“সরকার যা করছে তা কিচ্ছু নয়!” ভারতের দূষণ নিয়ে তোলপাড় ফেলা মন্তব্য WHO-র বিজ্ঞানী

রোগ-জীবাণু তো রয়েছেই, কিন্তু তার চেয়েও বর্তমানে অনেকগুণ বড় এবং নিঃশব্দ বিপদের নাম হলো মারাত্মক বায়ুদূষণ। আর ভারতের ক্ষেত্রে এই পরিস্থিতি ইতিমধ্যে চরম সংকটজনক পর্যায়ে পৌঁছে গিয়েছে বলে সতর্কবার্তা দিলেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) প্রাক্তন প্রধান বিজ্ঞানী তথা বিশিষ্ট গবেষক ডা. সৌম্য স্বামীনাথন। সম্প্রতি ‘ইন্ডিয়া টুডে’কে দেওয়া এক এক্সক্লুসিভ সাক্ষাৎকারে তিনি স্পষ্ট ভাষায় জানিয়েছেন, বায়ুদূষণকে আর কোনোভাবেই কেবল পরিবেশগত সমস্যা বলে এড়িয়ে যাওয়ার উপায় নেই; এটি এখন দেশের এক নম্বর জনস্বাস্থ্য সংকট। করোনা অতিমারির সময় যেভাবে জরুরি ভিত্তিতে লড়াই চালানো হয়েছিল, দূষণ নিয়ন্ত্রণের ক্ষেত্রেও ঠিক তেমনই যুদ্ধকালীন পদক্ষেপ করা প্রয়োজন। সরকারের বর্তমান প্রচেষ্টা প্রয়োজনের তুলনায় একেবারেই অপ্রতুল।
ডঃ স্বামীনাথনের মতে, দূষিত বাতাসের মার সবচেয়ে বেশি পোহাতে হচ্ছে গর্ভবতী মহিলা ও কোমলমতি শিশুদের। গর্ভস্থ ভ্রূণের শরীরেও এই বিষাক্ত বাতাসের মারাত্মক প্রভাব পড়তে পারে। ছোট বয়সে শিশুদের ফুসফুস, মস্তিষ্ক এবং অন্যান্য শারীরিক অঙ্গগুলি বিকশিত হতে থাকে। এই সময়ে দূষণের কবলে পড়লে তাদের স্বাভাবিক শারীরিক ও মানসিক বিকাশ চিরতরে বাধাগ্রস্ত হতে পারে। আর এই দীর্ঘমেয়াদি বা লং-টার্ম এফেক্টের খেসারত দিতে হতে পারে জীবনের প্রতিটি ধাপে।
ক্যানসার থেকে হার্ট অ্যাটাক— গ্রাস করছে মারণ রোগ
বায়ুদূষণের জেরে সাধারণ মানুষের শরীরে কেবল শ্বাসকষ্ট বা হাঁপানির মতো সমস্যাই বাসা বাঁধছে না, এর হাত ধরে পাল্লা দিয়ে বাড়ছে—
-
হৃদরোগ বা হার্ট অ্যাটাক
-
ফুসফুসের ক্যানসার
-
ডায়াবিটিস
-
মারাত্মক স্নায়ুরোগ
সবচেয়ে ভয়ের বিষয় হলো, জীবনে কোনো দিন ধূমপান করেননি এমন সুস্থ মানুষের শরীরেও এখন ফুসফুসের ক্যানসার ধরা পড়ছে, যা চিকিৎসকদেরও ভাবিয়ে তুলেছে। তাঁর হিসাব অনুযায়ী, বর্তমানে ভারতে প্রতি বছর প্রায় ২০ লক্ষ মানুষ কেবল এই বায়ুদূষণজনিত কারণে আকস্মিক মৃত্যুর শিকার হচ্ছেন।
১০ বছরের দীর্ঘমেয়াদি পরিকল্পনার তাগিদ
দিল্লির মতো বড় শহরগুলিতে দূষণ চরম সীমায় পৌঁছানোর পর ‘GRAP’-এর মতো কড়া বিধিনিষেধ জারি করা হয়। কিন্তু ডঃ স্বামীনাথনের দ্ব্যর্থহীন মত, বিপদ মাথার ওপর এসে পড়ার পর তড়িঘড়ি ব্যবস্থা নিয়ে আর যাই হোক বড় ক্ষতি আটকানো সম্ভব নয়। এর জন্য অন্তত ১০ বছরের সুনির্দিষ্ট এবং নিখুঁত পরিকল্পনা প্রয়োজন। গাড়ির ধোঁয়া, কলকারখানার বর্জ্য গ্যাস, আবর্জনা পোড়ানো এবং গ্রামাঞ্চলের রান্নার জ্বালানি থেকে তৈরি ধোঁয়া শক্তহাতে দমন করতে হবে।
কেন্দ্র ও রাজ্য সরকারকে রাজনৈতিক মতভেদ ভুলে একসঙ্গে হাত মিলিয়ে কাজ করার আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে স্বাস্থ্য, আবহাওয়া এবং দূষণের রিয়েল-টাইম ডেটা সংগ্রহ করে একটি সমন্বিত জাতীয় ডেটাবেস তৈরির ওপর বিশেষ জোর দিয়েছেন ডঃ সৌম্য স্বামীনাথন।