পারিবারিক অনুষ্ঠানে রাজনীতির নোংরামি নয়!” পাকিস্তান ও ভারতবাসীকে কেন বিয়ের নিমন্ত্রণ পাঠাচ্ছেন বহিষ্কৃত বিধায়ক?

মেয়ের বিয়ে বলে কথা, তাতে কোনো রকমের খামতি রাখতে রাজি নন বিহারের বিতর্কিত নেতা তথা জেডি(ইউ)-র প্রাক্তন বিধায়ক অনন্ত সিং। দল থেকে সদ্য বহিষ্কৃত হলেও নিজের দাপট ও মেজাজে যে এতটুকু ভাঁটা পড়েনি, তা ফের প্রমাণ করলেন তিনি। মেয়ের বিয়ে উপলক্ষ্যে তিনি যে অভাবনীয় নিমন্ত্রণ তালিকা তৈরি করেছেন, তা শুনে রাজ্য থেকে শুরু করে জাতীয় রাজনীতি এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এক তুলকালাম কাণ্ড ঘটে গিয়েছে।

রাজনীতি, দল কিংবা সীমান্ত— কোনো বাঁধাই যে এই পারিবারিক অনুষ্ঠানে কাজ করবে না, তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন অনন্ত সিং। বিহার তো বটেই, ভারত থেকে শুরু করে সীমান্ত পারের দেশ পাকিস্তানের বাসিন্দাদেরও নিজের মেয়ের বিয়েতে মহাসমারোহে আমন্ত্রণ জানাচ্ছন এই নেতা!

এক্স হ্যান্ডেলে ভিডিও বার্তা: “ঈশ্বরতুল্য সাধারণ মানুষকে নিমন্ত্রণ”

সামাজিক মাধ্যম প্ল্যাটফর্ম ‘এক্স’-এ (টুইটার) সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেন অনন্ত সিং। সেখানে তাঁকে সরাসরি মেয়ের বিয়ের তোড়জোড় ও বিভিন্ন প্রস্তুতি নিয়ে কথা বলতে দেখা গিয়েছে। ভিডিওতে তিনি সাফ জানান, যাঁরা তাঁর পরিবারের প্রতি ভালোবাসা দেখিয়েছেন, তাঁরা যে প্রান্ত থেকেই আসুক না কেন, তাঁদের সবাইকে এই পবিত্র অনুষ্ঠানে স্বাগত জানাতে তৈরি তিনি।

ভিডিওতে মেজাজি ভঙ্গিতে অনন্ত সিংকে বলতে শোনা যায়:

“আমন্ত্রণ কি শুধু বিহারের মানুষের জন্যই? একেবারেই নয়! এই আমন্ত্রণ সবার জন্য—যে কোনো প্রান্তের মানুষের জন্য। কেবল বিহারে কেন, গোটা হিন্দুস্তান এবং পাকিস্তানের সকলকেও আমার মেয়ের বিয়েতে নিমন্ত্রণ জানানো হচ্ছে। সাধারণ মানুষ আমাদের কাছে ঈশ্বরের মতো; যে যেখান থেকেই আসুক না কেন, তা আমার কাছে এক অমূল্য উপহারের সমান। আমরা প্রত্যেকের কাছেই আমন্ত্রণপত্র পাঠাচ্ছি। যাঁদেরই ফোন নম্বর আমাদের কাছে রয়েছে, সবার সঙ্গেই যোগাযোগ করে নিমন্ত্রণ করা হচ্ছে।”

“বিয়েবাড়িতে কোনো শাসক-বিরোধী থাকে না”

রাজনৈতিক বৈরিতা প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনন্ত সিং স্পষ্ট জানান, পারিবারিক অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো নোংরা রাজনীতি তিনি পছন্দ করেন না। তিনি বলেন:

“বিয়েবাড়িতে কোনো শাসক দল বা বিরোধী পক্ষ বলে কিছু হয় না। এই ধরনের বিভাজন কেবল নির্বাচনের সময়ে বা ভোট চাওয়ার ক্ষেত্রে থাকে। কোনো শুভ কাজ বা পারিবারিক অনুষ্ঠানে কোনো বিভাজন মানা যায় না।”

তিনি আরও নিশ্চিত করেছেন যে, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার থেকে শুরু করে আরজেডি প্রধান লালু প্রসাদ যাদব— দলমত নির্বিশেষে রাজ্যের সব শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্বকেই ব্যক্তিগতভাবে এই বিয়েতে আমন্ত্রণ জানান হচ্ছে।

দলবিরোধী কার্যকলাপের জন্য ৬ বছরের বহিষ্কার

উল্লেখ্য, কিছুদিন আগেই দলবিরোধী মারাত্মক কার্যকলাপের জন্য অনন্ত সিং এবং তাঁর স্ত্রীকে জেডি(ইউ) থেকে আগামী ৬ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। দলের নির্দেশ অমান্য করা, শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে একের পর এক অবমাননাকর মন্তব্য করা এবং পাটনা গ্র্যাজুয়েটস নির্বাচনী এলাকায় পার্টির অনুমোদিত প্রার্থী নীরজ কুমারের বিরোধিতা করে অন্য প্রার্থীর হয়ে প্রকাশ্যে সভা-প্রচার চালানোর অভিযোগে তাঁর ওপর এই শাস্তির খাঁড়া নেমে আসে।

তবে দল হারানোর ধাক্কা কাটিয়ে এখন নিজের মেয়ের রাজকীয় বিয়ে নিয়েই চরম ব্যস্ত বহিষ্কৃত এই নেতা। আর ভারত ও পাকিস্তানকে এক ছাদের তলে নিমন্ত্রণ জানানোর এই আজব মন্তব্যের জেরে নেটদুনিয়ায় হু হু করে ভাইরাল হয়ে গিয়েছেন বিহারের এই দাপুটে রাজনৈতিক ব্যক্তিত্ব।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *