চিনের কামানের গোলা নাকি স্রেফ ওয়াইনের বোতল? আন্তর্জাতিক জলসীমায় এই রহস্যময় কাণ্ড ঘিরে তুমুল শোরগোল!

পোর্ট মোরসবি: একটি মালবাহী শিপিং কন্টেইনার, তার ভেতর থেকে উদ্ধার হওয়া কামানের গোলার মতো দেখতে একটি বিপজ্জনক বস্তু এবং তৎক্ষণাৎ চারজন চীনা নাগরিকের গ্রেপ্তার— পাপুয়া নিউ গিনির এই চাঞ্চল্যকর ঘটনাটি বর্তমানে আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। সন্দেহজনক সামরিক সরঞ্জাম উদ্ধারের ঘটনায় তুমুল হট্টগোল শুরু হলেও, আসরে নেমে চীন সম্পূর্ণ উল্টো দাবি করে জানিয়েছে যে, যে বস্তুটিকে কামানের গোলা ভেবে ভুল করা হচ্ছে, সেটি আসলে কামানের গোলার আকৃতির একটি বিলাসবহুল ওয়াইনের বোতল!
অস্ট্রেলিয়া ও চীনের পরস্পরবিরোধী দাবি: অস্ট্রেলিয়ান সংবাদমাধ্যমের একাংশ পুলিশি তদন্তের সূত্রের বরাত দিয়ে দাবি করেছে যে, পোর্ট মোরসবির ওই কন্টেইনারটিতে পাওয়া সন্দেহজনক জিনিসগুলো আদতে বিস্ফোরক ও ফিউজযুক্ত আসল সামরিক গোলাবারুদই ছিল।
পক্ষান্তরে, চীনের পক্ষ থেকে সাফ জানানো হয়েছে যে, তাদের দেশ থেকে এ ধরনের সামরিক অস্ত্র বা বিস্ফোরক অবৈধভাবে বাইরে পাচার করা কার্যত অসম্ভব। ফলে একই বস্তু এবং ঘটনাকে কেন্দ্র করে দুই দেশের পরস্পরবিরোধী দাবিতে রহস্য আরও ঘনীভূত হয়েছে।
গ্রেপ্তার চার চীনা নাগরিক: রাজধানী পোর্ট মোরসবিতে ঘটা এই ঘটনায় আন্তর্জাতিক নিরাপত্তা ও কূটনৈতিক মহলে তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ কন্টেইনার থেকে সামরিক অস্ত্র উদ্ধারের সন্দেহে চারজন চীনা নাগরিককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে। এখন দেখার বিষয়, উদ্ধার হওয়া ওই রহস্যময় বস্তুটির ফরেনসিক পরীক্ষার পর আসল সত্যটা ঠিক কী সামনে আসে।