক নিয়েই ট্রেনটিকে এগিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয়। এরপর মুড়ি স্টেশন থেকে যে লোকো পাইলট ট্রেনটি পরিচালনা করেন, তিনিও সংশ্লিষ্ট কন্ট্রোলারদের খারাপ ব্রেকিং পারফরম্যান্সের বিষয়ে জানান। তিনি স্পষ্ট ভাষায় জানান যে, ব্রেক পাইপ প্রেশার কমিয়েও কোনোভাবেই ব্রেক কাজ করানো যাচ্ছে না। কিন্তু কাজের কাজ কিছুই হয়নি।

দিন দয়াল উপাধ্যায় স্টেশনে ধরা পড়ে আসল সত্য উত্তরপ্রদেশের চন্দৌলি জেলার দিন দয়াল উপাধ্যায় স্টেশনে ট্রেনটি পৌঁছানোর পরই আসল সত্য প্রকাশ্যে আসে এবং রেলকর্মীদের মধ্যে তোলপাড় শুরু হয়। সেখানে পরিদর্শনের সময় দেখা যায়, ট্রেনের সমস্ত কোচের ব্রেকিং সিস্টেম সম্পূর্ণ বিচ্ছিন্ন বা আইসোলেটেড করে রাখা হয়েছিল, যার কারণে ব্রেক ব্যবহার করা একপ্রকার অসম্ভব ছিল।

প্রাথমিক তদন্তে স্পষ্ট হয়ে গেছে যে, কোচ ও ওয়াগন রক্ষণাবেক্ষণের কর্মী, সংশ্লিষ্ট স্টেশনের সেকশন ও ট্র্যাকশন কন্ট্রোলার এবং হাটিয়া থেকে দিন দয়াল উপাধ্যায় স্টেশন পর্যন্ত ট্রেন চালানো ক্রুদের চরম উদাসীনতা ও গাফিলতি ছিল এর নেপথ্যে। রক্ষণাবেক্ষণ কর্মীরা ট্রেন ছাড়ার আগে ব্রেকগুলি সঠিকভাবে কাজ করছে কি না, তা যাচাই করতেই ব্যর্থ হন। পাশাপাশি, ব্রেক পাওয়ার খারাপ হওয়ার তথ্য পাওয়ার পরও রেলকর্মীরা কোনো পদক্ষেপ নেননি। এমনকি ট্রেন ক্রুরাও আধুনিক বন্দে ভারতের ব্রেকিং সিস্টেম সম্পর্কে ওয়াকিবহাল ছিলেন না এবং কোচে ব্রেক ঠিকমতো কাজ করছে কি না, তা তারা যাচাই করার প্রয়োজনও মনে করেননি।

ইঞ্জিনের ভরসায় ৪৬৩ কিমি পথ পার দক্ষিণ পূর্ব রেলওয়ের আদেশে স্পষ্ট বলা হয়েছে, বিভিন্ন স্তরের কর্মীদের একাধিক অমার্জনীয় ব্যর্থতার কারণেই ট্রেনটি কোনো কার্যকরী ব্রেক ছাড়াই চালানো হয়েছে। কোচের নিজস্ব ব্রেকিং সিস্টেম ব্যবহার না করেই ট্রেনটি কেবল ইঞ্জিনের নিজস্ব ব্রেক এবং রিজেনারেটিভ ব্রেকে ভর করে প্রায় ৪৬৩ কিলোমিটার পথ বিপজ্জনকভাবে অতিক্রম করে।

উল্লেখ্য, গত ১১ নভেম্বর অসমে কলকাতা-সাইরাং এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার ঘটনার মাত্র কয়েক দিন আগেই এই ঘটনা ঘটেছিল, যেখানে প্রায় একই ধরনের গাফিলতি সামনে আসে। বারবার সতর্কবার্তা সত্ত্বেও খারাপ ব্রেক নিয়ে একটি খালি বন্দে ভারত কীভাবে ৪৬৩ কিমি পথ পার হলো এবং এর নেপথ্যে কাদের আরও বড়ো হাত রয়েছে, তা এখন খুঁটিয়ে দেখছে উচ্চপর্যায়ের তদন্তকারী দল।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *