ব্যবসা যখন তলানিতে, তখনই কেন বাছা হয় নারীদের? জানুন কর্পোরেট দুনিয়ার ‘গ্লাস ক্লিফ’ তত্ত্ব!

কোনও সংস্থা ধুঁকছে আর্থিক সঙ্কটে আবার কোনওটা জর্জরিত মন্দায়। মাইক্রোসফট থেকে শুরু করে গুগল কিংবা এনভিডিয়া, বিশ্বের তাবড় কোম্পানিগুলি বহুবারই এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছে। কিন্তু ঠিক সেই কঠিন সময়েই অনেকে এগিয়ে এসে হাল ধরেছেন ডুবতে থাকা সাম্রাজ্যের। তবে ব্যবসার দুনিয়ার এই টালমাটাল পরিস্থিতিতে কোনও মহিলাকে যখন নেতৃত্বের দায়িত্ব দেওয়া হয়, তখন তাকে বলা হয় ‘গ্লাস ক্লিফ’ (Glass Cliff)। অর্থাৎ, হাজার বাধা পেরিয়ে শীর্ষ পদে পৌঁছলেও তাঁদের দাঁড়াতে হয় এমন এক বিপজ্জনক প্রান্তে, যেখানে ব্যর্থতার ঝুঁকি থাকে অনেক বেশি।

মহিলারা কোম্পানির ক্ষমতার শীর্ষে কতটা সফল এবং এই পরিস্থিতির নেপথ্য ইতিহাস কী, তা একনজরে দেখে নেওয়া যাক।

কী বলছে গবেষণা?

২০০৫ সালে গবেষক মিশেল রায়ান ও আলেকজ়ান্ডার হাসলাম একটি গবেষণাপত্র প্রকাশ করেছিলেন। তাতে তাঁরা দেখিয়েছিলেন, শেয়ার বাজারের পতনের সময়ে যে সব সংস্থা তাদের সিইও পদে বা বোর্ড মেম্বারে মহিলা কর্মী নিয়োগ করেছিল, তাদের মধ্যে বেশ কিছু কোম্পানি দুর্দান্ত কামব্যাক করেছে এবং শেষ পর্যন্ত মুনাফাও অর্জন করেছে।

মারিসা মেয়ার

২০১২ সালে মারিসা মেয়ার ইয়াহুর (Yahoo) সিইও হন। সেই সময়ে বেশ মন্দার মুখে ছিল ওই সংস্থা এবং এর জনপ্রিয়তাও দ্রুত কমছিল। কোম্পানিটিকে ফের প্রতিযোগিতায় ফিরিয়ে আনতে মেয়ার প্রযুক্তি ও মোবাইল পরিষেবার উপর বিশেষ জোর দেন। ইয়াহু মেল, ফাইন্যান্স ও স্পোর্টসের মতো পরিষেবাকে নতুন করে সাজানোর পরিকল্পনা করেন। টেমবলারকে (Tumblr) ১১০ কোটি ডলারে কেনা ছিল তাঁর অন্যতম বড় সিদ্ধান্ত। তরুণ ব্যবহারকারীদের কাছে পৌঁছনোর জন্য তিনি একাধিক বদল এনেছিলেন। কিন্তু প্রত্যাশিত ফল না মেলায় ২০১৭ সালে ভেরিজন কোম্পানির কাছে ইয়াহু বিক্রি হয়ে যায় এবং মেয়ার সিইও পদ ছাড়েন।

লিন্ডা ইয়াকারিনো

২০২৩ সালে টুইটারের নাম বদলে এক্স (X) হওয়ার পরে সংস্থার সিইও হন লিন্ডা ইয়াকারিনো। ইলন মাস্কের অধিগ্রহণের পরে বহু বড় বিজ্ঞাপনদাতা এই প্ল্যাটফর্মটি থেকে সরে দাঁড়িয়েছিলেন। ফলে বিজ্ঞাপন থেকে আসা বিপুল পরিমাণ আয় কমে যায় এবং বাড়ে ঋণের পরিমাণ। এই পরিস্থিতিতে নতুনভাবে পুরো বিজ্ঞাপন ব্যবস্থাকে ঢেলে সাজান লিন্ডা। এনবিসি ইউনিভার্সালের বিজ্ঞাপন বিভাগে কাজ করার দীর্ঘ অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তিনি বিজ্ঞাপনদাতাদের সঙ্গে এক্সের সম্পর্ক পুনরুদ্ধার করার চেষ্টা করেন। পাশাপাশি বিভিন্ন কনটেন্ট নির্মাতা ও ব্র্যান্ডের সঙ্গেও নতুন সম্পর্ক তৈরি করেন। ২০২৫ সালের জুলাইয়ে তিনি সিইও পদ ছাড়েন।

এলিজাবেথ হোমস

থেরানোস (Theranos) সংস্থার প্রতিষ্ঠাতা এলিজাবেথ হোমসের নামও বেশ চর্চিত। রক্ত পরীক্ষা ও ল্যাব টেস্টের ব্যবসায় তিনি বিপুল মুনাফা অর্জন করেছিলেন। কিন্তু পরবর্তীতে তাঁর সংস্থার প্রযুক্তি সম্পর্কে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগে আমেরিকার তদন্তকারী সংস্থা এসইসি তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেয়। পরবর্তীতে বিনিয়োগকারীদের প্রতারণার দায়ে আদালতে দোষী সাব্যস্ত হন হোমস।

কোলেট ক্রেস

সম্প্রতি জেনসেন হুয়াংয়ের পদত্যাগের পরে এনভিডিয়ার (Nvidia) অন্তর্বর্তী সিইও-র দায়িত্ব নিয়েছেন কোলেট ক্রেস। ২০১৩ সালে সংস্থার সিএফও হিসেবে যোগ দেওয়ার পর থেকে তিনি এনভিডিয়ার আর্থিক ও ব্যবসার প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর ক্রেস এমন একটা সময়ে এই সংস্থার হাল ধরেছেন, যখন বাজারে এনভিডিয়ার স্টকের পতন ক্রমশ নিম্নমুখী। তাই এই পরিস্থিতিতে তিনি কোম্পানির ‘গ্লাস ক্লিফ’ হয়ে উঠতে পারেন কি না, সেটাই এখন দেখার বিষয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *