সরকারি ডিউটির পাশাপাশি করা যাবে প্রাইভেট প্র্যাকটিসও! রাজ্যে শুরু হচ্ছে বিশাল চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ

পিএসসি-র দীর্ঘমেয়াদী নিয়োগ প্রক্রিয়ার জন্য বসে না থেকে রাজ্যজুড়ে চিকিৎসকদের ঘাটতি মেটাতে বড় পদক্ষেপ করল স্বাস্থ্য দফতর। গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে একেবারে খাস কলকাতার প্রথম সারির মেডিক্যাল কলেজ—সব জায়গাতেই এবার চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি চিকিৎসকরা চাইলে প্রাইভেট প্র্যাকটিসও করতে পারবেন বলে স্পষ্ট জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কাল থেকেই এই নিয়োগ প্রক্রিয়া শুরু হতে চলেছে।
স্বাস্থ্য দফতর সূত্রে খবর, স্থায়ী ডাক্তার ও নার্স নিয়োগের ক্ষেত্রে পিএসসি (PSC)-র মাধ্যমে পুরো প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় দেড় থেকে দুই বছর সময় লেগে যায়। কিন্তু স্বাস্থ্যভবনের পক্ষে এই দীর্ঘ সময় হাত গুটিয়ে বসে থাকা সম্ভব নয়। তাই যেখানেই চিকিৎসকের ঘাটতি দেখা দেবে, সেই হাসপাতালভিত্তিক সরাসরি নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট হাসপাতালগুলিই নিয়োগের বিজ্ঞাপন প্রকাশ করবে। এই পদে আবেদনের জন্য চিকিৎসকদের স্নাতকোত্তর ডিগ্রি থাকা বাধ্যতামূলক এবং বেতন ও দায়িত্বের রূপরেখা ইতিমধ্যেই চূড়ান্ত করা হয়েছে।
খাস কলকাতাতেও যে চিকিৎসকদের মারাত্মক ঘাটতি রয়েছে, তা স্বীকার করে নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। কলকাতা মেডিক্যাল কলেজ, বিদ্যাসাগর হাসপাতাল, বিধাননগর মহকুমা হাসপাতাল, বাঘাযতীন হাসপাতাল, বিএন বসু হাসপাতাল এবং নর্থ সাবারবান হাসপাতালের মতো একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পর্যাপ্ত চিকিৎসক না থাকায় সাধারণ মানুষকে সমস্যায় পড়তে হচ্ছে। এই সংকট কাটাতে কলকাতা ও হাওড়ার মতো অঞ্চলেও তড়িঘড়ি চুক্তিভিত্তিক ডাক্তার নিয়োগ করে দ্রুত পরিষেবা সচল করার নির্দেশ দেওয়া হয়েছে। কাল থেকেই যেহেতু এই নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে, তাই বেকার ও অভিজ্ঞ চিকিৎসকদের জন্য এটি একটি বড় সুযোগ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।