১৫ সেকেন্ডে ৩০ রাউন্ড গুলি! এল সিসিটিভি ফুটেজ, কুলগামে সিআরপিএফ চৌকিতে বাইক-জঙ্গিদের তাণ্ডব!

জম্মু ও কাশ্মীরের কুলগাম (Kulgam Terror Attack) জেলায় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ফের ভয়াবহ জঙ্গি হামলার ঘটনা ঘটল। বুধবার দুপুরে কুলগামের মীর বাজারের কাছে আকরান এলাকায় সিআরপিএফ (CRPF)-এর একটি রুটিন তল্লাশি চৌকিতে বাইকে করে এসে অতর্কিত হামলা চালায় একদল সশস্ত্র সন্ত্রাসবাদী। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, মাত্র ১৫ সেকেন্ডের মধ্যে অন্তত ৩০ রাউন্ড এলোপাথাড়ি গুলি চালিয়ে মুহূর্তের মধ্যে চম্পট দেয় হামলাকারীরা। এই ভয়াবহ নাতঙ্কবাদী হামলায় অন্তত তিন জন জওয়ান গুরুতর আহত হয়েছেন।
আশঙ্কামুক্ত ৩ জওয়ান, স্থানান্তরিত হাসপাতালে
সিআরপিএফ-এর সরকারি বিবৃতি অনুযায়ী, বুধবার দুপুর আড়াইটে নাগাদ ঘটনাটি ঘটে। জওয়ানরা সজাগ থাকলেও বাইকে আসা সন্ত্রাসবাদীরা আচমকা গুলিবর্ষণ করে পালাতে সক্ষম হয়। ঘটনার পরপরই রক্তাক্ত ৩ জওয়ানকে উদ্ধার করে নিকটবর্তী অনন্তনাগ জেলার একটি সরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
চিকিৎসকরা জানিয়েছেন, গুলিবিদ্ধ জওয়ানরা আপাতত আশঙ্কামুক্ত। আহত বীর জওয়ানরা হলেন—রাকেশ দাস, সন্তোষ চন্দ্রু এবং সোমবীর সিং। রাকেশ দাসের বাঁ পায়ে, সন্তোষ চন্দ্রুর পেটে ও মেরুদণ্ডে এবং সোমবীর সিংয়ের বাঁ বাহুতে গুলি লেগেছে।
এলজি-র সফরের দিনেই মেগা নাশকতা, অবরুদ্ধ কুলগাম
ঘটনার সময়ে জম্মু ও কাশ্মীরের লেফট্যানেন্ট গভর্নর (L-G) মনোজ সিনহা কুলগাম জেলাতেই এক প্রশাসনিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। উচ্চপর্যায়ের আধিকারিকের উপস্থিতি সত্ত্বেও এই ধরনের দুর্ধর্ষ হামলা নিরাপত্তা বেষ্টনী নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।
হামলার খবর পাওয়ামাত্রই পুরো এলাকা সাঁজোয়া গাড়ি ও অতিরিক্ত ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে যৌথ বাহিনী। মাইকিং করে সাধারণ নাগরিকদের ঘরে থাকার নির্দেশ দেওয়া হয়। সাইরেনের শব্দে কাঁপতে থাকা কুলগামজুড়ে চরম আতঙ্ক তৈরি হয়েছে।
দেশজুড়ে সতর্কতা ও সেনা অভিযান
উল্লেখ্য, গত মাসেই ছত্তিশগড়ের সুকমা জেলার আলামেড়গু ক্যাম্পে আইইডি (IED) নিষ্ক্রিয় করতে গিয়ে চারজন সিআরপিএফ আধিকারিক আহত হয়েছিলেন। তার ছায়া কাটতে না কাটতেই উপত্যকায় এই সিসিটিভি-ক্যাপচার্ড হামলা চিন্তার ভাঁজ ফেলেছে সেনা প্রধানদের কপালে। ঘটনার পরেই গোটা কুলগাম জেলাজুড়ে হাই-অ্যালার্ট জারি করা হয়েছে এবং পলাতক জঙ্গিদের খতম করতে ব্যাপক চিরুনি তল্লাশি শুরু করেছে সেনাবাহিনী ও জম্মু-কাশ্মীর পুলিশ।