নীরবে বদলে দিচ্ছেন মানুষের জীবন, রামোজি গোষ্ঠীর উদ্যোগে প্রসারিত হচ্ছে দেশের সেরা সম্মাননার পরিধি

সমাজের অন্ধকার কোণে আলো জ্বালানো এবং প্রচারের আড়ালে থেকে নীরবে মানুষের জীবন বদলে দেওয়া প্রকৃত গুণীদের সম্মানিত করতে ফের এক অনন্য উদ্যোগ নিতে চলেছে রামোজি গোষ্ঠী। প্রয়াত শিল্পোদ্যোগী ও সংবাদমাধ্যমের উজ্জ্বল ব্যক্তিত্ব রামোজি রাওয়ের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াডায় আয়োজিত হতে চলেছে দ্বিতীয় ‘রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠান। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেছে নেওয়া ৯ জন বিশিষ্ট কৃতীকে এবার এই মর্যাদাপূর্ণ সম্মান প্রদান করা হবে।
এদিনের এই বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। পাশাপাশি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্ধ্রপ্রদেশের রাজ্যপাল সৈয়দ আবদুল নাজির, মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু এবং উপমুখ্যমন্ত্রী পবন কল্যাণ। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রীসহ দেশের বিভিন্ন ক্ষেত্রের নামী ব্যক্তিত্বরাও এই মেগা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা গেছে।
সাংবাদিকতা থেকে চিকিৎসা, বাড়ল পুরস্কারের পরিধি সোমবার বিকেল ৫টা ৩০ মিনিটে বিজয়ওয়াডার ডক্টর বি আর আম্বেদকর কলাবেদিকায় বসবে এই বর্ণাঢ্য পুরস্কার বিতরণী অনুষ্ঠান। গত বছর প্রথম সংস্করণে ৭টি বিভাগে ৭ জনকে সম্মান জানানো হলেও, এ বার পুরস্কারের বিভাগ বাড়িয়ে করা হয়েছে ৯টি। সাংবাদিকতা, গ্রামোন্নয়ন, মানবসেবা, শিল্প ও সংস্কৃতি, যুব আইকন, বিজ্ঞান ও প্রযুক্তি এবং নারীশক্তির পাশাপাশি এ বছর নতুন করে যুক্ত হয়েছে ‘শিক্ষা’ এবং ‘চিকিৎসা ও স্বাস্থ্য’ বিভাগ।
দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক মনোনয়নের মধ্য থেকে অত্যন্ত কঠোর ও স্বচ্ছ যাচাইাই প্রক্রিয়ার মাধ্যমে এই ৯ জন কৃতীকে বেছে নেওয়া হয়েছে। প্রত্যেক পুরস্কারপ্রাপক পাবেন একটি সুদৃশ্য স্মারক, প্রশংসাপত্র এবং ১০ লক্ষ টাকা নগদ অর্থ। সমাজের জন্য তাঁদের অসামান্য অবদান, নিষ্ঠা এবং কাজের মাধ্যমে সাধারণ মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার স্বীকৃতি হিসেবেই এই সম্মান দেওয়া হচ্ছে।
স্বচ্ছ ও নিরপেক্ষ বাছাই প্রক্রিয়া পুরস্কারপ্রাপকদের নির্বাচন প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা ও নিরপেক্ষতার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে রামোজি গোষ্ঠী। প্রতিটি বিভাগের জন্য দেশের বিশিষ্ট বিশেষজ্ঞদের নিয়ে তৈরি আলাদা প্যানেল একাধিক মনোনয়ন পুঙ্খানুপুঙ্খভাবে খতিয়ে দেখে প্রথমে ৩ জনের নাম চূড়ান্ত করে। এরপর চূড়ান্ত কমিটি প্রতিটি বিভাগ থেকে সেরা একজনকে বেছে নেয়। নির্বাচিত ব্যক্তিদের পরিচয়, কাজের বিবরণ এবং তাঁদের প্রকৃত অবদান যাচাইয়ের গুরুদায়িত্ব দেওয়া হয়েছিল ইনাডু ও ইটিভি ভারতের শক্তিশালী নেটওয়ার্ককে। সম্পূর্ণ স্বাধীনভাবে তথ্য যাচাইয়ের পরেই তৈরি হয়েছে এই চূড়ান্ত তালিকা।
গত বছরের সাফল্য ও রামোজি রাওয়ের স্বপ্ন ২০২৫ সালে রামোজি ফিল্ম সিটিতে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম ‘রামোজি এক্সেলেন্স অ্যাওয়ার্ড’-এর সূচনা করেছিলেন দেশের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন। প্রথম সংস্করণে সাংবাদিকতায় জয়দীপ হার্ডিকর, গ্রামোন্নয়নে আমলা অশোক রুইয়া, যুব আইকন বিভাগে শ্রীকান্ত বোল্লা, শিল্প ও সংস্কৃতিতে অধ্যাপক সাথুপতি প্রসন্ন শ্রী, নারীশক্তিতে পল্লবী ঘোষ, মানবসেবায় আকাশ ট্যান্ডন এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক মাধবী লতা গালি এই সম্মান অর্জন করেছিলেন। প্রথম বছরের অভাবনীয় সাফল্যের পর এবার শিক্ষার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি যুক্ত হওয়ায় পুরস্কারের পরিধি আরও ব্যাপক হলো।
রামোজি রাওয়ের স্মৃতিতে চালু হওয়া এই উদ্যোগের মূল ভাবনা ব্যাখ্যা করতে গিয়ে গত বছর রামোজি গোষ্ঠীর চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর সি এইচ কিরণ বলেছিলেন, সমাজের প্রকৃত নায়কদের সামনে নিয়ে আসাই এই আয়োজনের মূল লক্ষ্য। সাহস, সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে যাঁরা কাজ করে চলেছেন, তাঁদের কুর্নিশ জানাতে চায় এই মঞ্চ।
রামোজি রাওয়ের দূরদর্শিতা ও কর্মনিষ্ঠার কথা স্মরণ করে তিনি আরও বলেছিলেন, রামোজি রাওয়ের অগাধ বিশ্বাস ছিল—সঠিক লক্ষ্য ও শৃঙ্খলার পথ ধরে চললে সাধারণ মানুষও অসাধারণ সাফল্য অর্জন করতে পারেন। ব্যবসার আসল সার্থকতা কেবল মুনাফায় নয়, বরং সমাজ ও দেশের সার্বিক উন্নয়নে তার অবদানের মধ্যেই নিহিত—এই আদর্শকেই পাথেয় করে এগিয়ে চলেছে দ্বিতীয় বছরের এই মহোৎসব।