টিটু মামার কাণ্ডকারখানা মানেই চরম অশান্তি! নেটফ্লিক্সে কবে আসছে জনপ্রিয় সিরিজ ‘ঢিঢোরা ২’?”

জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ভুবন বামের বহুল প্রতীক্ষিত ওয়েব সিরিজ ‘ঢিঢোরা সিজন ২’ নিয়ে দর্শকদের উন্মাদনা এখন তুঙ্গে। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তির অপেক্ষায় থাকা এই সিরিজের নতুন ঝলক ইতিমধ্যেই নজর কেড়েছে সবার। প্রথম সিজনের দুর্দান্ত সাফল্যের পর এবার আরও বড় পরিসরে ফিরছে টিটু মামা এবং তাঁর পরিবার।

১১ কোটির দেনা ও নতুন বিপদ

‘ঢিঢোরা সিজন ২’-এর গল্প শুরু হচ্ছে ঠিক যেখান থেকে আগের পর্ব শেষ হয়েছিল। টিটু মামার মাথার ওপর ঝুলছে ১১ কোটি টাকার বিশাল ঋণের বোঝা। এদিকে পরিবারের বাকি সদস্যদের সঙ্গে সম্পর্কও বেশ নাজুক পরিস্থিতিতে রয়েছে। এই আর্থিক সংকট ও পারিবারিক ঝামেলা থেকে বের হওয়ার জন্য শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে সমঝোতা করার এক অদ্ভুত পরিকল্পনা করেন টিটু মামা। কিন্তু তাঁর এই পদক্ষেপ পরিস্থিতি সামলানোর বদলে এক নতুন বিপদের জন্ম দেয়। ট্রেলারে নজর কেড়েছে দুর্দান্ত সব অ্যাকশন দৃশ্য, রঙিন গান আর ভরপুর দেশি কমেডি। শ্বশুরবাড়ি গিয়ে টিটু মামার ভাগ্যে শেষ পর্যন্ত কী জোটে, সেটাই দেখার।

যা বললেন ভুবন বাম

নিজের এই ড্রিম প্রজেক্টকে ওটিটির বড় মঞ্চে নিয়ে আসার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে ভুবন বাম জানান, যখন তিনি প্রথম এই চরিত্রগুলো লিখেছিলেন, তখন চেয়েছিলেন সেগুলো যেন দর্শকের কাছে একদম জীবন্ত ও নিজেদের পরিচিত মানুষ বলে মনে হয়। টিটু মামার বিশেষ একটা বৈশিষ্ট্য হলো, তিনি না চাইতেও সবসময় কোনো না কোনো ঝামেলায় জড়িয়ে পড়েন। এবার শ্বশুরবাড়ির সঙ্গে সম্পর্ক জোড়া লাগাতে গিয়ে নানা মজার ঘটনার সৃষ্টি হয়েছে। নেটফ্লিক্সের সঙ্গে যুক্ত হওয়ায় ‘বিবি কি ওয়াইনস’-এর আসল আমেজ ও হিউমারকে আরও বড় পরিসরে দর্শকের সামনে তুলে ধরা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

কলাকুশলী ও মুক্তির তারিখ

‘ঢিঢোরা সিজন ২’ পরিচালনা করেছেন স্নেহা শেঠি কোহলি। পরিচালক হিসেবে এটি তাঁর প্রথম কাজ। রোহিত রাজ এবং ভুবন বামের প্রযোজনায় এই সিরিজের লেখালেখির দায়িত্বে ছিলেন স্বয়ং ভুবন বাম সহ একদল লেখক। গল্পে নতুন মাত্রা যোগ করতে এবার এন্ট্রি নিচ্ছে কবিতা মামি চরিত্রটি। আগামী ২০ নভেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাবে এই বহুল প্রতীক্ষিত কমেডি ড্রামা সিরিজটি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *