পোস্ট অফিসে মুহূর্তে মিলছে পেপারলেস সেভিংস অ্যাকাউন্ট, জেনেনিন পদ্ধতি

ব্যাঙ্কে বা পোস্ট অফিসে নতুন অ্যাকাউন্ট খুলতে গেলে জেরক্সের স্তূপ আর ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকার দিন এবার অতীত। পোস্ট অফিসে অ্যাকাউন্ট খোলার প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও সম্পূর্ণ কাগজহীন করতে বড় পদক্ষেপ নিল ডাক বিভাগ। ‘ওয়েস্ট বেঙ্গল পোস্টাল সার্কেল’-এর পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, এখন থেকে সম্পূর্ণ Paperless eKYC পদ্ধতির মাধ্যমে কয়েক মুহূর্তের মধ্যেই পোস্ট অফিস সেভিংস ব্যাঙ্ক (POSB) অ্যাকাউন্ট খোলা যাবে। শুধু অ্যাকাউন্ট খোলা নয়, টাকা জমা দেওয়া এবং তোলার পুরো প্রক্রিয়াই হবে একদম ডিজিটাল ও পেপারলেস।

পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট এবং সুদের হার

ডাক বিভাগের যেকোনো সঞ্চয় প্রকল্প যেমন— পিপিএফ (PPF), সুকন্যা সমৃদ্ধি যোজনা বা মেয়াদি আমানতের (TD) সুবিধা নিতে গেলে পোস্ট অফিসে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকা বাধ্যতামূলক। বর্তমানে পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্টে বার্ষিক ৪ শতাংশ হারে সুদ পাওয়া যায়। তবে সরকারি নিয়ম অনুযায়ী এই সুদের হার সময় সময় পরিবর্তিত হতে পারে।

ই-কেওয়াইসি (eKYC) পেপারলেস ব্যাঙ্কিং কীভাবে কাজ করবে?

ডাক বিভাগের নতুন নির্দেশিকা অনুযায়ী, অ্যাকাউন্ট খোলার নিয়ম অত্যন্ত সহজ করা হয়েছে: ১. গ্রাহককে প্রথমে তাঁর নিকটবর্তী পোস্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে হবে। ২. বায়োমেট্রিক স্ক্যানারের মাধ্যমে গ্রাহকের আঙুলের ছাপ (Fingerprint) ও বায়োমেট্রিক তথ্য যাচাই করা হবে। ৩. বায়োমেট্রিক তথ্য মিলে গেলেই কোনো বাড়তি কাগজপত্র জমা না দিয়ে নিমেষের মধ্যে পেপারলেস পদ্ধতিতে অ্যাকাউন্ট চালু হয়ে যাবে এবং লেনদেন শুরু করা যাবে।

প্রয়োজনীয় তথ্য ও নথি:

ডিজিটাল ই-কেওয়াইসি ব্যাঙ্কিংয়ের সুবিধা নিতে গ্রাহকদের কাছে নিচের জিনিসগুলি থাকা আবশ্যক:

  • অরিজিনাল আধার কার্ড।

  • আধারের সঙ্গে যুক্ত সক্রিয় বা চালু মোবাইল নম্বর।

  • ইউআইডিএআই (UIDAI)-এর সমস্ত নিয়মকানুন মেনে বায়োমেট্রিক যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করা হবে।

নতুন এই ই-কেওয়াইসি ও পেপারলেস সুবিধার ফলে প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে শহরের বাসিন্দা— সকলেই এখন খুব সহজে ও নিরাপদ উপায়ে পোস্ট অফিসের ব্যাঙ্কিং পরিষেবা উপভোগ করতে পারবেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *