‘দিওয়ালি মোবারক হো’ বলে ১৫ রাউন্ড গুলি!-নৃশংসভাবে খুনের হাড়হিম CCTV ফুটেজ এল সামনে

হরিয়ানার ফরিদাবাদে পার্কিং নিয়ে বচসার জেরে সিঙ্গাপুরের এক বহুজাতিক সংস্থার কর্মীকে ঠান্ডা মাথায় খুনের ঘটনায় এবার সামনে এল চাঞ্চল্যকর সিসিটিভি ফুটেজ। গত ৬ নভেম্বর ধনতেরসের সন্ধ্যায় এই মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটেছিল। যদিও সিসিটিভি ফুটেজটির সত্যতা যাচাই করা হয়নি, তবে তাতে ধরা পড়া দৃশ্য এতটাই ভয়ঙ্কর যে তা দেখে শিহরন জাগছে সাধারণ মানুষের মনে। একেবারে ঠান্ডা মাথায় পরমজিৎ ধনখড় নামের ওই ব্যক্তির ওপর যেভাবে হামলা চালানো হয়েছিল, তা এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে।
হাড়হিম করা সিসিটিভি ফুটেজে কী দেখা গেল?
ভাইরাল হওয়া সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, মূল অভিযুক্ত মনু শর্মা পরমজিৎকে লক্ষ্য করে অত্যন্ত ঠান্ডা মাথায় পরপর ১৫ থেকে ১৬ রাউন্ড গুলি চালায়। হামলার ঠিক আগে অভিযুক্তকে চিৎকার করে বলতে শোনা যায়— ‘দিওয়ালি মোবারক হো’। এরপর ‘সবাইকে মেরে ফেলব, সবাইকে মেরে তবে যাব’ বলে সে চিৎকার করতে থাকে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্তের ছোঁড়া বৃষ্টির মতো গুলির মধ্যে থেকে প্রায় ৯টি গুলি গিয়ে লাগে ৪২ বছর বয়সি পরমজিতের গায়ে, যার ফলে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে তাঁর মৃত্যু হয়। সবচেয়ে মর্মান্তিক বিষয় হলো, ওই নৃশংসতার সময় ঘটনাস্থলেই উপস্থিত ছিল নিহত পরমজিতের ছোট ছেলেও। চোখের সামনে বাবাকে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়তে দেখে ভয়ে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় সে।
Faridabad : CCTV footage shows monu Sharma murdering paramjeet dhankhar.
I Don’t foster pointless hatred any case or religion ,but if this comes blooded murdered by a Jaat , Gujjar or Yadav . It would have national news by now… https://t.co/0zWzORzLp0
— खपीटर 🌾 (@khapitter) November 12, 2026
এক ঘণ্টার মধ্যে গ্রেপ্তার মূল অভিযুক্ত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিহত পরমজিৎ ধনখড় সিঙ্গাপুরের একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি করতেন এবং একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঘটনার ঠিক আগের দিনই ফরিদাবাদে এসেছিলেন। ঘটনার আকস্মিকতায় পুরো এলাকা স্তব্ধ হয়ে যায়। তবে ঘটনার পরেই চরম তৎপরতা দেখায় পুলিশ। সুরজকুণ্ড থানার স্টেশন হাউস অফিসার প্রহ্লাদ কুমার জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই ক্রাইম ব্রাঞ্চের হাতে পাকড়াও হয় মূল অভিযুক্ত মনু শর্মা। অপরাধের পর অভিযুক্ত ও তাঁর পরিবার পালানোর চেষ্টা করলেও পুলিশের জালে ধরা পড়তে বেশি সময় লাগেনি।