“আন্টি সার্থকের অবস্থা খুব খারাপ!”-গড়িয়ার ল-এর ছাত্রীর ফ্ল্যাটে নৃশংস হত্যাকাণ্ডের শিহরণ জাগানো গল্প

গড়িয়ার ফরতাবাদের একটি ফ্ল্যাটে সফটওয়্যার ইঞ্জিনিয়ার সার্থক সরকারের মর্মান্তিক ও নৃশংস হত্যাকাণ্ড ঘিরে তদন্তে নামতেই চাঞ্চল্যকর সত্য উঠে এসেছে। শনিবার রাতে সার্থকের রক্তে ভেসে যাওয়া দেহ উদ্ধারের পর পুলিশি তদন্তের জালে আটক হয়েছেন তাঁর প্রেমিকা সঞ্চালিকা বসু এবং প্রেমিকার মা মৌমিতা বসু। তবে এই হত্যাকাণ্ডের মূল কারণ কি শুধুই পারিবারিক বচসা, নাকি এর নেপথ্যে জড়িয়ে রয়েছে কোনো আর্থিক লেনদেন বা অন্য কোনো জটিল রহস্য—তা খতিয়ে দেখছে পুলিশ।

ঠিক কী ঘটেছিল সেই রাতে?

পুলিশের প্রাথমিক তদন্ত সূত্রে জানা গিয়েছে, ঘটনার দিন শনিবার রাতে গড়িয়ার ফ্ল্যাটে বসে সার্থক ও আইন (Law)-এর ছাত্রী সঞ্চালিকা একসঙ্গে মদ্যপান করছিলেন। মদ্যপ অবস্থাতেই তাঁদের মধ্যে কথাবার্তা কাটাকাটি শুরু হয়। এর মধ্যেই নিজের কলেজের পরীক্ষার ফি জমা দেওয়া নিয়ে মায়ের সঙ্গে প্রচণ্ড বচসায় জড়িয়ে পড়েন সঞ্চালিকা। সেই পারিবারিক অশান্তি থামাতে মধ্যস্থতা করতে এগিয়ে যান সার্থক।

আর তাতেই ঘটে চরম বিপত্তি। ঝামেলা মেটাতে গিয়ে সার্থকের ওপরেই উল্টে চড়াও হন সঞ্চালিকা। দু’জনের মধ্যে তুমুল বাকবিতণ্ডা শুরু হলে চিৎকার-চেঁচামেচি শুনে রান্নাঘর থেকে ছুটে আসেন সঞ্চালিকার মা মৌমিতা বসু। বচসা চলাকালীনই আচমকা রান্নাঘর থেকে ধারালো অস্ত্র এনে সার্থকের গলায় সজোরে কোপ বসিয়ে দেন সঞ্চালিকা।

“ব্লিডিং হচ্ছে, জলদি এসো!” সার্থকের বাড়িতে ফোন সঞ্চালিকার:

বারাসতের বাসিন্দা নিহত সার্থকের পরিবারের পক্ষ থেকে এক রোমহর্ষক ঘটনার বিবরণ দেওয়া হয়েছে। সার্থকের বাবা সুজয় সরকার জানান, রাত পৌনে ১টা নাগাদ সার্থকের ফোনে প্রেমিকা সঞ্চালিকার একটি কল আসে। সঞ্চালিকা সার্থকের বোনকে ফোনে বলে, “ভাইয়ের অবস্থা খুব খারাপ, তাড়াতাড়ি চলে এসো!”

সার্থকের পরিবার সঙ্গে সঙ্গে সঞ্চালিকাকে পরামর্শ দেয় রক্তক্ষরণ বন্ধ করতে ক্ষতস্থান শক্ত করে চেপে ধরে দ্রুত হাসপাতালে নিয়ে যেতে। সার্থকের মা-ও সঞ্চালিকাকে ফোন করলে সঞ্চালিকা কান্নাকাটি করে বলে, “আন্টি, সার্থকের অবস্থা খুব খারাপ, প্রচুর ব্লিডিং হচ্ছে।” কিন্তু সার্থকের পরিবারের লোকেরা তড়িঘড়ি গড়িয়ার ফ্ল্যাটে পৌঁছে দেখেন সার্থকের গলার নালী প্রায় ক্ষতবিক্ষত ও ফুটো হয়ে গেছে এবং তিনি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন।

পরিবারের বক্তব্য ও ফরেনসিক তদন্ত:

ঘটনার প্রত্যক্ষদর্শী সঞ্চালিকার দাদু অরুণ কুমার বসু জানান, ল-পড়ুয়া নাতনি ও তাঁর মায়ের মধ্যে কলেজের ফি জমা দেওয়া নিয়ে প্রথমে অশান্তি শুরু হয়েছিল। নাতনি অভিযোগ করছিল যে অন্য সবার ফি জমা পড়ে গেলেও কেন তাঁর টাকা দেওয়া হয়নি। তিনি আরও জানান, মেয়ে যখন রান্নাঘরে রুটি করছিল, তখনই হঠাৎ চিৎকার শুনে গিয়ে দেখেন সার্থকের গলা থেকে গলগল করে রক্ত ঝরছে।

ঘটনার তদন্তে গতি আনতে গড়িয়ার ফ্ল্যাটে ইতিমধ্যেই ফরেনসিক টিম গিয়ে নমুনা সংগ্রহ করেছে। সার্থকের দেহ যে ঘর থেকে পাওয়া গিয়েছিল, সেখানেই সঞ্চালিকা ও তাঁর মা মৌমিতাকে মুখোমুখি বসিয়ে ম্যারাথন জেরা চালাচ্ছে নরেন্দ্রপুর ও গড়িয়া থানার পুলিশ। এমনকি ঘটনার পুনর্নির্মাণ (Reconstruction) সম্পন্ন হয়েছে। মদ্যপ অবস্থায় পারিবারিক বিবাদ নাকি অন্য কোনো পুরানো আক্রোশ থেকে এই খুন—দুই অভিযুক্তকে হেফাজতে নিয়ে তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *