“‘মাটির গল্প নিয়ে ছবি, রামায়ণের মতো প্রচারের প্রয়োজন নেই!’ পর্দার বামাক্ষ্যাপা সব্যসাচী চৌধুরীর খোলামেলা সাক্ষাৎকার”

ছোটপর্দার জনপ্রিয় রামপ্রসাদ কিংবা বামাক্ষ্যাপা বললেই দর্শকদের চোখে ভেসে ওঠে অভিনেতা সব্যসাচী চৌধুরীর মুখ। পর্দায় সাধক চরিত্রে তাঁর অভিনয় বরাবরই দাগ কেটেছে দর্শকের মনে। এবার সেই ছোটপর্দার গণ্ডি পেরিয়ে বড়পর্দায় আসছে সাধক বামাক্ষ্যাপার জীবন নিয়ে নতুন ছবি। আর জন্মদিনের মতো বিশেষ দিনেও পার্টি বা আড়ম্বরে সময় না কাটিয়ে নিজের নতুন ছবির প্রচারে ব্যস্ত থাকলেন অভিনেতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে বামাক্ষ্যাপার চরিত্র রূপায়ণ, ব্যক্তিগত জীবন, আধ্যাত্মিকতা এবং সমসাময়িক নানা বিষয় নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন সব্যসাচী চৌধুরী।
২০ কেজি ওজন বাড়িয়ে বামাক্ষ্যাপার লুক!
ছোটপর্দায় তিন বছর দু’মাসেরও বেশি সময় ধরে বামদেবের চরিত্রে অভিনয় করেছিলেন সব্যসাচী। তবে বড়পর্দায় এই চরিত্র ফুটিয়ে তোলা কতটা কঠিন ছিল? এই প্রসঙ্গে অভিনেতা জানান, ছোটপর্দার জার্নি আর বড়পর্দার কাজ সম্পূর্ণ আলাদা। ছোটপর্দায় সময় পাওয়ার সুযোগ থাকে, কিন্তু এখানে একটি নির্দিষ্ট কমপ্যাক্ট সময়ের মধ্যে বামদেবের গোটা জীবনী ফুটিয়ে তুলতে হয়েছে।
সব্যসাচীর কথায়, “বামদেব স্থূল চেহারার ছিলেন, তাই এই লুকটা আনার জন্য আমাকে প্রায় ২০ কেজি ওজন বাড়াতে হয়েছিল। প্রায় সাড়ে পাঁচ মাস ধরে বৃষ্টি মাথায় নিয়ে প্রতিকূল পরিস্থিতিতে শুটিং করতে হয়েছে। সেট নষ্ট হওয়া থেকে শুরু করে আউটডোরেও কম লড়তে হয়নি।” দর্শক তাঁকে ছাড়া এই চরিত্রে অন্য কাউকে ভাবতে পারে না—এমন প্রশ্নের উত্তরে সব্যসাচীর বিনীত জবাব, প্রতিটি প্রজন্মেই আলাদা প্রতিভারা আসেন, তবে দর্শকের ভালোবাসা তাঁর কাছে সবসময়ই অত্যন্ত সম্মানের।
আধ্যাত্মিক চরিত্র ও তান্ত্রিকদের ভেকধারী বলে তোপ
কালীসাধক বা আধ্যাত্মিক চরিত্রের প্রতি তাঁর দুর্বলতা কেন বেশি, তা স্পষ্ট করে সব্যসাচী জানান যে এই ধরনের চরিত্র তাঁকে অনেক কিছু শেখায়। রামপ্রসাদ বা বামদেবের চরিত্র করার সময় তিনি প্রচুর বই পড়েন, যার ফলে অনেক অজানা তথ্য সামনে আসে, যা সাধারণ ড্রয়িংরুম ড্রামায় পাওয়া যায় না।
বর্তমানে তান্ত্রিক বা সাধকদের ভেক ধরে ব্যবসা করা নিয়ে বিস্ফোরক মন্তব্য করতেও পিছপা হননি তিনি। তাঁর স্পষ্ট দাবি, এখন যাঁরা নিজেদের তান্ত্রিক বলে পরিচয় দেন, তাঁদের শতকরা পঁচানব্বই জনই ভেকধারী এবং ব্যবসার খাতিরেই এসব করেন। ব্যক্তিগত জীবনে কার্যসিদ্ধির জন্য তাঁর কখনও কোনো তান্ত্রিকের আশ্রয় নেওয়ার প্রয়োজন পড়েনি। তিনি ধর্মান্ধ না হলেও সুপার পাওয়ার বা পরমব্রহ্মে বিশ্বাসী।
সোশ্যাল মিডিয়া থেকে দূরত্ব এবং বিগ বস নিয়ে খোলামেলা মত
সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকা এবং ট্রাভেল ভ্লগিং বন্ধ করা প্রসঙ্গে অভিনেতা জানান, বাবা-মায়ের বয়স হচ্ছে, তাই বাইক নিয়ে সোলো ট্রিপে বেরিয়ে তাঁদের টেনশনে রাখতে চান না। আর সোশ্যাল মিডিয়ায় না থেকেও যে কাজ পাওয়া যায়, তা তিনি প্রমাণ করে দিয়েছেন। বন্ধু সৌরভ দাসের ‘বিগ বস’ অংশগ্রহণ প্রসঙ্গে হাসিমুখেই জানান, সৌরভ যদি জানতে পারেন যে তিনি ‘বিগ বস’ দেখছেন, তবে সৌরভ নিজেই ঘাবড়ে যাবেন!
সবশেষে টালমাটাল ইন্ডাস্ট্রির পরিস্থিতি নিয়ে খুব একটা ভাবিত নন সব্যসাচী। রামায়ণের মতো মেগা প্রজেক্টের ভিড়েও বাংলা মাটির গল্প ও কম বাজেটের ছবি ‘সাধক বামাক্ষাপা’ যে নিজস্ব ঐতিহ্য ও স্বকীয়তা নিয়ে দর্শকের মন জয় করবে, সে বিষয়ে যথেষ্ট আশাবাদী এই জনপ্রিয় অভিনেতা।