“পকেটে টাকার লোভ দেখিয়ে করানো হচ্ছে বোমাবাজি!” নিষিদ্ধ সংগঠন নাকি বড় চক্রান্ত? পর্দাফাঁস পুলিশের!

আবারও ৯০-এর দশকের সেই রক্তাক্ত ও ভীতিপ্রদ রাজনৈতিক দূর্যোগের ছায়া বাংলাদেশের বুকে! রবিবার সন্ধ্যা থেকে গভীর রাত পর্যন্ত রাজধানী ঢাকার একের পর এক এলাকা কেঁপে উঠল পরপর ককটেল (দেশি বোমার) বিস্ফোরণ ও বাসে অগ্নিকাণ্ডের ঘটনায়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণেই অল্প সময়ের ব্যবধানে ৬ থেকে ৯টি ককটেল ফাটানো হয়েছে। নীলক্ষেত মোড়, টিএসসি, সিআইডি কার্যালয় থেকে শুরু করে থানা প্রাঙ্গণ— বাদ পড়েনি কিছুই। এক রাতেই ১০টি থানায় ১৫ থেকে ২০টি বিস্ফোরণ ও নাশকতার ঘটনায় চরম আতঙ্কে সাধারণ মানুষ, শিক্ষার্থী ও অভিভাবকরা।
ফ্লাইওভার থেকে থানা প্রাঙ্গণে ককটেল নিক্ষেপ!
রবিবার সন্ধ্যা পৌনে ৭টা নাগাদ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে শুরু হয় এই তাণ্ডব। সেনেট ভবন, টিএসসি মেট্রো স্টেশন, সুফিয়া কামাল হলের সামনে পর পর ককটেল ফাটিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। এরপরই ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় তাণ্ডব।
-
ফ্লাইওভার থেকে হামলা: মালিবাগ ফ্লাইওভারের ওপর থেকে বাইকে চেপে আসা দুষ্কৃতীরা মালিবাগে সিআইডি (CID) হেডকোয়ার্টারের সামনে ককটেল ছুড়ে মারে।
-
থানায় ককটেল: সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ পল্লবী থানা প্রাঙ্গণ লক্ষ্য করে ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করা হয়, যাতে একজন আহত হয়েছেন।
-
শিক্ষার্থীবাসে আগুন: ভাটারা এলাকায় জলসিঁড়ি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের একটি দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীবাসে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এ ছাড়া মিরপুর, সনি সিনেমা হলের সামনে, পান্থপথ, তেজগাঁও সাউথ ইস্ট ইউনিভার্সিটির সামনে এবং যাত্রাবাড়ীসহ একাধিক এলাকা এই হামলায় কেঁপে ওঠে।
তদন্তে বিস্ফোরক তথ্য: টাকার বিনিময়ে নিয়োগ করা হচ্ছে যুবকদের!
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন জানিয়েছেন, “রবিবার এক রাতেই ঢাকার অন্তত ১০টি এলাকায় ১৫ থেকে ২০টি এই ধরণের ঘটনা ঘটেছে। হাতেনাতে ও সন্দেহভাজন হিসেবে ১৫ জনেরও বেশি অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।”
পুলিশের মিডিয়া বিভাগ থেকে জানানো হয়েছে, গত ১ অক্টোবর থেকে ৮ নভেম্বর পর্যন্ত দেশব্যাপী ৩১টি ককটেল বিস্ফোরণ এবং ১৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনা নথিভুক্ত করা হয়েছে। এ পর্যন্ত মোট ৫১ জনকে গ্রেফতার করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনীর প্রাথমিক ধারণা, দেশের পরিস্থিতি অস্থিতিশীল করতেই পরিকল্পিতভাবে এই কাজ চালানো হচ্ছে। ডিএমপি সূত্রে দাবি করা হয়েছে, “কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত সংগঠন— বিশেষ করে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের সদস্যরা এসব ঘটনার সঙ্গে জড়িত। কিছু কিছু ক্ষেত্রে অর্থের বিনিময়ে বা ভাড়ায় লোক নিয়ে এসে এই নাশকতা চালানো হচ্ছে।” পুলিশের বড় একটি অংশের মতে, শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টির লক্ষ্যেই দেশকে অস্থিতিশীল করার এই ছক।
“নিজেদের লোককে দিয়ে করিয়ে দায় ছাপাচ্ছে!” তোপ তৃণমূল আওয়ামী লীগের
তবে পুলিশের এই সমস্ত অভিযোগ কড়া ভাষায় অস্বীকার করেছে আওয়ামী লীগ নেতৃত্ব। দলটিকে রাজনৈতিকভাবে বিতর্কিত করতেই এমন নাটক সাজানো হচ্ছে বলে তাঁদের পালটা দাবি।
আওয়ামী লীগের মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত তোপ দেগে বলেন,
“ককটেল বিস্ফোরণের ঘটনায় ধৃতদের অনেকেই নিজেদের বিএনপি কর্মী বলে দাবি করেছে— যা বাংলাদেশের মূলধারার গণমাধ্যমেই উঠেছে। ওরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, সবাইকে গ্রেফতার করেছে, তাও জনসমর্থন কাড়তে পারছে না। তাই এখন নিজেদের লোক দিয়ে অগ্নিসন্ত্রাস ও বোমাবাজি করিয়ে দোষ চাপাচ্ছে আওয়ামী লীগের ঘাড়ে।”
তিনি আরও সাফ জানিয়ে দেন যে, দু-একটি ককটেল ফাটিয়ে শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করার কোনো যুক্তি নেই, তিনি জনগণের সমর্থন নিয়েই ফিরবেন। অন্যদিকে দলটির যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিমের দাবি, আওয়ামী লীগের প্রতি জনগণের ক্রমবর্ধমান সমর্থনকে প্রশ্নবিদ্ধ করতেই এই অপপ্রচার চালানো হচ্ছে।