‘আমার স্ত্রী ৯টা বিয়ে করেছেন, আমি সাত নম্বর’, আদালতে বিস্ফোরক নেতা

স্ত্রীর করা পণের দাবি ও গার্হস্থ্য হিংসার মামলার হাত থেকে বাঁচতে আদালতে গিয়ে এমন এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন এক স্থানীয় রাজনৈতিক নেতা, যা শুনে রীতিমতো চোখ কপালে উঠেছে সকলের। কর্নাটকের হোসাপেটের বাসিন্দা ৪৯ বছর বয়সি ওই নেতার দাবি, তাঁর স্ত্রী মোট ৯টি বিয়ে করেছেন এবং তিনি নিজে ওই মহিলার ৭ নম্বর স্বামী! দু’পক্ষের সমস্ত সওয়াল-জবাব ও নথিপত্র খতিয়ে দেখার পর অবশেষে ওই রাজনৈতিক নেতার পক্ষেই রায় দিয়েছে কর্ণাটক হাইকোর্ট। খারিজ করে দেওয়া হয়েছে স্ত্রীর আনা সমস্ত ফৌজদারি মামলা।

ঠিক কী হয়েছিল ঘটনাটি?

কর্নাটকের হোসাপেটের ওই রাজনৈতিক নেতার বিরুদ্ধে পণের দাবিতে শারীরিক ও মানসিক নির্যাতন এবং মারধরের অভিযোগ এনেছিলেন তাঁর স্ত্রী। স্ত্রীর এই অভিযোগের ভিত্তিতে উদুপি আদালতে একটি ফৌজদারি মামলাও শুরু হয়। আইনি প্রক্রিয়া ও হেনস্থা এড়াতে শেষ পর্যন্ত হাইকোর্টের দ্বারস্থ হন ওই রাজনীতিক।

হাইকোর্টে শুনানির সময় স্বামী দাবি করেন, ২০০৪ সাল থেকেই ওই মহিলা একের পর এক বিয়ে করে আসছেন। তাঁর প্রথম বিয়ের সময় বয়স ছিল মাত্র ১৬ বছর। আর অভিযুক্ত নেতার সঙ্গে যখন তাঁর বিয়ে হয়, তখন তিনি ছিলেন ওই মহিলার সপ্তম স্বামী। স্বামীর আরও গুরুতর অভিযোগ, বিয়ের কিছুদিন পর থেকেই প্রথমে স্বামীর সঙ্গে অশান্তি ও আইনি ঝামেলা পাকানো এবং পরবর্তীতে মোটা অঙ্কের টাকার বিনিময়ে মামলা তুলে নিয়ে সমঝোতা করাই ওই মহিলার পুরনো অভ্যাস। নিজের এই সমস্ত দাবির সপক্ষে আদালতে বেশ কিছু গোপন নথিও জমা দেন তিনি।

স্ত্রীর পাল্টা সাফাই

স্বামীর আনা সমস্ত অভিযোগ সরাসরি খারিজ করে দিয়েছেন ওই মহিলা। তাঁর দাবি, তিনি ৯ বার নয়, মাত্র চারবার বিয়ে করেছেন। আগের স্বামী বা স্বামীর সঙ্গে আইনি বিচ্ছেদ কিংবা ইসলামিক রীতি অনুযায়ী ‘খুলা’ সম্পন্ন হওয়ার পরেই তিনি পরবর্তী পদক্ষেপ করেছেন বলে তাঁর দাবি। স্বামীর জমা দেওয়া সমস্ত নথিপত্র সম্পূর্ণ জাল বলেও দাবি করেছেন ওই মহিলা।

কী রায় দিল হাইকোর্ট?

উভয় পক্ষের বক্তব্য শোনার পর এবং জমা দেওয়া সমস্ত নথি খতিয়ে দেখে কর্ণাটক হাইকোর্ট জানিয়েছে, মহিলার করা অভিযোগের সপক্ষে যথেষ্ট কোনো অকাট্য প্রমাণ নেই। তাছাড়া, আইনি ফৌজদারি মামলা টিকিয়ে রাখার মতো প্রয়োজনীয় উপাদানও তদন্তে পাওয়া যায়নি। আদালতের স্পষ্ট পর্যবেক্ষণ, নিছক চার্জশিট জমা পড়লেই কোনো অপরাধ প্রমাণিত হয়ে যায় না। এরপরই ওই রাজনৈতিক নেতার আবেদন মঞ্জুর করে হাইকোর্ট স্ত্রীর করা ফৌজদারি মামলাটি সম্পূর্ণ খারিজ করে দেয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *