শত শত ভরি সোনায় সজ্জিতা নৈহাটির ‘বড় মা’! কবে পুজো, কখন অঞ্জলি আর ভোগের টাইম টেবিল? জেনে নিন খুঁটিনাটি

শত শত ভরি সোনা ও রূপোর অলঙ্কারে সজ্জিতা ঘন কৃষ্ণবর্ণা কালী প্রতিমা। ভক্তদের বিশ্বাস, মায়ের দরবার থেকে কেউ কখনো খালি হাতে ফেরেন না। লোককথা, বিশ্বাস আর কিংবদন্তির এমন অপূর্ব মিলনক্ষেত্র নৈহাটির বিখ্যাত ‘বড় মা’-এর পুজো। সারা বছর তো বটেই, বিশেষ করে কালীপুজোর এই দিনটিতে মনস্কামনা পূরণের আশায় লক্ষ লক্ষ ভক্তের ঢল নামে নৈহাটিতে। আগামী ৮ নভেম্বর, রবিবার অনুষ্ঠিত হতে চলেছে ২০২৬ সালের ঐতিহাসিক নৈহাটির বড়কালীর বার্ষিক পুজো। ভক্তদের সুবিধার জন্য পুজোর সঠিক সময়সূচি, অঞ্জলি এবং ভোগ বিতরণের বিস্তারিত নির্দেশিকা প্রকাশ করেছে বড় মা মন্দির কর্তৃপক্ষ।

পুজোর দিন ও তিথির সময়সূচি
বাংলা পঞ্জিকা মতে, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ অর্থাৎ আগামী ৮ নভেম্বর অমাবস্যা তিথিতে বড়মার মূল পুজো অনুষ্ঠিত হবে।

অমাবস্যা তিথি শুরু: ৮ নভেম্বর, রবিবার দুপুর ১০টা ৪৮ মিনিট থেকে।

প্রধান পুজো ও পুষ্পাঞ্জলি: ওই দিন রাত ১২টায় শুরু হবে বড়কালীর মূল পুজো। এরপর রাত ১টা ৩০ মিনিটে হবে বহু প্রতীক্ষিত পুষ্পাঞ্জলি। মন্দির কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী, অঞ্জলি দিতে আসা ভক্তদের অবশ্যই সঙ্গে করে ফুল ও বেলপাতা নিয়ে আসতে হবে। অঞ্জলি শেষ হওয়ার পরেই শুরু হবে ভোগ প্রসাদ বিতরণ।

কোথায় এবং কখন মিলবে ভোগ প্রসাদ?
ভক্তদের ভিড় সামলাতে এবং সুশৃঙ্খলভাবে প্রসাদ বিতরণের জন্য একাধিক নির্দিষ্ট জায়গার ব্যবস্থা করা হয়েছে:

শ্যাম রোড ও পৌরসভা এলাকা: শ্যাম রোডের ১ নম্বর সুষমা অ্যাপার্টমেন্ট, জগবন্ধু মোড় সংলগ্ন পুকুরপাড় এবং নৈহাটি পৌরসভা চত্বরে ৮ নভেম্বর রাত ২টো ৩০ মিনিট থেকে ৯ নভেম্বর সোমবার সকাল ১১টা পর্যন্ত ভোগ বিতরণ চলবে।

রেলওয়ে অডিটোরিয়াম হল: নৈহাটি রেলওয়ে অডিটোরিয়াম হলেও থাকছে বিশেষ ব্যবস্থা। ৮ নভেম্বর ভোর ৪টে ৪৫ মিনিট থেকে ৯ নভেম্বর সকাল ১০টা পর্যন্ত এখানে ভোগ পাওয়া যাবে।

সন্দেশ কুপনের প্রসাদ: যাঁরা সন্দেশ কুপনের প্রসাদ সংগ্রহ করতে চান, তাঁদের জন্য নৈহাটি নরেন্দ্র উচ্চ বিদ্যালয় নিকেতন (বয়েজ স্কুল), নৈহাটি মহেন্দ্র উচ্চ বিদ্যালয় এবং নৈহাটি পুরসভায় সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।

সোমবারের পুজো ও বিসর্জনের নির্ঘণ্ট
আগামী সোমবার অমাবস্যা তিথি শেষ হবে বেলা ১১টা ২৭ মিনিটে।

দুপুরের পুজো: ওই দিন দুপুর ২টো ৩০ মিনিটে হবে নিত্যপুজো এবং পুজো শেষে প্রসাদ বিতরণ। সন্ধেয় থাকছে মায়ের বিশেষ আরতি ও শীতল ভোগ।

বড়মা নিরঞ্জন ও শোভাযাত্রা: আগামী বৃহস্পতিবার সকাল ৭টা থেকে শুরু হবে বড়কালী নিরঞ্জন পুজো ও দশকর্মা। দুপুর ২টো ৩০ মিনিটে রয়েছে মায়ের বরণ পর্ব। এরপর বিকেল ৪টে ৪৫ মিনিটে গঙ্গাবক্ষে অনুষ্ঠিত হবে নৈহাটির অত্যন্ত জনপ্রিয় বড়কালী নিরঞ্জন শোভাযাত্রা।

অনলাইনে পুজো দেওয়ার বিশেষ সুযোগ ও মন্দির বন্ধের সময়
যাঁরা সশরীরে উপস্থিত থাকতে পারবেন না কিন্তু অনলাইনে পুজো দিতে ইচ্ছুক, তাঁদের জন্য বিশেষ ডিজিটাল ব্যবস্থা করা হয়েছে। নিজের নাম ও গোত্র লিখে আগামী ৭ নভেম্বর, শনিবার রাত ১০টার মধ্যে নির্দিষ্ট হোয়াটসঅ্যাপ নম্বরে (8240820003) পাঠাতে হবে। এ ছাড়া ‘Joy Boro Maa Apps’-এর মাধ্যমেও পুজো পাঠানোর সুযোগ রয়েছে।

অন্যদিকে, বার্ষিক পুজো উপলক্ষে আগামী ৬ নভেম্বর, শুক্রবার থেকে ১৪ নভেম্বর, শনিবার পর্যন্ত বড়মার মন্দির সর্বসাধারণের দর্শনের জন্য সম্পূর্ণ বন্ধ থাকবে বলে মন্দির কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *