ছেলের টিভি দেখার নেশা কাটাতে তাক লাগালেন বাবা! এআই-এর ফাঁদে ফেলে যা করলেন, জানলে অবাক হবেন

সন্তানের মাত্রাতিরিক্ত টিভি দেখার অভ্যাস দূর করতে এক অদ্ভুত উপায় বার করলেন চিনের শেনঝেনের এক বাবা। পেশায় ট্যাক্সিচালক ওই ব্যক্তি ছেলেকে পুরোপুরি টিভি দেখা থেকে বারণ না করে নিয়ে এলেন একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত সিস্টেম। এর জেরে পছন্দের প্রোগ্রাম দেখার মাঝেও ছেলেকে এখন সমাধান করতে হচ্ছে স্কুলের পড়াশোনার বিভিন্ন প্রশ্ন।
কেন নিলেন এই পথ?
দীর্ঘদিন ধরেই ছেলের পড়াশোনায় মনোযোগ ফেরানোর চেষ্টা করছিলেন ওই বাবা। কিন্তু ছেলে প্রচুর সময় ধরে টিভি দেখত। স্ক্রিন টাইম কমানোর জন্য তিনি অনেক উপায়ই চেষ্টা করেছিলেন। কিন্তু টিভির ইনবিল্ট প্রশ্নোত্তর ফিচার বা নির্দিষ্ট সময়ে টিভি বন্ধ করার স্মার্ট প্লাগ কোনো কাজেই আসেনি, কারণ ছেলে খুব সহজেই সেগুলো বাইপাস বা আনপ্লাগ করে দিত।
কীভাবে কাজ করে এই এআই সিস্টেম?
বারবার ব্যর্থ হওয়ার পর গত অক্টোবর মাসে বাবা একটি এআই অ্যাপ্লিকেশনের সাহায্য নেন। প্রযুক্তিটির সাহায্যে এমন একটি প্রোগ্রাম তৈরি করা হয় যা টিভিতে ইনস্টল করা হয়।
এখন এই সিস্টেমটি স্বয়ংক্রিয়ভাবে প্রতি ১০ মিনিট অন্তর চিনা ভাষা, অঙ্ক এবং ইংরেজির তিনটি প্রশ্ন সামনে এনে টিভি সাময়িক বন্ধ করে দেয়। স্কুলে ছেলে যে বিষয়গুলো পড়ছে, তার উপর ভিত্তি করেই এই প্রশ্নগুলো তৈরি করা হয়। নিয়ম হলো, ছেলে ভুল উত্তর দিলে তাকে আরও একটি প্রশ্নের উত্তর দিতে হবে। একমাত্র সঠিক উত্তর দেওয়ার পরেই তার টিভি প্রোগ্রাম আবার শুরু হয়।
মজার বিষয় হলো, এই বাধায় ছেলেটি বিন্দুমাত্র বিরক্ত হয়নি। বরং সে ধীরে ধীরে ক্যুইজগুলো উপভোগ করতে শুরু করেছে। এর ফলে স্ক্রিন টাইম নিয়ে পারিবারিক অশান্তি একরকম ইন্টারেক্টিভ লার্নিং অ্যাক্টিভিটিতে রূপ নিয়েছে।
চিনা বাবার এই পরীক্ষা নজর কেড়েছে সবার
চিনের এই বাবার এই সৃজনশীল পরীক্ষাটি ইতিমধ্যেই অন্যান্য বাবা-মায়ের নজর কেড়েছে। কীভাবে তাঁরা নিজেদের বাড়িতেও এই ধরনের সিস্টেম চালু করতে পারেন, তা জানতে অনেকেই ওই বাবার কাছে খোঁজখবর নিচ্ছেন। বাবা জানিয়েছেন, বিভিন্ন মডেলের টিভিতে আলাদা আলাদা সেফটি এবং প্রাইভেসি সেটিংস থাকায় একটি সহজ টিউটোরিয়াল তৈরি করতে তাঁর আরও কিছুদিন সময় লাগবে।
তিনি আরও স্পষ্ট করেছেন যে তাঁর উদ্দেশ্য কখনোই ছেলেকে পুরোপুরি টিভি দেখা থেকে দূরে রাখা ছিল না। বরং তিনি স্ক্রিন টাইমকে আরও প্রোডাক্টিভ করতে চেয়েছিলেন এবং পড়াশোনার প্রতি ছেলের আগ্রহ বাড়াতে চেয়েছিলেন। সাউথ চায়না মর্নিং পোস্টের একটি রিপোর্ট অনুযায়ী, বাবা এই পুরো ব্যবস্থাটিকে তাঁদের দুজনের জন্যই একটি দারুণ শিক্ষণীয় প্রক্রিয়া বলে মনে করছেন। চিনে যখন এআই-চালিত শিক্ষার জনপ্রিয়তা বাড়ছে, ঠিক সেই সময়ে এই ধরনের উদ্যোগ অভিভাবকদের নতুন দিশা দেখাচ্ছে।