দরজা বন্ধ, বাইরে থেকে তালা! খবরের কাগজ ও দুধের প্যাকেট বাইরে, ফাঁস হল ভয়ংকর সত্য

দমদমের শেঠবাগানে একটি ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছে বাবা ও পালিত ছেলের মৃতদেহ। শুক্রবার দুপুরে নাগেরবাজার থানা এলাকার তিনতলার ওই ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পুলিশ। দুটি আলাদা ঘর থেকে দু জনের দেহ উদ্ধার করা হয়েছে। রান্নাঘরে গ্যাসের বার্নারের নব খোলা ছিল এবং পুরো ঘরে গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়েছিল। এই আকস্মিক ঘটনাকে কেন্দ্র করে এলাক জুড়ে তীব্র রহস্য দানা বেঁধেছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ব্যক্তির নাম তপনকুমার চট্টোপাধ্যায়। তিনি একটি বেসরকারি ব্যাঙ্কে কাজ করতেন। তাঁর সঙ্গেই ওই ফ্ল্যাটে থাকতেন তাঁর পালিত ছেলে। শুক্রবার দুপুরে প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে নাগেরবাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। এরপর জোর করে ফ্ল্যাটের দরজা ভেঙে ভেতরে ঢুকে পুলিশ দেখতে পায়, দুটি আলাদা ঘরে দু জনের মৃতদেহ পড়ে রয়েছে। রান্নাঘরের গ্যাসের নব খোলা থাকলেও ঠিক কী কারণে এই মৃত্যু ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাবা ও ছেলে আবাসনের বাকি লোকজনের সঙ্গে খুব একটা মিশতেন না। শুক্রবার সকালে খবরের কাগজ দিতে এলেও তা দরজার বাইরেই পড়ে ছিল। এমনকী দুধওয়ালা এসেও দরজা বন্ধ দেখে দুধ না দিয়েই ফিরে যান এবং প্রতিবেশীদের বিষয়টি জানান। এরপর প্রতিদিনের নিয়মমতো বাড়ির পরিচারিকা বাজার নিয়ে ফ্ল্যাটে আসেন। কিন্তু বহুবার ডাকার পরেও ভেতর থেকে কোনো সাড়া মেলেনি।

পরিচারিকা বিষয়টি প্রতিবেশীদের জানালে সকলের সন্দেহ হয়। সঙ্গে সঙ্গেই পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দরজা ভেঙে ফ্ল্যাটের ভেতরে প্রবেশ করে। প্রতিবেশীদের কথায়, ফ্ল্যাটের ভিতরের দরজা বন্ধ থাকলেও বাইরে থেকে তালা লাগানো ছিল। প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে, তপনকুমারের শরীরে কিছু আঘাতের চিহ্নও রয়েছে। অন্যদিকে পালিত ছেলের মৃতদেহটি মেলে পাশের ঘর থেকে।

রান্নাঘরের গ্যাসের নব খোলা থাকার বিষয়টি অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে পুলিশ। তপনকুমারের শরীরে আঘাতের চিহ্ন, মৃত্যুর সঠিক সময় এবং এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা অন্য কারও হাত আছে কি না, তা ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই জানা সম্ভব হবে। নাগেরবাজার থানার পুলিশ পুরো ঘটনাটি খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *