নিত্যযাত্রীদের জন্য বড় দুঃসংবাদ! আজ বাতিল ৩৮টি ট্রেন, টানা সাড়ে ৯ ঘণ্টা বন্ধ মেট্রো পরিষেবা

রবিবারের ছুটির দিনে যাঁরা ট্রেন বা মেট্রোয় চেপে গন্তব্যে যাওয়ার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য জরুরি খবর। রেললাইনের জরুরি রক্ষণাবেক্ষণের কাজের জন্য আজ হাওড়া ডিভিশনে একসঙ্গে ৩৮টি লোকাল ট্রেন বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। শুধু লোকাল ট্রেনই নয়, আজ দিনভর আংশিক ভাবে বন্ধ থাকছে কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবাও। ফলে সপ্তাহান্তে শহরতলি এবং শহরের যাত্রীদের যাতায়াতে বেশ কিছুটা ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।
পূর্ব রেলের জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, ট্রেন বাতিলের পাশাপাশি দুটি ট্রেনকে যাত্রাপথে ২৫ মিনিট করে নিয়ন্ত্রণ করা হবে। বাড়ি থেকে বেরোনোর আগে একনজরে দেখে নিন আজ কোন কোন ট্রেন বাতিল থাকছে।
হাওড়া থেকে বাতিল ট্রেন: আজ হাওড়া স্টেশন থেকে ছাড়া ৩৭৮৩১, ৩৭২৫১, ৩৭৬৫১, ৩৭৬৫৫, ৩৭৬১১, ৩৭২৩৫, ৩৭২৪১, ৩৭২৪৩, ৩৭২৫৩, ৩৭২৫৫, ৩৭৮৩৫, ৩৭৮৩৯, ৩৭৮২৯, ৩৭৩৬১, ৩৭৩৭৭ এবং ৩৭৯১৭ নম্বর লোকাল ট্রেনগুলি চলবে না।
ব্যান্ডেল ও অন্যান্য স্টেশন থেকে বাতিল ট্রেন:
-
ব্যান্ডেল থেকে ছাড়া ৩৭২৪৬, ৩৭২৩৬, ৩৭২৪০, ৩৭২৪২, ৩৭২৪৮, ৩৭২৫০ এবং ৩৭৭৪৯ নম্বর ট্রেন বাতিল থাকবে।
-
বর্ধমান থেকে ছাড়া ৩৭৮৩৪, ৩৭৮৩৬, ৩৭৮৩৮ এবং ৩৭৮৩২ নম্বর ট্রেন চলবে না।
-
কাটোয়া থেকে ছাড়া ৬৩০০৭, ৩৭৭৪৮, ৩৭৯২০ এবং ৫৩০০৯ নম্বর ট্রেন বাতিল করা হয়েছে।
-
মেমারি থেকে ছাড়া ৩৭৬৫২ এবং ৩৭৬৫৬ নম্বর ট্রেন চলবে না।
-
এছাড়াও আরামবাগ থেকে ছাড়া ৩৭৩৬২, গোঘাট থেকে ছাড়া ৩৭৩৭৬, পাণ্ডুয়া থেকে ছাড়া ৩৭৬১৪, আজিমগঞ্জ থেকে ছাড়া ৫৩০১২ এবং রামপুরহাট থেকে ছাড়া ৬৩০০৮ নম্বর ট্রেনটি আজ বাতিল থাকবে।
রেল কর্তৃপক্ষ জানিয়েছে, ৩৭৩৬৩ এবং ৫৩০৫৩ নম্বর ট্রেন দুটিকে আজ যাত্রাপথে প্রায় ২৫ মিনিট নিয়ন্ত্রণ করা হবে। যাত্রীদের অযথা হয়রানি এড়াতে স্টেশনে যাওয়ার আগে রেলের অ্যাপ বা অনুসন্ধান কেন্দ্র থেকে ট্রেনের সময়সূচি দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
কলকাতা মেট্রোর আপডেট: লোকাল ট্রেনের পাশাপাশি আজ কলকাতা মেট্রোর ব্লু লাইনেও পরিষেবা আংশিক ভাবে বন্ধ রাখা হয়েছে। কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিট পর্যন্ত শহিদ ক্ষুদিরাম স্টেশন থেকে মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) স্টেশন পর্যন্ত মেট্রো চলাচল বন্ধ থাকছে।
তবে যাত্রীদের সুবিধার্থে মহানায়ক উত্তম কুমার থেকে দক্ষিণেশ্বর স্টেশন পর্যন্ত মেট্রো পরিষেবা একেবারে স্বাভাবিক থাকবে। অন্যান্য রবিবারের মতোই আজও সকাল ৯টা থেকে এই অংশে পরিষেবা শুরু হয়েছে। সন্ধ্যা সাড়ে ৬টার পর থেকে পুরো রুটেই ফের স্বাভাবিক ছন্দে ফিরবে মেট্রো।