“পুরুষ সঙ্গীর খোঁজেই…?”-বক্সার ‘ডুয়ার্স রানি’-কে নিয়ে কোন চাঞ্চল্যকর রহস্য ফাঁস?

পুরুষ সঙ্গীর টানে বারবার বিহার থেকে বক্সায় আনা বাঘিনীর অসমের জঙ্গলে পালিয়ে যাওয়ার ঘটনা ইতিমধ্যেই রাজ্যজুড়ে শোরগোল ফেলে দিয়েছে। এনক্লোজারে গর্ত খুঁড়ে বাঘিনীর বারবার উধাও হওয়ার নেপথ্য কারণ খুঁজতে গিয়ে সামনে এল আরও এক চাঞ্চল্যকর ও মর্মান্তিক তথ্য। গত ৭ নভেম্বর বক্সাতেই মৃত্যু হয়েছে ‘ডুয়ার্স রানি’-র গর্ভস্থ তিনটি ভ্রূণের। কিন্তু কীভাবে গর্ভপাত হলো এই বাঘিনীর? বারবার তাকে ঘুমপাড়ানি ওষুধ দেওয়াই কি কাল হলো? একাধিক গুরুতর প্রশ্নের জট এখনও অধরা। আর এই রয়্যাল বেঙ্গল রহস্যের নেপথ্য কারণ খুঁজতে এবার মুখ খুললেন বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু।
বাঘিনীকে বক্সায় ফেরানোর টাইমলাইন ও গর্ভপাতের রহস্য চার ধাপে ‘ডুয়ার্স রানি’-কে বক্সার জঙ্গলে মুক্ত করা হয়েছিল। প্রথমে বিহারের বাল্মীকি ফরেস্ট থেকে তাকে চিহ্নিত করে ঘুমপাড়ানি গুলি দিয়ে বক্সায় উড়িয়ে আনা হয় এবং গত ২ অক্টোবর টাইগার রিজার্ভের এনক্লোজারে ছেড়ে দেওয়া হয়। কিন্তু এরপর থেকেই শুরু হয় একের পর এক নাটকীয় ঘটনা।
গত ২১ অক্টোবর বক্সা থেকে পালিয়ে সোজা অসমের রায়মনা জঙ্গলে ঢুকে পড়ে বাঘিনীটি। দীর্ঘ তল্লাশির পর গত ৩ নভেম্বর সন্ধ্যায় রায়মনা জঙ্গলের লৌসা নদীর ধার থেকে তাকে বিশেষ ট্র্যাঙ্কুলাইজার বা ঘুমপাড়ানি ওষুধ প্রয়োগ করে বক্সায় ফিরিয়ে আনা হয়। স্বয়ং রাজ্যের বনমন্ত্রী নিজে উপস্থিত থেকে এই উদ্ধারকাজে তদারকি করেছিলেন। কিন্তু এর মাত্র কয়েকদিন বাদেই, গত ৭ নভেম্বর বক্সার এনক্লোজারে বক্সার বাঘিনীর গর্ভপাত হয়। জানা গিয়েছে, মাস দু’য়েকের তিনটি ভ্রূণ নষ্ট হয়ে গিয়েছে এবং সেগুলিকে ইতিমধ্যেই সংরক্ষণ করা হয়েছে। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই গত ৮ নভেম্বর ফের এনক্লোজার ভেঙে পালিয়ে যায় ওই বাঘিনী।
উঠে আসছে একাধিক প্রশাসনিক ও চিকিৎসাগত প্রশ্ন ঘটনার তদন্তে গত ৯ নভেম্বর একটি বিশেষ কমিটি গঠন করেছেন রাজ্যের এক শীর্ষ বনকর্তা। কিন্তু এই ঘটনার পরই একাধিক প্রশ্ন দানা বাঁধছে ওয়াকিবহাল মহলে। আচমকা নতুন পরিবেশে মানিয়ে নেওয়ার ধকল, নাকি ঘন ঘন ট্র্যাঙ্কুলাইজার বা ক্যাটামিন জাতীয় ওষুধ প্রয়োগের ফলেই এই মর্মান্তিক গর্ভপাত? মনিটরিংয়ের দায়িত্বে থাকা বনকর্মীরা কি আদৌ জানতেন যে বাঘিনী অন্তঃসত্ত্বা ছিল? যদি জেনেই থাকেন, তবে ঘুমপাড়ানি ওষুধ দেওয়ার সময় প্রয়োজনীয় সতর্কতা কেন অবলম্বন করা হলো না?
