“মেটাকে বড় ধাক্কা দিতে আসছে গুগলের জেমিনি স্মার্ট চশমা! প্রাইভেসি ও ফিচার্স জানলে চোখ কপালে উঠবে”

প্রযুক্তি দুনিয়ায় ফের বড় চমক দিল গুগল। স্যামসাং, ওয়ারবি পার্কার এবং জেন্টল মনস্টারের মতো জনপ্রিয় ব্র্যান্ডগুলির সঙ্গে হাত মিলিয়ে বাজারে এল গুগলের নতুন ইন্টেলিজেন্ট আইওয়্যার বা স্মার্ট গ্লাস লাইনআপ। জেমিনি এআই চালিত এই চশমা শুধু পিক্সেল বা স্যামসাং ফোনই নয়, আইফোনের সঙ্গেও দারুণভাবে কাজ করবে। হাত ব্যবহার না করেই রিয়েল-টাইম বা তাৎক্ষণিক সাহায্য পাওয়ার সুবিধা দিতেই মূলত এই গ্যাজেট তৈরি করা হয়েছে।

জেমিনির ছোঁয়া ও আকর্ষণীয় ফিচার্স

চশমার ফ্রেমে হালকা ট্যাপ করে অথবা শুধু ‘হে জেমিনি’ বললেই চালু হয়ে যাবে এআই অ্যাসিস্ট্যান্ট। এরপর ব্যবহারকারী চশমার সামনে থাকা যেকোনো বিষয় নিয়ে সরাসরি প্রশ্ন করতে পারবেন। পাশাপাশি মুদিখানার জিনিস কেনার তালিকা তৈরি করা, গুগল ম্যাপস থেকে দিকনির্দেশ জানা, গান শোনা, ফোনের নোটিফিকেশন চেক করা কিংবা গুগল ট্রান্সলেটের সাহায্যে রিয়েল-টাইমে ভাষা অনুবাদ করার মতো দুর্দান্ত সব কাজ করা যাবে।

দৃষ্টিহীনদের জন্য বিশেষ ‘গাইডেড ভিশন’

নতুন এই স্মার্ট গ্লাসের সবচেয়ে বড় আকর্ষণ এর গাইডেড ভিশন ফিচার। যেসব মানুষের দৃষ্টিশক্তি খুব কম বা যারা সম্পূর্ণ দৃষ্টিহীন, এই প্রযুক্তি কথোপকথনের মাধ্যমে তাদের চারপাশের পরিবেশের অডিও বিবরণ দিতে পারবে। ছোট অক্ষরের লেখা পড়ে শোনানো কিংবা দৈনন্দিন কাজের প্রয়োজনীয় জিনিস খুঁজে পেতেও এটি দারুণ কার্যকরী। এছাড়া সরাসরি আইরা এক্সপ্লোরার চালু করে লাইভ ফিড কোনো প্রশিক্ষিত মানব ভিজ্যুয়াল ইন্টারপ্রেটারের কাছে পাঠিয়ে তাৎক্ষণিক সাহায্য পাওয়ার ব্যবস্থাও রাখা হয়েছে।

ক্যামেরা ও প্রাইভেসি সুরক্ষা

অন্যান্য সাধারণ স্মার্ট চশমার মতো গুগলের এই ডিভাইসেও ১২ মেগাপিক্সেলের আল্ট্রওয়াইড ক্যামেরা দেওয়া হয়েছে। এর সাহায্যে ছবি তোলা এবং ভিডিও রেকর্ড করা যাবে। ক্যামেরায় থাকছে এইচডিআর প্রসেসিং, ইমেজ স্টেবিলাইজেশন এবং স্প্যাটিয়াল অডিও সাপোর্ট।

তবে ক্যামেরাযুক্ত চশমা মানেই ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। এর আগে মেটার স্মার্ট চশমা নিয়ে নানা বিতর্ক তৈরি হয়েছিল। সেই কথা মাথায় রেখেই গুগলের নতুন চশমায় বিশেষ প্রাইভেসি ফিচার রাখা হয়েছে। সংস্থার দাবি, ক্যামেরায় রেকর্ড করা কোনো ভিডিও জেমিনির হিস্টরিতে সেভ করা হবে না। এমনকি এআই মডেলের প্রশিক্ষণ বা বিজ্ঞাপনের জন্যও এই ভিজ্যুয়াল ব্যবহার করা হবে না। জেমিনিতে প্রসেস হওয়ার আগেই আশেপাশের অন্য মানুষদের মুখ স্বয়ংক্রিয়ভাবে ঝাপসা বা মুছে দেওয়ার ব্যবস্থাও থাকবে।

দাম ও লভ্যতা

জেন্টল মনস্টারের সঙ্গে যৌথভাবে তৈরি চশমাগুলির ডিজাইন রয়েছে ছয়টি। ডার্ক রেড, পিংক, গ্রে এবং ইয়েলো রঙের বিকল্প ছাড়াও বিভিন্ন ধরনের লেন্স বেছে নেওয়ার সুযোগ রয়েছে। এই কালেকশনের দাম শুরু হচ্ছে ৪৪৯ ডলার থেকে। অন্যদিকে, ওয়ারবি পার্কারের সঙ্গে তৈরি লাইনআপে রয়েছে তিনটি ভিন্ন ডিজাইন। পাইন, স্যাডেল এবং জেট ব্ল্যাক রঙের এই চশমাগুলির দাম শুরু হচ্ছে ৩৯৫ ডলার থেকে। আপাতত মার্কিন যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ায় এই গ্যাজেটগুলি পাওয়া যাচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *