পানিহাটিতে বিজেপির অন্তর্কোন্দলে মর্মান্তিক পরিণতি! স্ত্রীর প্রতিবাদের জেরে প্রাণ হারালেন নেত্রীর স্বামী

রাজনৈতিক সংঘর্ষে উত্তাল উত্তর ২৪ পরগনার পানিহাটি এলাকা। জানা গিয়েছে, পানিহাটি ১ মণ্ডলের বিজেপি যুব মোর্চার সভাপতির বিরুদ্ধে এক ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠেছিল। সেই ঘটনার তীব্র প্রতিবাদ করেছিলেন বিজেপির পানিহাটি-১ মণ্ডলের সম্পাদক রুমা সাহা। অভিযোগ, প্রতিবাদ করার পরই দলেরই একাংশ নেত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। স্ত্রীর অপমানের প্রতিবাদ করতে গিয়েই আক্রান্ত হন রুমার স্বামী তথা সক্রিয় বিজেপি কর্মী অরূপ সাহা।

অভিযোগ, একদল যুবক অরূপের ওপর চড়াও হয় এবং তাঁকে ধাক্কা মেরে ফেলে দেয়। এর জেরে তিনি গুরুতর জখম ও অসুস্থ হয়ে পড়েন। শনিবার রাতেই তাঁকে দ্রুত সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রবিবার সকালে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় অরূপ সাহার। এই মৃত্যুর খবর চাউর হতেই বিজেপির অপর পক্ষ ক্ষোভে ফেটে পড়ে। নিহত নেত্রীর স্বামী রুমা সাহার সরাসরি অভিযোগ, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে যোগ দেওয়া লোকেরাই এই পরিকল্পিত হামলার নেপথ্যে রয়েছে।

মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ দাবি স্থানীয় বিধায়কের

এই নৃশংস ঘটনাকে কেন্দ্র করে রবিবার নতুন করে তেতে ওঠে পানিহাটি। আইনশৃঙ্খলার অবনতি ও দলের অভ্যন্তরীণ সমন্বয়হীনতা নিয়ে প্রশ্ন তুলে সরাসরি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর হস্তক্ষেপ দাবি করেছেন পানিহাটির বিজেপি বিধায়ক রত্না দেবনাথ। একইসঙ্গে তিনি উত্তর কলকাতা শহরতলির জেলা সভাপতি চণ্ডীচরণ রায়ের বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ এনেছেন।

বিধায়কের অভিযোগ, “পানিহাটির বিভিন্ন ওয়ার্ডে জেলা সভাপতি চণ্ডীচরণ রায় নিজের পছন্দমতো আহ্বায়ক নিয়োগ করেছেন। তাঁদের মধ্যে অধিকাংশই তৃণমূল থেকে বিজেপিতে আসা।” রত্না দেবনাথের দাবি, ২৯টি ওয়ার্ডেই আলাদা করে লোক বসানো হলেও জেলা সভাপতির সঙ্গে তাঁদের কোনো সমন্বয় নেই। ভোটের ফল প্রকাশের পর যারা দলে এসেছে, তাদেরই এখন বাড়তি প্রাধান্য দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তিনি মুখ্যমন্ত্রীকে এই বিষয়ে কঠোর পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানিয়েছেন।

মৃতের স্ত্রীর চাঞ্চল্যকর অভিযোগ

মৃত অরূপ সাহার স্ত্রী রুমা সাহা পুরো ঘটনার বিবরণ দিয়ে জানান, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে আটটা নাগাদ কাঁকিনাড়ার দলীয় কার্যালয় থেকে বাড়ি ফেরার পথে তিনি দেখেন কয়েকজন যুবক এক দোকানের সামনে বচসা করছে। তিনি দ্রুত সেখানে গিয়ে গোলমাল মেটানোর চেষ্টা করেন এবং বিধায়ককে বিষয়টি জানানোর আশ্বাস দেন। কিন্তু বাড়ি ফেরার কিছুক্ষণ পরেই পরিস্থিতি ফের উত্তপ্ত হয়ে ওঠে এবং তাঁর কাছে ফোন আসে। এরপর তাঁর স্বামীও সেখানে যান।

রুমার অভিযোগ, “ওখানে রাজদীপ, রাজা তহশিলদার, সুরজিৎ বিশ্বাস ওরফে ননী-সহ প্রায় ৪০-৫০ জন যুবককে দেখতে পাই। পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলে পায়েল ও রাজা তহশিলদার আমার দিকে তেড়ে আসেন। আমার স্বামী তা দেখে প্রতিবাদ করলে রাজা তহশিলদার-সহ কয়েকজন তাঁর বুকে ধাক্কা মেরে সরিয়ে দেন।” তাঁকে এবং তাঁর স্বামীকে হুমকি দেওয়া হয়েছিল বলেও দাবি করেন তিনি।

রুমার আরও অভিযোগ, তিনি সঙ্গে সঙ্গে থানায় ফোন করলেও আইসি তাঁকে সরাসরি পুলিশ কমিশনারেটে ফোন করতে বলেন। পরবর্তীতে স্বামীকে নিয়ে কোনো রকমে বাড়ি ফিরলেও অরূপের শারীরিক অবস্থা দ্রুত অবনতি হতে শুরু করে এবং তিনি কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। শেষরক্ষা হয়নি, হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *