মধুচন্দ্রিমায় পাহাড়ি অতিথিশালায় রহস্যমৃত্যু! আন্তর্জাতিক পুরস্কার জয়ী থ্রিলার ‘মাশরুম’-এর ট্রেলারেই কাঁপছে নেটপাড়া

ছবির মূল গল্প আবর্তিত হয়েছে এক নির্জন পাহাড়ি অতিথিশালাকে কেন্দ্র করে। সেখানেই মধুচন্দ্রিমার সময় রহস্যজনকভাবে খুন হন মনোবিদ পলাশ। এই অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করেই ক্রমশ জটিল হতে থাকে ছবির কাহিনি। ঘটনার তদন্তের দায়িত্বে রয়েছেন অভিজ্ঞ পুলিশ আধিকারিক বিনোদ রঞ্জন মুখোপাধ্যায়। আপাতদৃষ্টিতে সাধারণ একটি খুনের ঘটনা মনে হলেও, তদন্ত যত এগোতে থাকে ততই সামনে আসতে থাকে একের পর এক গোপন তথ্য, নিষিদ্ধ সম্পর্ক এবং অপ্রত্যাশিত সব রহস্য। কে আসল অপরাধী, কে সাক্ষী আর কে-ই বা প্রকৃত শিকার—সেই রোমহর্ষক প্রশ্নের উত্তর খুঁজতেই এগোবে ছবির গল্প।

আন্তর্জাতিক আঙিনায় সমাদৃত

এই ছবির হাত ধরেই প্রথমবার পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্রে অভিনয় করছেন পরিচালক শমীক রায়চৌধুরী। ছবিতে পলাশের চরিত্রে অভিনয়ের পাশাপাশি চিত্রনাট্য ও পরিচালনার দায়িত্বও একাই সামলেছেন তিনি। এর আগে ‘লাইফ অফ পাই’, ‘নাইট অ্যাট দ্য মিউজিয়াম’ ও ‘দ্য মামি’-র মতো আন্তর্জাতিক প্রজেক্টে ভিএফএক্স শিল্পী হিসেবে কাজের সুদীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। সেই আন্তর্জাতিক মানের ভিজ্যুয়াল উপস্থাপনাকেই তিনি কাজে লাগিয়েছেন ‘মাশরুম’-এ।

ছবির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সনৎ চট্টোপাধ্যায় (বিনোদ রঞ্জন মুখোপাধ্যায়), শ্রেয়া ভট্টাচার্য (নববধূ প্রত্যূষা), পুনম গুরুং (অতিথিশালার রহস্যময় মালকিন যামিনী বর্মণ) এবং তথাগত মুখোপাধ্যায় (ইন্সপেক্টর অমলজ্যোতি অধিকারী)।

মুক্তির আগেই নিউ ইয়র্ক ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল, মিলান গোল্ড অ্যাওয়ার্ডস, বার্লিন ইন্ডি ফিল্ম ফেস্টিভ্যাল এবং সুইডিশ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-সহ একাধিক আন্তর্জাতিক মঞ্চে প্রদর্শিত ও পুরস্কৃত হয়েছে ছবিটি। সেরা ছবি, সেরা ফিচার ফিল্ম, সেরা থ্রিলার থেকে শুরু করে সেরা অভিনেতা ও অভিনেত্রীর সম্মানও ঝুলিতে পুরেছে এই প্রজেক্ট।

ওটিটি চুক্তি ও মুক্তির দিন

পরিচালক শমীক রায়চৌধুরী জানিয়েছেন, গতানুগতিক খুনের রহস্যের বাইরে গিয়ে দর্শককে এক দমবন্ধ করা পরিবেশে নিয়ে যাবে ‘মাশরুম’। বাংলা, নেপালি ও হিন্দি—এই তিনটি ভাষায় ৮৪ মিনিটের ছবিটি তৈরি হয়েছে, যাতে থাকছে ইংরেজি সাবটাইটেলও। প্রেক্ষাগৃহে মুক্তির আগেই ছবিটির ওটিটি স্বত্ব বিক্রি হয়ে গেছে। ফলে বড়পর্দার পাশাপাশি খুব শীঘ্রই ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে ছবিটি। আগামী ৪ ডিসেম্বর বক্স অফিসে ছবিটি কতটা ঝড় তোলে, এখন সেটাই দেখার।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *