ইন কুত্তোঁ কে সামনে মত নাচনা!” কালীপুজোর মণ্ডপে গব্বর-বীরু-বসন্তী! নিমেষে ভাইরাল উত্তরের এই পুজো!

‘ইয়ে দোস্তি হাম নেহি তোড়েঙ্গে…’— কালজয়ী এই গানটি শোনেননি এমন ভারতীয় মেলা ভার! ১৯৭৫ সালের ১৫ আগস্ট মুক্তি পাওয়া রমেশ সিপ্পির ‘শোলে’ শুধুই একটি সিনেমা নয়, ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। বন্ধুত্ব, প্রেম, ডাকাতি ও প্রতিহিংসার সেই জীবন্ত রোমাঞ্চকে এবার সিনেমার পর্দা থেকে সোজা পুজো মণ্ডপে নামিয়ে আনল ডুয়ার্সের মালবাজারের এসি মিলান ক্লাব।
২৮তম বর্ষে পদার্পণ করে এসি মিলান ক্লাব তাদের কালীপুজোর থিম হিসেবে তুলে ধরেছে ১৯৭৫ সালের কাল্ট ক্লাসিক ‘শোলে’-কে। মণ্ডপে পা রাখলেই মনে হবে আপনি যেন সশরীরে পৌঁছে গিয়েছেন এক টুকরো রামগড়ে!
মণ্ডপে জীবন্ত গব্বর, ঠাকুর, জয়-বীরু ও বসন্তী!
মণ্ডপের প্রবেশদ্বারে ঢুকতেই চোখ টানবে ‘শোলে’র সুবিশাল কৃত্রিম টিকিট ঘর এবং মাথার ওপর ঝুলতে থাকা আইকনিক পোস্টার। ভেতরে এগোলেই নজরে আসবে একের পর এক ঐতিহাসিক দৃশ্য।
-
রামগড় রেলস্টেশন ও জেলখানা: যেখানে খোদ ‘আংরেজো কে জামানে কে জেলার’ আর সুরমা ভূপালীর উপস্থিতি নস্টালজিক করে তুলবে দর্শনার্থীদের।
-
লণ্ঠন হাতে একা জয়া: সঞ্জীব কুমার অভিনীত ঠাকুর বলদেব সিংয়ের বাড়ির ব্যালকনিতে হাতে লণ্ঠন নিয়ে দাঁড়িয়ে থাকা একাকী জয়া বচ্চন (রাধা)।
-
বসন্তীর জন্য বীরুর তাণ্ডব: বিশাল জলের ট্যাঙ্কের ওপর থেকে ধর্মেন্দ্র ওরফে বীরুর সেই ঐতিহাসিক প্রেম নিবেদন।
-
গুহার ভেতর গব্বরের ডেরা: পাহাড়ের নির্জন গুহার ব্যাকড্রপে বিশাল হাত বাঁধা অবস্থায় দাঁড়িয়ে থাকা জয়-বীরু এবং গব্বরের সেই বিখ্যাত হুঙ্কার— “ইন কুত্তোঁ কে সামনে মত নাচনা!”
শুধু চরিত্র নয়, জয়-বীরুর সেই বিখ্যাত ৩ চাকার সাইডকার বাইক থেকে শুরু করে ঘোড়ার গাড়ি চড়ে চম্বলের ডাকাতদের হাত থেকে বসন্তীর প্রাণপণ পালানোর দৃশ্যও নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে। মণ্ডপের মূল আলো-আঁধারির গুহার ভেতরেই বিরাজ করছেন দেবী কালী।
আবেগে ভাসছেন দর্শনার্থীরা
মণ্ডপে ঢোকার পর থেকে বড়দের মধ্যে শুরু হয়ে যাচ্ছে নস্টালজিয়ার ঝড়। খুদেদের হাত ধরে তারা চেনাচ্ছেন— “বল তো এটা কে?” কিংবা ডায়লগ ছুড়ে দিচ্ছেন, “কিতনে আদমি থে!”
মণ্ডপের আনুষ্ঠানিক উদ্বোধনে এসে স্থানীয় মালবাজারের বিধায়ক শুক্রা মুণ্ডা বিস্ময় প্রকাশ করে বলেন,
“বিশ্বাসই করা যাচ্ছে না যে এমন অসাধারণ ও বৈপ্লবিক ভাবনায় পুজো মণ্ডপ তৈরি হতে পারে! এটি সত্যিই প্রশংসনীয়।”
৩ বছরের পরিশ্রমের ফসল
ক্লাবের অন্যতম কর্মকর্তা দীপ ঘোষ ও রাজীব অধিকারী জানান, গত ৩ বছর ধরে তাঁদের ইচ্ছে ছিল এই থিমটি করার। অবশেষে এ বছর সেই স্বপ্ন বাস্তবায়িত হয়েছে।
থিম ভাবনাকে নিখুঁত রূপ দেওয়া ‘মডেল ডেকরেটর’-এর কর্ণধার সুপ্রতিম সরকার বলেন,
“স্বল্প পরিসরের মধ্যে ভারতীয় চলচ্চিত্রের সবথেকে বড় কাল্ট ছবিকে তুলে ধরা একটা বিরাট চ্যালেঞ্জ ছিল। তবে আমরা ইতিহাস ও নস্টালজিয়াকে এক সুতোয় বাঁধার চেষ্টা করেছি।”
দীপাবলির উৎসবে মালবাজারের এই রামগড় দেখতে এখন আশপাশের এলাকা থেকেও উপচে পড়ছে দর্শনার্থীদের ভিড়। নস্টালজিয়ার টানে শোলের সেই জয়-বীরুর দোস্তি উপভোগ করতে আপনারাও ঘুরে আসতে পারেন মালবাজারের এই ঐতিহ্যবাহী মণ্ডপে!