“মুম্বইয়ে করতেন লাইটম্যানের কাজ”-ছেলেকে BMW উপহার দিয়ে শোরগোল ফেলে দিলেন বাবা

ছেলের হাফ ইয়ার্লি পরীক্ষায় দুর্দান্ত সাফল্য পাওয়ার আনন্দে তাকে আস্ত একটি বিলাসবহুল গাড়ি উপহার দিয়ে তাক লাগিয়ে দিলেন এক বাবা। উপহারটি সাধারণ কোনো গাড়ি নয়, সোজা ২ কোটি ৩০ লক্ষ টাকা দামের একটি BMW M4 Competition মডেল। বর্ধমানের গলসির এই চাঞ্চল্যকর ঘটনাটি প্রকাশ্যে আসতেই সমাজমাধ্যমে শুরু হয়েছে শোরগোল। খোদ গলসির বিধায়ক রাজু পাত্রও শনিবার সেই গাড়ি চড়ে দেখে উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
পড়ুয়ার ওই সফল বাবার জীবনকাহিনিও বেশ চমকপ্রদ। এক সময়ে তিনি মুম্বইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রিতে লাইটম্যান হিসেবে কাজ করতেন। সেখান থেকে নিজের মেহনতে চালের ব্যবসা শুরু করেন এবং ধীরে ধীরে সেই ব্যবসা আন্তর্জাতিক স্তরে ছড়িয়ে দেন। বর্তমানে ভিয়েতনাম, মালয়েশিয়া, সিঙ্গাপুর এবং সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের একাধিক দেশে চাল রপ্তানি করেন এই প্রতিষ্ঠিত ব্যবসায়ী। বর্তমানে তাঁর কারখানায় আট-নয়শো মানুষ কাজ করেন, যা এলাকার কর্মসংস্থানে বড় ভূমিকা রাখছে।
শনিবার বর্ধমানের গলসিতে সেই বিলাসবহুল গাড়ি চড়ে দেখেন স্থানীয় বিধায়ক রাজু পাত্র। ওই ব্যবসায়ীর ভূয়সী প্রশংসা করে তিনি জানান, এলাকার অন্যতম প্রভাবশালী ও ভালো মানুষ এই ব্যবসায়ী বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা এনে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। আগামী দিনে রাজ্যের বেকার যুবকদের কর্মসংস্থানের স্বার্থে তিনি আরও বড় উদ্যোগ নিলে সরকারের পক্ষ থেকেও সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন বিধায়ক।
ছেলের এমন সাফল্যে গর্বিত বাবা জানান, তিনি নিজের পরিশ্রমে আজ এই জায়গায় পৌঁছেছেন। সরকারি সহযোগিতা পেলে আগামী দিনে আরও বড় পরিকল্পনা বাস্তবায়নের ইচ্ছা রয়েছে তাঁর, যেখানে হাজার হাজার মানুষের কর্মসংস্থান তৈরি হতে পারে। তাঁর এই উত্থানের গল্প দেখে এলাকার যুবসমাজ ব্যবসায় এগিয়ে আসুক এবং দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করে তুলুক—এমনটাই বার্তা দিয়েছেন ওই সফল ব্যবসায়ী।