দারিদ্র কমলেও কেন ৮০ কোটি মানুষকে ফ্রি রেশন? আসল কারণ ফাঁস প্রধানমন্ত্রীর উপদেষ্টার!

দেশে দারিদ্রের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ার পরেও কেন প্রায় ৮০ কোটি মানুষকে বিনামূল্যে খাদ্যশস্য দেওয়া হচ্ছে— এই প্রশ্ন প্রায়শই ঘুরপাক খায় সাধারণ মানুষের মনে। সম্প্রতি এই বিতর্কের অবসান ঘটিয়ে মোদী সরকারের এই মেগা প্রকল্পের আসল উদ্দেশ্য স্পষ্ট করলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের সদস্য শামিকা রবি। তাঁর মতে, এই প্রকল্পের মূল লক্ষ্য শুধু দারিদ্র দূরীকরণ নয়, বরং সাধারণ মানুষের সামাজিক সুরক্ষা এবং পুষ্টির মান বৃদ্ধি করা।

শুধু দারিদ্র দূরীকরণ নয়, লক্ষ্য সামাজিক সুরক্ষা

সংবাদমাধ্যম ‘বিজনেস টুডে’-র সম্পাদক সিদ্ধার্থ জারাবিকে দেওয়া এক সাক্ষাৎকারে শামিকা রবি জানান, উন্নত হোক কিংবা উন্নয়নশীল— বিশ্বের সমস্ত দেশেই অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি সাধারণ মানুষের জীবনযাত্রার মান সুরক্ষিত রাখতে নানা ধরনের সামাজিক সুরক্ষার ব্যবস্থা করা হয়। ভারত সরকারও ঠিক সেই পথেই হাঁটছে।

৮০ কোটি নয়, রেশন নিচ্ছেন ৫৫-৫৬ কোটি মানুষ!

বিনামূল্যে রেশন নিয়ে একটি প্রচলিত ধারণার সংশোধন করে তিনি জানান, কাগজে-কলমে এই সুবিধার জন্য যোগ্য বা এলিজেবল (Eligible) মানুষের সংখ্যা ৮০ কোটি হলেও, বাস্তবে নিয়মিত রেশন নেন প্রায় ৫৫ থেকে ৫৬ কোটি মানুষ।

তাঁর মতে, বিনামূল্যে চাল-গম পাওয়ার ফলে সাধারণ পরিবারগুলোর প্রতি মাসে কিছু অর্থ সাশ্রয় হয়। সেই বাঁচানো টাকা দিয়ে তারা ডিম, মাছ, মাংস, দুধ বা টাটকা ফলের মতো পুষ্টিকর খাবার কিনতে পারেন, যা সুস্বাস্থ্যের জন্য অত্যন্ত জরুরি।

গুদামে পচানোর চেয়ে গরিবের পাতে দেওয়া ভালো!

ভবিষ্যতে কি এই ফ্রি রেশন ব্যবস্থা বন্ধ হয়ে যেতে পারে? এই প্রশ্নের জবাবে শামিকা জানান, সময়ের সঙ্গে নিয়মে বদল আসতেই পারে। তবে ভারতে প্রচুর পরিমাণে খাদ্যশস্য উৎপাদিত হয়। সরকারি গুদামে অতিরিক্ত শস্য দীর্ঘদিন মজুত রাখার খরচ যেমন প্রচুর, তেমনই আগে বৃষ্টির জল বা ইঁদুরের কারণে বহু খাদ্যশস্য নষ্ট হয়ে যেত। তাই গুদামে ফেলে রেখে অর্থের অপচয় না করে সেই উদ্বৃত্ত শস্য গরিব মানুষের মধ্যে বিলিয়ে দেওয়াই সবচেয়ে বুদ্ধিমানের কাজ।

পাশাপাশি তিনি আরও জানান, গত ১২ বছরে দেশের সব স্তরের মানুষেরই চাল-গম খাওয়ার প্রবণতা কিছুটা কমেছে। আগে মানুষ কেবল ভাত-রুটি খেয়ে পেট ভরাতেন, কিন্তু এখন ধনী থেকে গরিব নির্বিশেষে সবাই শাকসবজি ও প্রোটিন জাতীয় খাবারের দিকে ঝুঁকছেন। অথচ উল্টোদিকে দেশে ধান ও গমের উৎপাদন লাগাতার বেড়েই চলেছে।

দেশে দারিদ্রের হার কমে কত হয়েছে?

শামিকা রবির দেওয়া তথ্য অনুযায়ী, ২০১১-১২ সালে রঙ্গরাজন কমিটির দারিদ্রসীমা বা প্রোভার্টি লাইন (Poverty Line) অনুযায়ী দেশে দারিদ্রের হার ছিল প্রায় ৩০ শতাংশ। কিন্তু সাম্প্রতিক পারিবারিক ভোগব্যয়ের তথ্য বা HCES (Household Consumption Expenditure Survey) অনুযায়ী, সেই হার অবিশ্বাস্যভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ৩.৯ শতাংশে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *