প্রেমে পড়লে কি বুদ্ধিমান মানুষও বোকা বনে যায়? মনস্তত্ত্বের এই অদ্ভুত সাতটি ইশারা মিলে গেলেই বুঝবেন আপনি ফেঁসেছেন!

প্রেমে পড়া মানেই শুধু হৃদয়ে রোমান্টিক সুর বা সুখের অনুভূতি নয়, এর সঙ্গে জড়িয়ে থাকে কিছু অবুঝ ও বোকাবোকা কান্ডকারখানা! মনোবিজ্ঞানীরা বলছেন, মানুষ যখন প্রেমে পড়ে, তখন মস্তিষ্কে ডোপামিন, অক্সিটোসিন এবং সেরোটোনিনের মতো হরমোনের খেলা শুরু হয়। এই সময় যুক্তির চেয়ে আবেগ অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। ফলে আপনি ঘুণাক্ষরেও টের পান না যে আপনার দৈনন্দিন আচরণে কতখানি পরিবর্তন এসে গেছে। আপনার মধ্যেও কি অজান্তেই এই অদ্ভুত লক্ষণগুলো প্রকাশ পাচ্ছে? মিলিয়ে দেখে নিন:

১. ফোনটাই যেন আপনার ধ্যানজ্ঞান

সারাদিনে অন্তত একশো বার ফোন চেক করা, প্রিয় মানুষের মেসেজের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করা কিংবা সে অনলাইনে আছে কি না তা বারবার দেখা—এটাই যেন দস্তুর হয়ে দাঁড়ায়। মেসেজ এলে যেমন বুক ধড়ফড় করে, তেমনই উত্তর না পেলে মন বিষণ্ণ হয়ে যায়। বন্ধুরা হয়তো বিরক্ত হয়ে বলেই ফেলেন, “আর কত ফোন ঘাঁটবি?”

২. সবকিছুতেই শুধু তারই নাম

কানায় কানায় প্রেম জমে উঠলে চারপাশের সবকিছুতেই যেন সেই বিশেষ মানুষটির ছায়া দেখতে পাওয়া যায়। গান শুনতে গেলে মনে হয় গানটি আপনার জন্যই লেখা হয়েছে, সিনেমা দেখার সময়ও নায়ক-নায়িকার মাঝে তাঁকেই খুঁজে পান। এমনকি বন্ধুদের সঙ্গে আড্ডায় কথার খেই হারিয়ে ঘুরেফিরে বারবার চলে আসে তারই কথা।

৩. হঠাৎ করে সাজসজ্জার ধুম

যে মানুষটি চিরকাল সাধারণ টি-শার্ট আর জিন্স পরে থাকতে ভালোবাসতেন, তিনিই হঠাৎ করে আয়নার সামনে ঘণ্টার পর ঘণ্টা কাটাতে শুরু করেন! কোন পোশাকে আপনাকে সবথেকে ভালো মানাবে কিংবা চুল ঠিকঠাক রয়েছে কি না—এই নিয়ে চিন্তার শেষ থাকে না। প্রেমে পড়লে নিজেকে সুন্দর করে তোলার সুপ্ত বাসনা বহুগুণ বেড়ে যায়।

৪. কারণহীন বোকাবোকা হাসি

একা একা চুপচাপ বসে হঠাৎই ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসা অথবা পুরনো চ্যাটগুলো বারবার পড়ে মনে মনে খিলখিল করে হেসে ওঠা—প্রেমের অন্যতম বড় লক্ষণ এটি। বন্ধুরা হঠাৎ জানতে চাইলে চটজলদি সামাল দিয়ে বলে ওঠেন, “কই,চ্ছু না তো!” এই অকারণে হেসে ওঠা থেকেই স্পষ্ট বোঝা যায় মন কোথায় যেন হারিয়ে গেছে।

৫. সব কিছু ভুলে যাওয়ার অদ্ভুত রোগ

প্রেমে পড়লে মানুষের মনোযোগ বা ফোকাস অনেকটাই কমে যায়। ঘরের চাবি ঠিক কোথায় রাখলেন, কিংবা জরুরি কোন কাজটা করার কথা ছিল—তা মাথা থেকে উধাও হয়ে যায়। কারণ মস্তিষ্কের সিংহভাগ জুড়ে তখন কেবলই একজন মানুষের উপস্থিতি রাজত্ব করে।

৬. তার পছন্দই এখন আপনার পছন্দ

যে ফুটবল খেলা বা সিনেমা আপনার কোনোদিন সহ্যই হতো না, এখন প্রিয় মানুষের টানে আপনিও তাতে মজেছেন। যে গান বা খাবারের প্রতি আপনার কোনো আগ্রহ ছিল না, তাঁর ভালোলাগার খাতিরে আপনিও সেগুলো আপন করে নেন। সঙ্গীর ভালোলাগাকে নিজের করে নেওয়াই তো ভালোবাসার আসল টান।

৭. ভবিষ্যতের সব পরিকল্পনাতেই কেবল সে

“পরের বছর পুজোয় পাহাড়ে ঘুরতে যাব”, “এই রেস্তোরাঁয় একদিন ওকে নিয়ে আসব”—ভবিষ্যতের ছোট-বড় যেকোনো পরিকল্পনা করার সময় অজান্তেই সেখানে জড়িয়ে থাকে তার নাম। মনোবিজ্ঞানীরা মনে করেন, এই ছোট্ট মিষ্টি বোকামিগুলোই জীবনকে সুন্দর করে তোলে। আপনার মধ্যেও যদি এই ৭টির মধ্যে অন্তত ৪-৫টি লক্ষণ মিলে যায়, তবে বুঝে নিন আপনার মন চুরি গেছে এবং আপনি সম্পূর্ণভাবে প্রেমে পড়েছেন!

Rick Sarkar
  • Rick Sarkar

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *