ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দিল বখাটে! শ্লীলতাহানির প্রতিবাদ করায় হাত হারাতে হলো মহিলাকে?

মুম্বইয়ের লোকাল ট্রেনে শ্লীলতাহানির প্রতিবাদ করার এক চরম ও মর্মান্তিক মূল্য চোকাতে হলো এক মহিলাকে। আপত্তিকর স্পর্শের প্রতিবাদ করায় এক সহযাত্রী ওই মহিলাকে চলন্ত ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেন বলে অভিযোগ। আর তার জেরে ট্রেনের চাকার তলায় চলে গিয়ে কুনুইয়ের কাছ থেকে বাদ গেছে মহিলার একটি হাত। এই বর্বরোচিত ঘটনায় দেশজুড়ে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনার আকস্মিকতায় নড়েচড়ে বসেছে পুলিশ এবং ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও নির্যাতিতা সূত্রে জানা গেছে, বোরিভলি থেকে বিরারগামী একটি লোকাল ট্রেনে চড়েছিলেন ওই মহিলা। ট্রেনটি যখন নাইগাঁও স্টেশনের কাছাকাছি পৌঁছায়, তখন এক যুবক তাঁর দিকে এগিয়ে এসে অশালীন আচরণ শুরু করে। দীর্ঘক্ষণ ধরে চলা সেই আপত্তিকর স্পর্শ ও শ্লীলতাহানির তীব্র প্রতিবাদ জানান ওই মহিলা। প্রতিবাদ করায় দু’জনের মধ্যে কথা কাটাকাটি ও তুমুল বচসা শুরু হয়। রাগের বশে ওই যুবককে লক্ষ্য করে নিজের চপ্পলও ছুড়ে মারেন নির্যাতিতা। পরিস্থিতি দেখে অন্য সহযাত্রীরা হস্তক্ষেপ করার চেষ্টা করলেও বচসা থামেনি, উল্টে অভিযুক্ত যুবকও মহিলাকে লক্ষ্য করে জুতো ছুড়ে মারে। এরপর ট্রেনটি নাইগাঁও স্টেশনে পৌঁছতেই অভিযুক্ত ক্ষিপ্ত হয়ে মহিলাকে সজোরে ধাক্কা মেরে ট্রেন থেকে ফেলে দেয়।
মহিলা জানিয়েছেন, তিনি ট্রেনের দুই কামরার মাঝে থাকা ফাঁকা অংশ দিয়ে সোজা রেললাইনের ওপর গিয়ে পড়েন। তিনি যখন লাইন থেকে উঠে প্ল্যাটফর্মে ওঠার চেষ্টা করছিলেন, ঠিক সেই মুহূর্তেই ট্রেনটি ছেড়ে দেয়। আর তাতেই তাঁর বাঁ হাতটি কনুয়ের কাছ থেকে ট্রেনের চাকার তলায় চলে গিয়ে কেটে যায়। এই ভয়াবহ দুর্ঘটনায় তাঁর মাথায় মারাত্মক চোট লাগে এবং ১৬টি সেলাই পড়ে। পরে খবর পেয়ে পুলিশকর্মীরাই রক্তাক্ত ও অচৈতন্য অবস্থায় তাঁকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের বেডে শুয়ে যন্ত্রণাকাতর মহিলা ক্ষোভ উগরে দিয়ে বলেন, “আমার পুরো জীবনটা ধ্বংস হয়ে গেল। আমার গোটা পরিবারের দায়িত্ব আমার একার কাঁধে ছিল।” এমনকি পুলিশের তদন্তে গাফিলতির অভিযোগ তুলে তিনি বলেন, অভিযুক্তের বিরুদ্ধে শুধুমাত্র সাধারণ ধারায় মামলা না করে কঠোরতম ‘খুনের চেষ্টা’র ধারা যুক্ত করা হোক এবং অপরাধীর যেন কঠোরতম সাজা হয়। ঘটনার পর শোরগোলের সুযোগ নিয়ে অভিযুক্ত পালানোর চেষ্টা করলেও, পুলিশের জালে ধরা পড়তে বেশি সময় লাগেনি।