নিট বিতর্ক থেকে মন্দির কাণ্ড: কে এই নেহা বোরা, যাঁর মন্তব্যে তোলপাড় দেশজুড়ে?

ফের একবার শিরোনামে ও বিতর্কের একেবারে কেন্দ্রবিন্দুতে সর্বভারতীয় অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (AISA)-এর সভাপতি নেহা বোরা। নিট ইউজি (NEET-UG) আন্দোলন এবং মুখ্য নির্বাচনী কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে চলা আন্দোলনে বারবার চর্চায় এসেছিল তাঁর নাম। কিছুদিন আগের বিতর্কিত অধ্যায় থিতিয়ে যাওয়ার আগেই এবার মন্দির ও হিন্দু পুরোহিতদের নিয়ে তাঁর একটি মন্তব্যকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি।
সমাজমাধ্যমে সম্প্রতি নেহার একটি পুরনো ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর থেকেই তাঁর বিরুদ্ধে আক্রমণের ধার বাড়িয়েছে কেন্দ্রে শাসক দল বিজেপি। শুধু বিজেপিই নয়, অবাক করার মতো বিষয় হলো, কংগ্রেসের নেতৃত্বাধীন ‘ইন্ডি’ (INDIA) জোটের অন্যতম শরিক দল শিব সেনা (ইউবিটি) এবং সমাজবাদী পার্টিও নেহার এই মন্তব্যের তীব্র সমালোচনা ও নিন্দা জানিয়েছে।
কী বলেছেন নেহা বোরা?
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, সমাজমাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে নেহা দাবি করেছেন যে, মন্দির প্রাঙ্গণে পুরোহিতদের একাংশও ধর্ষণের মতো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। বক্তব্য রাখার সময় তিনি ‘ব্রাহ্মণ্যবাদী ব্যবস্থা’ এবং দেশের সার্বিক নারী সুরক্ষার কড়া সমালোচনা করেন।
নেহার অভিযোগ, বর্তমান সমাজব্যবস্থায় দরিদ্র, নিপীড়িত, পিছিয়ে পড়া জনজাতি এবং নারীদের শোষণের যোগ্য বলে গণ্য করা হয়। এমনকি সেখানে তথাকথিত উঁচু জাত বা ব্রাহ্মণ পরিবারের নারীরাও সুরক্ষিত নন। নিজের বক্তব্যের স্বপক্ষে ২০১৮ সালের বহুল আলোচিত কাঠুয়া গণধর্ষণ ও উন্নাও কান্ডের উদাহরণ টেনে এনে তিনি দাবি করেন, কীভাবে মন্দিরের ভেতরেও ধর্মীয় পোশাকের আড়ালে ধর্ষণের মতো ঘৃণ্য অপরাধ সংঘটিত হয়েছে।
রাজনৈতিক মহলে চরম প্রতিক্রিয়া
অতীতে ঘটে যাওয়া কয়েকটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে দেশের সমগ্র মন্দির প্রাঙ্গণ ও পুরোহিত সমাজকে এক ছাতায় এনে এমন ঢালাও মন্তব্যের ফলে সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
ভিডিওটি নিজের এক্স (টুইটার) হ্যান্ডেলে পোস্ট করে বিজেপির জাতীয় মুখপাত্র প্রদীপ ভান্ডারি নেহা বোরাকে ‘রাহুল গান্ধীর পোস্টার গার্ল’ বলে কটাক্ষ করেন। তাঁর অভিযোগ, এটি বিচ্ছিন্ন কোনো কথা নয়, বরং কংগ্রেসের অন্দরে থাকা গভীর হিন্দুবিদ্বেষী মানসিকতারই বহিঃপ্রকাশ। অন্যদিকে, বিজেপির বর্ষীয়ান নেতা গৌরব ভাটিয়াও নেহার এই চরম সরলীকৃত বক্তব্যকে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার চক্রান্ত বলে উল্লেখ করেন।
আইসা (AISA) নেত্রীর এই বিতর্কিত মন্তব্যের পর রাজনৈতিক উত্তাপ এখন তুঙ্গে। বিজেপি যেমন একে বিরোধীদের মানসিকতা বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছে, তেমনই জোট রক্ষা ও ধর্মীয় সংবেদনশীলতা বজায় রাখতে বিরোধী শিবিরের শরিক দলগুলোও নেহার বক্তব্য থেকে নিজেদের স্পষ্ট দূরত্ব বজায় রাখছে।