পরকীয়া কাণ্ডে চীনা গুপ্তচরের ছায়া! ২৪ ঘণ্টায় ৭৪০ কোটি ডলার হারিয়ে খোরপোশের আশঙ্কায় এনভিডিয়ার সিইও

কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) বিপ্লবের কারিগর হিসেবে যিনি বিশ্বজুড়ে পরিচিত, সেই টেক-দৈত্য এনভিডিয়া (Nvidia)-র সিইও জেনসেন হুয়াং (Jensen Huang) এবার নিজের ব্যক্তিগত জীবন ও কেলেঙ্কারির কারণে খবরের শিরোনামে। এক সহকর্মীর সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পরই হুড়মুড় করে পড়েছে এনভিডিয়ার শেয়ারের দাম। তার ওপর ওই মহিলার সঙ্গে বিদেশি গুপ্তচর সংস্থার যোগ থাকার আশঙ্কায় তদন্ত শুরু হতেই আন্তর্জাতিক প্রযুক্তি মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
২৪ ঘণ্টায় ৭৪০ কোটি ডলার উধাও, ধস সম্পত্তির পরিমাণে
সংস্থার এক শীর্ষস্তরের নারী কর্মীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ওঠার পর, হুয়াং প্রকাশ্যে স্বীকার করেছেন যে তিনি তাঁর স্ত্রী লরি হুয়াংয়ের প্রতি অবিশ্বস্ত ছিলেন। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, ওই মহিলা চিনের হয়ে গোপন তথ্য সংগ্রহের কাজে যুক্ত থাকতে পারেন। এই মারাত্মক খবরটি সামনে আসতেই টেক-পাড়ায় তোলপাড় শুরু হয় এবং ব্লুমবার্গ ও ফোর্বসের হিসাব অনুযায়ী মাত্র একদিনের মধ্যেই হুয়াংয়ের ব্যক্তিগত সম্পত্তি কয়েকশো কোটি ডলার কমে যায়।
ফোর্বসের (Forbes) রিপোর্ট অনুযায়ী, ট্রেডিং শুরু হওয়ার প্রথম ৩০ মিনিটের মধ্যেই জেনসেন হুয়াংয়ের সম্পদ ৭.৪ বিলিয়ন (৭৪০ কোটি) ডলার কমে ১৫৪.৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। এর ফলে বিশ্ব ধনকুবেরদের তালিকায় তিনি অষ্টম থেকে দশম স্থানে নেমে গেছেন। এখন তাঁর আগে উঠে এসেছেন ওরাকলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন এবং বার্কশায়ার হ্যাথওয়ের সিইও ওয়ারেন বাফেট।
ডিভোর্স হলে কত অঙ্কের খোরপোশ? বাড়ছে আশঙ্কা
এই কেলেঙ্কারি প্রকাশ্যে আসার পর থেকে বিশ্ব পুঁজিবাজারে নতুন করে আলোড়ন সৃষ্টি হয়েছে। যদি শেষ পর্যন্ত এই দম্পতির বিচ্ছেদ ঘটে, তবে আইনি জটিলতায় হুয়াংয়ের ১৫০ বিলিয়ন ডলারেরও বেশি সম্পত্তির একটি বিশাল অংশ খোরপোশ হিসেবে হাতছাড়া হতে পারে। যদিও এই মুহূর্তে দম্পতির তরফ থেকে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স ফাইল করার কোনো খবর নেই, তবুও সম্ভাব্য আর্থিক ক্ষতির অংক দেখে চক্ষু চড়কগাছ বিশেষজ্ঞ মহলের।
কর্মীদের উদ্দেশে পাঠানো এক বিবৃতিতে হুয়াং নিজের ভুলের কথা স্বীকার করে স্ত্রী ও সন্তানদের কাছে ক্ষমা চেয়েছেন এবং কোম্পানির অভ্যন্তরীণ স্বাধীন তদন্তে পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
কী বলছে এনভিডিয়া বোর্ড?
এনভিডিয়া বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়া কিংবা কোম্পানির কোনো প্রযুক্তিগত গোপন তথ্য ফাঁস হওয়ার সংক্রান্ত কোনো জোরালো প্রমাণ এখনও পর্যন্ত পাওয়া যায়নি। ফলে জেনসেন হুয়াং এখনও কোম্পানির শীর্ষ পদেই বহাল রয়েছেন।
তবে বিশ্বজুড়ে চলমান এআই বিপ্লবের একদম কেন্দ্রস্থলে রয়েছে এনভিডিয়া। তাই কোম্পানির সিইও-র ব্যক্তিগত জীবনের অসাবধানতা ও অনিশ্চয়তা সামগ্রিক প্রযুক্তি শেয়ার বাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন আন্তর্জাতিক অর্থ ও বাজার বিশ্লেষকরা।