“আমায় ঘাঁটতে যেও না, কল লিস্ট বার করব!” মদন মিত্রকে লক্ষ্য করে এ কী বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ?

রাজ্যের শাসকদলের অন্দরে দুই পরিচিত মুখ মদন মিত্র ও কুণাল ঘোষের রাজনৈতিক ও ব্যক্তিগত সংঘাত এবার চরমে পৌঁছাল। সম্প্রতি একটি অনুষ্ঠানে কুণাল ঘোষের উপস্থিতি নিয়ে মদন মিত্রের করা মন্তব্যের রবিবার অত্যন্ত কড়া ভাষায় পাল্টা জবাব দিলেন কুণাল ঘোষ। রাখঢাক না রেখে মদন মিত্রকে উদ্দেশ্য করে তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, রাজনৈতিকভাবে আক্রমণ করলে রাজনৈতিক উত্তরই মিলবে, তবে ব্যক্তিগতভাবে আঘাত করা হলে এমন পাল্টা আক্রমণ করা হবে যাতে জনসমক্ষে মুখ দেখানোর উপায় থাকবে না।

ঠিক কী নিয়ে বিবাদ?

গত ১৩ নভেম্বর কলকাতার বিবাদী বাগে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত প্রিয়রঞ্জন দাশমুন্সির জন্মবার্ষিকী ও মূর্তি উন্মোচন অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কুণাল ঘোষ। সেই অনুষ্ঠানে একাধিক বিরোধী দলের শীর্ষ নেতাদের উপস্থিতি নিয়ে কুণালকে নিশানা করেছিলেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। আর রবিবার সেই আক্রমণেরই তীব্র জবাব দেন কুণাল ঘোষ।

মদন মিত্রকে নিয়ে বিস্ফোরক দাবি কুণালের

এদিন কুণাল ঘোষ সরাসরি মদন মিত্রকে আক্রমণ করে বলেন, “মদনদাকে অনেক দিন থেকে চিনি। সকালে আমাদের বিরুদ্ধে কোনও বক্তব্য রাখলে, রাতে আবার ফোন করেন। আপনি আপনার বাড়ির লোককে ইডি ডেকে পাঠিয়েছে বলেই নিজের অবস্থান বদল করেছেন।”

পাশাপাশি, প্রিয়রঞ্জন দাশমুন্সির স্মরণসভায় তাঁর উপস্থিতি প্রসঙ্গে কুণাল জানান, প্রিয়দার প্রতি বিশেষ দুর্বলতার জন্যই তিনি সেখানে কিছুটা বেশি সময় অবস্থান করেছিলেন। কংগ্রেস নেতারা তাঁকে সম্মান করেন এবং মদন মিত্রের মতো তাঁকে “বেইমান-বিশ্বাসঘাতক” বলে মনে করেন না বলেও মন্তব্য করেন তিনি।

‘ব্যক্তিগত আক্রমণ’ নিয়ে চরম হুঁশিয়ারি

মদন মিত্রকে আক্রমণ শানিয়ে কুণাল আরও বলেন, “মদনদা রাজনৈতিকভাবে যা পারো বলো, আমি রাজনৈতিক উত্তর দেব। কিন্তু ব্যক্তিগতভাবে আমায় হিট করলে আমি পাল্টা এমন হিট করব তুমি মুখ দেখাতে পারবে না। ‘বিলো দ্য বেল্ট’ কাকে বলে জানো না। দাদা বলি… বিকেলে খারাপ কথা বলে রাতেও যখন ফোন করো আমি সেই ফোন ধরি।”

নিজের ক্ষোভ উগরে দিয়ে কুণাল আরও বলেন, ব্যক্তিগত আক্রমণ করলে তিনি কোন পর্যায়ে যেতে পারেন, তা ভালো করেই বুঝিয়ে দিতে এক সেকেন্ডও সময় লাগবে না। সবমিলিয়ে, এই দুই নেতার প্রকাশ্য বাকযুদ্ধ এখন রাজ্য রাজনীতিতে নতুন করে শোরগোল ফেলে দিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *