মিড ডে মিলে মোমো, চিকেন পকোড়া আর আইসক্রিম! স্কুল খুলতেই এলাহি আয়োজন

স্কুলের মিড ডে মিল বলতে সাধারণত ভাত, ডাল বা সয়াবিনের তরকারির কথাই মাথায় আসে। কিন্তু সেই চেনা ছবি বদলে দিয়ে নজির গড়ল পূর্ব বর্ধমানের একটি স্কুল। পুজোর ছুটির পর স্কুল খুলতেই মিড ডে মিলের পাত দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ পড়ুয়াদের! মোমো, চিকেন পকোড়া, চিলি চিকেন, পোলাও থেকে শুরু করে শেষ পাতে রসগোল্লা ও আইসক্রিম—কী ছিল না সেই মেনুতে!

ঘটনাটি বর্ধমান শহরের বিসি রোডের বর্ধমান সিএমএস হাইস্কুলের। পুজোর দীর্ঘ ছুটির পর স্কুল খুলতেই পড়ুয়াদের জন্য কার্যত বিজয়ার প্রীতিভোজের আয়োজন করে স্কুল কর্তৃপক্ষ। আর এই গোটা ভাবনার নেপথ্যে রয়েছেন স্কুলের সহকারি প্রধান শিক্ষক গদাধর হাজরা।

জানা গিয়েছে, পড়ুয়ারা সহকারি প্রধান শিক্ষকের কাছে আবদার করেছিল যে তারা মোমো খাবে। ছাত্রছাত্রীদের সেই আবদার ফেলতে পারেননি তিনি। তাই মোমোর পাশাপাশি চিকেন পকোড়া, পোলাও, চিলি চিকেন, চাটনি, পাপড়, মিষ্টি এবং আইসক্রিমের মতো এলাহি মেনুর ব্যবস্থা করেন তিনি। স্কুলের অন্যান্য সহকারি শিক্ষকরাও তাঁর এই উদ্যোগে পূর্ণ সহযোগিতার হাত বাড়িয়ে দেন।

তবে এই রাজকীয় ভোজ কিন্তু একেবারে নিঃশর্ত ছিল না। খাবারের বিনিময়ে পড়ুয়াদের কাছে একটিই শর্ত রেখেছেন গদাধরবাবু—পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে।

এ প্রসঙ্গে সহকারি প্রধান শিক্ষক গদাধর হাজরা জানান, পড়ুয়ারা তাঁকে কথা দিয়েছে যে এবারের রেজাল্ট দেখেই তিনি খুশি হবেন। অন্যদিকে, উচ্ছ্বসিত পড়ুয়ারাও জানিয়েছে, স্যার তাদের আবদার রেখেছেন, তাই তারাও ভালো রেজাল্ট করে স্যারকে কথা রাখবে। ভালো ফলাফল করলে আগামী দিনেও এমন সুস্বাদু মেনু মিলবে বলে আশ্বাস দিয়েছেন শিক্ষক।

এদিন স্কুলের এই বিশেষ মিড ডে মিলের আয়োজন সরেজমিনে দেখতে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শকও। পড়ুয়াদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং তাদের মুখের হাসি ফোটাতে স্কুল কর্তৃপক্ষের এই অভিনব উদ্যোগের ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *