‘ভারতই আমার ঘর, সন্তানদেরও ঘর!’ ইতালির মেয়ে থেকে গান্ধী পরিবারের কত্রী—সোনিয়া গান্ধীর কান্না ভেজা গোপন গল্প

একদিকে স্বামীকে হারানোর অসহনীয় যন্ত্রণা, অন্যদিকে দুই সন্তানকে নিয়ে অনিশ্চিত ভবিষ্যৎ—১৯৯১ সালের ২১ মে-র সেই অভিশপ্ত রাত মুহূর্তে তছনছ করে দিয়েছিল সোনিয়া গান্ধীর সাজানো সংসার। তামিলনাড়ুর শ্রীপেরুম্বুদুরে ভয়াবহ আত্মঘাতী বিস্ফোরণে প্রাণ হারিয়েছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। এমন পরিস্থিতিতে চরম ভেঙে পড়া সোনিয়াকে তাঁর বোন পরামর্শ দিয়েছিলেন জন্মভূমি ইতালিতে ফিরে যাওয়ার জন্য। চাইলেই তিনি ফিরে যেতে পারতেন, কিন্তু যাননি। কিন্তু কেন? যে দেশ একদিন তাঁর কাছে ছিল সম্পূর্ণ অচেনা, সেই দেশই কীভাবে হয়ে উঠল তাঁর চিরকালের ঘর?

সদ্য প্রকাশিত নিজের আবেগঘন আত্মজীবনী ‘Belonging: A Journey of Love’-এ জীবনের সেই মর্মান্তিক ও হৃদয়বিদারক অধ্যায়ের কথা তুলে ধরেছেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সোনিয়া গান্ধী।

‘ভারতই আমার ঘর, আমার সন্তানদেরও ঘর’: বইটিতে সোনিয়া গান্ধী অকপটে জানিয়েছেন, রাজীবকে হারানোর পর তাঁর বোন তাঁকে বারবার ইতালিতে ফিরে যাওয়ার কথা বললেও তিনি রাজি হননি। সোনিয়ার কথায়, “India was my home, my children’s home” (ভারতই ছিল আমার ঘর, আমার সন্তানদেরও ঘর)। জন্ম ইতালিতে হলেও এই মাটিতেই ছিল তাঁর প্রেম, সংসার, মাতৃত্ব আর রাজীবের সঙ্গে কাটানো অসংখ্য স্মৃতি। তাই সর্বস্ব হারিয়েও রাজীবের স্মৃতি জড়ানো এই দেশকে ছেড়ে যাওয়ার কথা তিনি স্বপ্নেও ভাবতে পারেননি।

অন্ধকার ঘরে একা রাজীবের স্মৃতি আর মোৎজার্টের সুর: রাজীবের মৃত্যুর পর সোনিয়া কতটা ভেঙে পড়েছিলেন, তার করুণ চিত্র তুলে ধরেছেন মেয়ে প্রিয়াঙ্কা গান্ধীও। আত্মজীবনীতে উল্লেখ করা হয়েছে, রাজীবের মৃত্যুর পর দিনের পর দিন একটি অন্ধকার ঘরে একা বসে থাকতেন সোনিয়া, আর ব্যাকগ্রাউন্ডে বাজত মোৎজার্টের শোকসংগীত ‘Requiem’। আকস্মিক এই শোক সামলে দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে জীবনকে নতুন করে গুছিয়ে নেওয়াটা ছিল তাঁর কাছে চরম সংগ্রামের।

ইন্দিরা হত্যা ও মৃত্যুর আতঙ্ক: সোনিয়া লিখেছেন, রাজীবের মৃত্যুই তাঁর জীবনের প্রথম ট্র্যাজেডি ছিল না। ১৯৮৪ সালে শাশুড়ি ইন্দিরা গান্ধীর নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই রাজীবের নিরাপত্তা নিয়ে চরম আতঙ্কে দিন কাটাতেন তিনি। রাজনৈতিক হিংসা ও অনিশ্চয়তা তাঁদের পরিবারকে এতটাই তাড়া করে বেড়াত যে, রাজীব ও সোনিয়া নিজেদের শেষকৃত্য কীভাবে সম্পন্ন হবে, তা নিয়েও আগে থেকে নোট লিখে রেখেছিলেন!

Cambridge-এ পড়ার সময় রাজীবের সঙ্গে পরিচয় ও ১৯৬৮ সালে বিয়ে। একজন ইতালীয় তরুণী থেকে ভারতের অন্যতম প্রভাবশালী রাজনৈতিক ব্যক্তিত্ব হয়ে ওঠার এই দীর্ঘ যাত্রায় সোনিয়া প্রমাণ করেছেন—ভালোবাসা সত্যিই মানুষের ঠিকানা বদলে দেয়। রাজীবের চিরবিদায়ের পরও তিনি ভারতের মাটিকে আঁকড়ে ধরে রেখেছিলেন শুধুই এক আত্মিক টানে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *