আবাস যোজনার ঘরেই মিলবে আরও টাকা! বাগান তৈরি বা শৌচাগারের জন্য দারুণ ঘোষণা প্রশাসনের

পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের জন্য একগুচ্ছ দারুণ সুখবর নিয়ে এল প্রশাসন। কেবল মাথার ওপর পাকা ছাদ তৈরিই নয়, এবার বাড়ি ও তার আশপাশের পরিবেশ সুন্দর করে তুলতে এবং জীবনযাত্রার মান উন্নত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে মালদহ জেলা প্রশাসন। ঘর তৈরির পাশাপাশি বাগান তৈরি, শৌচাগার নির্মাণ থেকে শুরু করে সোলার প্যানেল বসানোর ক্ষেত্রে মিলবে বড় অঙ্কের আর্থিক সাহায্য।
গাছ লাগান, বাগানের কাজ করুন—মিলবে ২৭ হাজার টাকা
মালদহ জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, আবাস যোজনার উপভোক্তারা বাড়ি তৈরির কাজ সম্পন্ন করার পর নিজেদের বাড়ির ভিতে মাটি দেওয়া, উঠोনে ফুল ও সবজির বাগান তৈরি কিংবা বাড়ির চারপাশে গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব কাজ করতে পারবেন। এর জন্য বিশেষ প্রকল্পের আওতায় ৯০ দিনের কাজের সুযোগ তৈরি করা হবে। এই কাজের পারিশ্রমিক হিসেবে উপভোক্তারা পেতে পারেন মোট ২৭ হাজার টাকা। অর্থাৎ, নিজের বাড়ি তৈরির পাশাপাশি বাড়ির চারপাশ সবুজ ও সুন্দর করে তোলার জন্য বাড়তি উপার্জনের সুযোগ থাকছে।
পকেট থেকে খরচ নয়, শৌচাগার তৈরিতে বিশেষ ঋণ
আবাস যোজনার নিয়ম অনুযায়ী উপভোক্তার বাড়িতে শৌচাগার না থাকলে তা তৈরির জন্য ১২ হাজার টাকা দেওয়ার সরকারি সংস্থান রয়েছে। এতদিন অনেক ক্ষেত্রে উপভোক্তাদের প্রথমে নিজেদের পকেট থেকে টাকা খরচ করে শৌচাগার তৈরি করতে হতো এবং পরে ছবি পোর্টালে আপলোড করার পর স্বচ্ছ ভারত মিশন থেকে টাকা পাওয়া যেত। সাধারণ মানুষের আর্থিক চাপ কমাতে মালদহ জেলা প্রশাসন এবার এক বিকল্প ব্যবস্থার কথা জানিয়েছে। এখন থেকে স্বনির্ভর গোষ্ঠীর (SHG) মাধ্যমে সহজ ঋণের ব্যবস্থা করা হবে, যাতে উপভোক্তাদের প্রথমে নিজেদের পকেট থেকে টাকা খরচ করে বিপাকে পড়তে না হয়।
সোলার প্যানেলে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি
নতুন বাড়িতে ওঠার পর বিদ্যুতের মাসিক খরচ কমাতে চাইলে উপভোক্তারা ‘প্রধানমন্ত্রী সূর্যঘর মুফত বিজলি যোজনা’-র জন্য আবেদন করতে পারেন। এই প্রকল্পের অধীনে বাড়ির ছাদে সোলার প্যানেল বসানোর জন্য ৬০ হাজার টাকা থেকে শুরু করে ১ লক্ষ টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়ার সুযোগ রয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন। তবে এই ভর্তুকির চূড়ান্ত পরিমাণ নির্ভর করবে সংশ্লিষ্ট প্রকল্পের নির্দিষ্ট নিয়ম ও অনুমোদনের ওপর।
মালদহে দ্বিতীয় কিস্তির টাকা বিতরণ অনুষ্ঠান
গত শুক্রবার মালদহ শহরের টাউন হলে পশ্চিমবঙ্গ আবাস যোজনার দ্বিতীয় কিস্তির টাকা প্রদান উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত ছিলেন জেলাশাসক রাজনবীর সিং কাপুর, জেলা পরিষদের সভাধিপতি দীপালি বালা, স্থানীয় বিধায়ক এবং জেলা প্রশাসনের অন্যান্য শীর্ষ আধিকারিকরা। ওই দিন জেলার ২২ হাজার ৪৪৬ জন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি ৬০ হাজার টাকা করে জমা পড়েছে। অনুষ্ঠান মঞ্চ থেকেও প্রতীকীভাবে কয়েকজন উপভোক্তার হাতে চেক তুলে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, এর আগে মালদহে বহু উপভোক্তা প্রথম কিস্তির টাকা পেয়েছিলেন। রাজ্যে সরকার পরিবর্তনের পর বিভিন্ন ধাপে দ্বিতীয় কিস্তির টাকা দেওয়া শুরু হয়। শুক্রবারের নতুন পরিসংখ্যান মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৬২ হাজার ৩৬১ জন উপভোক্তা দ্বিতীয় কিস্তির টাকা হাতে পেলেন। নতুন সরকার আসার পর থেকে মালদহে আবাস যোজনার উপভোক্তাদের মোট ৩৭৪ কোটি ১৬ লক্ষ ৬০ হাজার টাকা প্রদান করা হয়েছে। তবে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম কিস্তির টাকা পেয়েও যাঁরা এখনও নির্দিষ্ট মাপকাঠি অনুযায়ী লিন্টেল পর্যন্ত কাজ শেষ করেননি (এমন সংখ্যা প্রায় ৪ হাজার ৭৫২), তাঁরা যাতে দ্রুত বাড়ি তৈরির কাজ সম্পূর্ণ করেন, সে বিষয়েও প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হচ্ছে।