সম্পর্কে ভাঙনের চরম প্রতিশোধ! প্রেমিকাকে ভিডিও কল করে ২ পোষ্য সারমেয়কে নৃশংসভাবে খুন করল যুবক!

সম্পর্কে ফাটল ধরায় বাড়ি ছেড়ে চলে গিয়েছিলেন লিভ-ইন সঙ্গী। আর সেই রাগে প্রেমিকার ওপর প্রতিশোধ নিতে অবলা প্রাণীদের ওপর চরম নৃশংসতা চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। প্রেমিকার দুটি পোষ্য সারমেয়কে নির্মমভাবে খুন করার এই শিউরে ওঠা ঘটনাটি ঘটেছে দক্ষিণ কলকাতার যাদবপুরের বিক্রমগড় এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে যাদবপুর থানার পুলিশ।
ঠিক কী ঘটেছিল বিক্রমগড়ের ফ্ল্যাটে? স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিক্রমগড়ের একটি ভাড়া ফ্ল্যাটে পরী নভা নামে এক তরুণীর সঙ্গে লিভ-ইন সম্পর্কে থাকতেন সঞ্জীব ভট্টাচার্য। তাঁদের সেই ফ্ল্যাটে বেশ কয়েকটি পোষ্য সারমেয়ও ছিল। সম্প্রতি দুজনের সম্পর্কে তিক্ততা শুরু হয়। এর জেরে গত শুক্রবার পাকাপাকিভাবে বিক্রমগড়ের ওই ফ্ল্যাট ছেড়ে চলে যান পরী। তবে নিজের পোষ্য কুকুরগুলিকে সেখানেই রেখে গিয়েছিলেন তিনি।
অভিযোগ, শনিবার আচমকাই পরীকে ভিডিও কল করেন সঞ্জীব। ফোন ধরতেই ফোনের স্ক্রিনে ভয়ঙ্কর দৃশ্য দেখে রীতিমতো আঁতকে ওঠেন তরুণী। তিনি দেখতে পান, তাঁর একটি পোষ্য কুকুরকে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আতঙ্কিত হয়ে পড়ে পরী সঙ্গে সঙ্গে স্থানীয় এক পরিচিত যুবককে ফোন করে দ্রুত ফ্ল্যাটে যাওয়ার অনুরোধ করেন।
ফ্ল্যাটে রক্তের বন্যা, আসরে পশুপ্রেমীরা: ওই যুবক ফ্ল্যাটে পৌঁছে দেখেন, একটি নয়, পরীর দুটি পোষ্য সারমেয়ই ততক্ষণে নিথর হয়ে পড়ে রয়েছে। সারা ফ্ল্যাটে কার্যত রক্তের বন্যা বইছে। মুহূর্তের মধ্যে এই নৃশংস ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়ে।
ঘটনার কথা জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান অভিনেত্রী তথা পরিচিত পশুপ্রেমী দেবলীনা দত্ত। অভিযুক্তের কঠোর শাস্তির দাবিতে তিনি মন্ত্রী অগ্নিমিত্রা পালের সঙ্গেও যোগাযোগ করেন এবং দ্রুত আইনি পদক্ষেপ নেওয়ার আর্জি জানান। খবর পেয়ে যাদবপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সঞ্জীব ভট্টাচার্যকে আটক করে। পুলিশের প্রাথমিক অনুমান, অভিযুক্ত যুবক মানসিকভাবে ভারসাম্যহীন হতে পারেন। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।