দ্রুত ক্যাব পাওয়ার জন্য কি অতিরিক্ত টাকা দিচ্ছেন? ওলার ওপর ১০ লক্ষ টাকা জরিমানার পর সামনে এল বড় তথ্য!

ক্যাব বুকিং করার সময় অনেকেই খেয়াল করেছেন যে ড্রাইভার তাড়াতাড়ি রাইড স্বীকার করার জন্য অ্যাপে অতিরিক্ত কিছু টাকা দেওয়ার প্রস্তাব বা অপশন আসে। অ্যাপে এটিকে অনেক সময় ‘টিপ’ বা ‘অ্যাড-অন’ হিসেবে দেখানো হয়। এমনকি এমন মেসেজও ভেসে ওঠে যে অতিরিক্ত টাকা দিলে তাড়াতাড়ি ক্যাব পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, অতিরিক্ত টাকা না দিলে কি আজকাল আর সহজে ক্যাব পাওয়া যায় না? কোম্পানিগুলো কি তবে জেনেশুনেই গ্রাহকদের বেশি টাকা খরচ করতে বাধ্য করছে? এই পুরো বিষয়টি নিয়ে এবার অত্যন্ত কড়া অবস্থান নিয়েছে কেন্দ্রীয় সরকার।
কেন্দ্রীয় উপভোক্তা সুরক্ষা কর্তৃপক্ষ বা সিসিপিএ (CCPA) ওলার মূল কোম্পানি এএনআই টেকনোলজিস (ANI Technologies)-এর ওপর ১০ লক্ষ টাকার জরিমানা ধার্য করেছে। শুধু তাই নয়, বুকিংয়ের আগে টিপ বা অ্যাড-অন চার্জ চেয়ে গ্রাহকদের বিভ্রান্ত করার সমস্ত প্রম্পট এবং ফিচার অবিলম্বে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে চলতি বছরের সেপ্টেম্বর মাসে ঠিক একই অভিযোগে ‘র্যাপিডো’ কোম্পানির বিরুদ্ধেও ১০ লক্ষ টাকার জরিমানা করা হয়েছিল। পাশাপাশি উবার এবং নাম্মা যাত্রীর বিরুদ্ধেও তদন্ত চলছে।
ক্যাব বুকিংয়ে টিপের পুরো বিষয়টি কী?
ওলা কিংবা র্যাপিডোর মতো রাইড-এগ্রিগেটর অ্যাপে ক্যাব বুক করার পর অনেক সময়ই ড্রাইভারের রেসপন্স পাওয়ার জন্য অপেক্ষা করতে হয়। ঠিক সেই মুহূর্তেই স্ক্রিনে অতিরিক্ত টাকা যোগ করার অপশন চলে আসত। সেখানে উল্লেখ থাকত যে অতিরিক্ত টাকা দিলে ড্রাইভার দ্রুত বুকিং অ্যাকসেপ্ট করতে পারেন।
উদাহরণস্বরূপ, ওলা অ্যাপে ‘Adding a tip might help increase the chances of getting a ride faster’ বা ‘Tip now to boost the chances of getting a ride sooner’-এর মতো বার্তা দেখানো হতো। এর ফলে সাধারণ গ্রাহকের মনে এই ধারণাই তৈরি হতো যে স্বাভাবিক ভাড়ার বাইরে কিছু এক্সট্রা পেমেন্ট করলেই বোধহয় গাড়ি দ্রুত পাওয়া সম্ভব।
সিসিপিএ-র তদন্তে উঠে এসেছে যে, ২০২৫ সালের মে মাস নাগাদ ওলা অ্যাপে ১০ থেকে ৪০ টাকা পর্যন্ত অতিরিক্ত টাকা দেওয়ার অপশন দেওয়া হতো। পরবর্তীতে সেই অঙ্ক বেড়ে ১৪0 টাকা পর্যন্ত পৌঁছায়। এমনকি গ্রাহকদের ৪৯৯ টাকা পর্যন্ত অ্যাড-অন পেমেন্ট করার সুযোগও দেখানো হতো।
অতিরিক্ত টাকা দিলেই কি দ্রুত ক্যাব মিলত?
এই পুরো ঘটনার সত্যতা যাচাই করতে সিসিপিএ ওলার নিজস্ব বুকিং ডাটা খতিয়ে দেখে। চলতি বছরের জুন মাসের প্রথম ১৫ দিনে দিল্লি, বেঙ্গালুরু এবং মুম্বইয়ের বুকিং ডেটা বিশ্লেষণ করে চাঞ্চল্যকর তথ্য সামনে আসে। সেখানে দেখা যায়, যে সমস্ত গ্রাহক অতিরিক্ত টাকা বা অ্যাড-অন দেওয়ার অপশন বেছে নিয়েছিলেন, তাদের রাইড অ্যাকসেপ্ট হওয়ার হার সেই সমস্ত গ্রাহকদের তুলনায় কম ছিল, যারা কোনো ধরনের অতিরিক্ত টাকা দেননি!
-
দিল্লি: অতিরিক্ত টাকা দেওয়া গ্রাহকদের রাইড অ্যাকসেপ্ট হওয়ার হার ছিল মাত্র ৩৮ শতাংশ, অথচ সাধারণ বুকিংয়ের ক্ষেত্রে এই হার ছিল ৬২ শতাংশ।
-
বেঙ্গালুরু: অতিরিক্ত টাকা দেওয়াদের ক্ষেত্রে তা ছিল ৪০ শতাংশ এবং সাধারণ ক্ষেত্রে ৬৮ শতাংশ।
-
মুম্বই: অতিরিক্ত টাকা দেওয়াদের হার ছিল ৩৯ শতাংশ এবং সাধারণ যাত্রীদের ক্ষেত্রে তা ছিল ৬৮ শতাংশ।
এই পরিসংখ্যান থেকেই স্পষ্ট যে, অতিরিক্ত টাকা দিলেও জলদি ক্যাব পাওয়ার কোনো গ্যারান্টি ছিল না। বরং কোম্পানির নিজস্ব ডেটা বলছে উলটো কথাই।
গ্রাহকদের ওপর কি মানসিক চাপ তৈরি করা হচ্ছিল?
সিসিপিএ এই পুরো সিস্টেমটিকে ‘ডার্ক প্যাটার্ন’ (Dark Pattern) এবং অনৈতিক ব্যবসায়িক অনুশীলন হিসেবে চিহ্নিত করেছে। ডার্ক প্যাটার্ন বলতে অ্যাপ বা ওয়েবসাইটের এমন ডিজাইন বা অপশনকে বোঝায়, যার মাধ্যমে গ্রাহকদের কোনো নির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়ার জন্য মানসিকভাবে প্রভাবিত করা হয়। অনেক সময় গ্রাহকদের এমন অনুভূতি করানো হয় যে অতিরিক্ত টাকা না দিলে তাদের বড় ধরনের সমস্যা বা দেরি হতে পারে।
বিশেষ করে হাসপাতাল, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল কিংবা বিমানবন্দরের মতো ব্যস্ত জায়গা থেকে যাঁরা ক্যাব বুক করেন, তাঁরা এই ধরনের প্রম্পটের শিকার হন সবচেয়ে বেশি। রোগী, বয়স্ক ব্যক্তি, সঙ্গে ভারী ল্যাগেজ থাকা যাত্রী বা রাতে একা যাতায়াতকারী মানুষেরা এর ফলে চরম বিপাকে পড়েন। মোটর ভেহিকেল এগ্রিগেটর গাইডলাইন্স অনুযায়ী, রাইড সম্পূর্ণ হওয়ার পরেই কেবল চালককে টিপ দেওয়ার অপশন দেওয়া যেতে পারে, যাত্রা শুরুর আগে বা বুকিংয়ের সময় নয়।
কোনো গ্রাহক যদি ক্যাব বুকিংয়ের সময় এই ধরনের জোর বা বিভ্রান্তির মুখে পড়েন, তবে তিনি ন্যাশনাল কনজুমার হেল্পলাইনের ১৯১৫ নম্বরে অভিযোগ জানাতে পারেন।