মাঝেরহাটে মর্মান্তিক দুর্ঘটনা! লরির চাকায় স্কুলছাত্রের মৃত্যুর ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা

টিউশন সেরে সাইকেলে চড়ে হাসিমুখে বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু মাঝপথেই ঘটে গেল এক নির্মম পরিণতি। পিছন দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই ভারী লরির ধাক্কায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রের। শুক্রবার দুপুরে মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে তারাতলার মাঝেরহাট রেলস্টেশন সংলগ্ন গোড়াগাছা রোডে। খুদের এমন আকস্মিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রের নাম আনমোল ঝা। তার বয়স বারো বছর। ঘটনার দিন দুপুর ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে এই দুর্ঘটনাটি ঘটে। প্রতিদিনের মতো সে সাইকেলে চড়ে টিউশন পড়তে গিয়েছিল এবং কাজ শেষে বাড়ির দিকে ফিরছিল। মাঝেরহাট সংলগ্ন গোড়াগাছা রোডের কাছে রাস্তা পারাপারের সময় মেন রোড থেকে যাওয়া একটি সিমেন্ট বোঝাই ছয় চাকার লরি তাকে সজোরে ধাক্কা মারে। অভিযোগ, লরির চাকায় পিষে গুরুতর জখম হয় সে।
দুর্ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রাস্তায় কিশোরকে পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি এগিয়ে আসেন। তাঁরাই উদ্যোগী হয়ে ওই ছাত্রকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু শেষরক্ষা হয়নি। হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসকরা আনমোলকে মৃত বলে ঘোষণা করেন।
চোখের পলকে এমন একটি প্রাণ চলে যাওয়ার খবর এলাকায় ছড়িয়ে পড়তেই চরম উত্তেজনা তৈরি হয়। ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা রাস্তায় ভিড় জমান। খবর পেয়েই দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারাতলা থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশ ইতিমধ্যেই ঘাতক সিমেন্ট বোঝাই লরিটিকে বাজেয়াপ্ত করেছে এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। একটি তরতাজা প্রাণ এভাবে কেড়ে নেওয়ায় শোকে পাথর হয়ে গেছে শিশুটির পরিবার।