সুমিত রায়কে নিয়ে বিস্ফোরক আশঙ্কা! জরুরি শুনানির আর্জি উড়িয়ে দিল কলকাতা হাইকোর্ট

তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে ঘিরে রাজ্য রাজনীতিতে তীব্র চাঞ্চল্য অব্যাহত। কদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আশঙ্কা প্রকাশ করেছিলেন যে সুমিত রায়কে পুলিশি এনকাউন্টার করা হতে পারে। আর এবার ঠিক একই রকম ভয়াবহ আশঙ্কাক প্রকাশ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন সুমিতের স্ত্রী সুস্মিতা রায়। স্বামীর জীবনের নিরাপত্তা চেয়ে তিনি জরুরি ভিত্তিতে শুনানির আবেদন জানালেও আদালত সেই আর্জি খারিজ করে দিয়েছে।

আদালতের অবস্থান ও সুমিতের আইনি লড়াই: একাধিক গুরুতর দুর্নীতির মামলায় অভিযুক্ত সুমিত রায় দীর্ঘদিন আদালতের রক্ষাকবচ পেলেও তা পরবর্তীতে সরে যায়। এরপরই রাজ্য পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। সময় এগোনোর সঙ্গে সঙ্গে তাঁর বিরুদ্ধে আরও একাধিক অভিযোগ সামনে আসতে শুরু করে। সম্প্রতি ডায়মন্ড হারবার পুলিশ জেলার অন্তর্গত কালীতলা আশুতি থানার পুলিশ একটি জমি কেলেঙ্কারির মামলায় তাঁকে নতুন করে গ্রেপ্তার করে। শুধু তাই নয়, তাঁর গ্রেপ্তারের পরেই ডায়মন্ড হারবারের একটি তৃণমূল পার্টি অফিস থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় সুমিতের নাম জড়ায়, যা নিয়ে রাজনৈতিক মহলে তুমুল শোরগোল পড়ে যায়।

পুলিশের এই আগ্রাসী ভূমিকা এবং একের পর এক মামলায় সুমিতের ফেঁসে যাওয়াকে কেন্দ্র করেই তাঁর পরিবার এখন চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। স্ত্রীর করা জরুরি শুনানির আর্জি খারিজ করে হাইকোর্ট জানিয়েছে, যেহেতু সুমিতের বিরুদ্ধে অন্যান্য বেঞ্চেও একাধিক মামলা বিচারাধীন রয়েছে, তাই এই মামলার শুনানি নির্দিষ্ট বা নিয়মিত বেঞ্চেই হবে। সুমিত রায়কে ঘিরে চলা এই টানাপোড়েন এখন রাজনৈতিক মহলের হটস্পট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *