রামের বিরুদ্ধে যারা দাঁড়াত, তারাই আজ অস্তিত্ব স্বীকার করছে! দীপাবলির মঞ্চ থেকে সমাজবাদীকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী

অযোধ্যার জমজমাট দশম দীপ উৎসবের মঞ্চ থেকে সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদবকে তীব্র আক্রমণ শানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শুক্রবার অযোধ্যার পবিত্র ভূমি থেকে সপা সুপ্রিমোকে কড়া ভাষায় নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, অতীতে যারা রামভক্তদের ওপর নির্বিচারে গুলি চালিয়েছিল এবং সাধু-সন্তদের ওপর অকথ্য নির্যাতন চালিয়েছিল, তাদের অযোধ্যায় স্বাগত— তবে এখানে আসার আগে তাদের প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে।
অযোধ্যা আজ তার স্বর্ণযুগ ফিরে পেয়েছে: যোগী
এদিনের দীপ উৎসবের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আবেগঘন কণ্ঠে বলেন, আজকের অযোধ্যা আমাদের অতীত স্বর্ণযুগের কথা স্মরণ করিয়ে দেয়। দীর্ঘ লড়াই ও ত্যাগের পর অযোধ্যা যেন আজ তার আসল প্রাণ ফিরে পেয়েছে। শ্রীরামই ভারতের জাতীয় আত্মসম্মান। আজ অযোধ্যা সেই গৌরব ও মর্যাদা ফিরে পেয়েছে, যার জন্য এককালে করসেবক ও সাধুরা নিজেদের জীবন বলিদান দিয়েছিলেন। অতীতের সেই কালরাত্রির কথা স্মরণ করে তিনি বলেন, একসময় এই অযোধ্যাতেই রামভক্তদের ওপর অমানবিক লাঠিচার্জ করা হয়েছিল এবং গুলি চালানো হয়েছিল।
অখিলেশ যাদবকে বেনজির আক্রমণ
সপা প্রধান অখিলেশ যাদবকে কটাক্ষ করে মুখ্যমন্ত্রী বলেন, “যখন ওই নির্দিষ্ট রাজনৈতিক দল বা ব্যক্তিরা কথাসভায় যোগ দেন, তখন তাঁরা কথাসভার প্রাচীন ঐতিহ্য ও শিষ্টাচারটুকুও বোঝেন না। এমনকি একে তাঁরা ভুল করে ‘মুশায়েরা’ বলে মনে করেন।”
অতীতের প্রসঙ্গ টেনে যোগী আরও বলেন, একসময় অযোধ্যায় কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। ভয়ে কেউ সেখানে আসতে পারত না, কেউ মুখ ফুটে ‘জয় শ্রী রাম’ বলতে পারত না। কিন্তু আজ সময়ের পরিবর্তন ঘটেছে। যারা একসময় আদালতে শ্রীরামের অস্তিত্ব ও অমরত্বকে অস্বীকার করার জন্য আইনজীবীদের বিশাল বাহিনী দাঁড় করিয়েছিল, আজ বাধ্য হয়ে তারাও রামের অস্তিত্ব স্বীকার করতে শুরু করেছে। এটাকে সনাতন সংস্কৃতির এক বিরাট নৈতিক বিজয় বলে উল্লেখ করেন তিনি।
“কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়ে ক্ষমা চান”
অখিলেশ যাদব ও বিরোধী শিবিরের উদ্দেশে মুখ্যমন্ত্রী দ্ব্যর্থহীন ভাষায় বলেন, “যারা অতীতে রামভক্তদের চরম হেনস্তা করেছে, অপমান করেছে, সাধুদের ওপর লাঠিচার্জ ও গুলি চালিয়েছে— তাঁদের অবশ্যই অযোধ্যাধামে আসা উচিত। কিন্তু আসার আগে তাঁদের শ্রীরামের ভক্ত ও সাধু সমাজের কাছে হাতজোড় করে ক্ষমা চাইতে হবে। নিজেদের অতীত কৃতকর্মের জন্য প্রকাশ্যে অনুতপ্ত হতে হবে।”
দীপাবলির আবহে যোগী আদিত্যনাথের এই আক্রমণাত্মক ও ঝাঁঝালো মন্তব্য উত্তরপ্রদেশের রাজনৈতিক পারদকে এক ধাক্কায় বহু গুণ বাড়িয়ে দিয়েছে।