এ প্রসঙ্গে বন্যপ্রাণ বিশেষজ্ঞ জয়দীপ কুণ্ডু বলেন, “কোনো বাঘিনী যদি অন্তঃসত্ত্বা অবস্থায় গ্রামে ঢুকে পড়ে, সে ক্ষেত্রে তো তাকে ট্র্যাঙ্কুলাইজ করেই উদ্ধার করতে হবে। কিন্তু ট্র্যাঙ্কুলাইজেশনের একটা প্রোটোকল রয়েছে। ক্যাটামিন নামে যে ওষুধ দিয়ে বাঘকে ঘুম পাড়ানো হয়, সেটি ক্ষতিকারক না হলেও ফ্রিকোয়েন্সি মেনে দেওয়া উচিত। দিনের মধ্যে কতবার দেওয়া যায় এই ওষুধ, অনেক সময়ে সেই প্রোটোকল মানা হয় না, তখনই গণ্ডগোল হয়।”
জেনেবুঝেও কি এড়ানো যেত এই বিপর্যয়? যেহেতু ভ্রূণগুলির বয়স প্রায় দু’মাস ছিল, সে স্পষ্ট যে বাঘিনী যখন বিহারের বাল্মীকি ফরেস্টে ছিল, তখনই সে গর্ভবতী হয়েছিল। প্রশ্ন উঠছে, ২৯ সেপ্টেম্বর যখন তাকে বক্সায় আনার জন্য চিহ্নিত করা হয়েছিল, তখন কি তার সন্তানসম্ভবা হওয়ার বিষয়টি বনকর্তাদের নজরে আসেনি? কোনো আল্ট্রাসাউন্ড টেস্ট কি হয়েছিল, নাকি নিছক ভিজ্যুয়াল কনফার্মেশনের ওপর ভিত্তি করেই তাকে নিয়ে আসা হয়?
এছাড়া, বিহার থেকে বক্সায় আনার পথে ঘুমপাড়ানি গুলির প্রভাবে দীর্ঘ ১৮ ঘণ্টা ঝিমিয়ে থাকার পর লোহার খাঁচায় বন্দি অবস্থায় উত্তেজিত হয়ে নিজেই নিজেকে জখম করেছিল বাঘিনী এবং নিজের রেডিও কলারও খুলে ফেলেছিল। সেই সময় তার মানসিক ও শারীরিক অবস্থা কেন যাচাই করা হলো না? পরবর্তী সময়ে বক্সার এনক্লোজারে ক্ষত পরীক্ষার পর অ্যান্টিবায়োটিক দেওয়া হলেও কেন তার গর্ভধারণের বিষয়টি ধরা পড়ল না, তা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন বিশেষজ্ঞদের একাংশ।
বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, গর্ভপাতের এই তীব্র মানসিক ও শারীরিক যন্ত্রণা কাটাতেই হয়তো এনক্লোজার থেকে বাইরে বের হওয়ার পথ খুঁজছিল ‘ডুয়ার্স রানি’, যার জেরে সে ফের জঙ্গল ছেড়ে পালিয়ে যায়। যদিও রাজ্যের বনমন্ত্রী দাবি করেছেন, “ভালো আছে ডুয়ার্স রানি। বিহারের ফিট সার্টিফিকেট পেয়েই ওকে এনেছিলাম। সব দিক তদন্ত হচ্ছে।” তবে এই ঘটনায় সন্তানহারা রয়্যাল বেঙ্গল আদৌ তার শারীরিক ও মানসিক আঘাত কাটিয়ে উঠতে পারবে কি না, তা নিয়ে গভীর সংশয় থেকেই যাচ্ছে।