‘বিগ বস’-এর রান্নাঘরে এটা কী দেখলেন নিরঞ্জন? আতঙ্কে চিৎকার মনামী-তনুশ্রীদের, তুঙ্গে শোরগোল!

‘বিগ বস’ বাংলার অন্দরে ড্রামার কোনো শেষ নেই! কখনো ডিম চুরি, আবার কখনো চিনি উধাও—খাবার নিয়ে সদস্যদের ক্যাটফাইটে এমনিতেই জমজমাট থাকে প্রতি পর্ব। সিক্রেট রুমে বসে বাড়িটির এই সমস্ত খটকা বেশ উপভোগ করছেন বিদায়ী প্রতিযোগী নন্দিনী। তবে সোমবারের পর্বটি ছিল একবারে অন্যরকম! হঠাৎ করেই ‘বিগ বস’-এর ঘরে ঘটল এমন এক অলৌকিক ও ভুতুড়ে ঘটনা, যা দেখে বেজায় আতঙ্কিত হয়ে পড়েছেন প্রতিযোগী নিরঞ্জন ও সৌরভরা।
রান্নাঘরে কার মুখ দেখলেন নিরঞ্জন?
সোমবার রাতের পর্বে দেখা যায়, রান্নাঘরের বেসিনে বাসন মাজছিলেন নিরঞ্জন (লাফটারসেন)। পাশে কিছু কাজে ব্যস্ত ছিলেন তনুশ্রী। হঠাৎ মাঝরাতে বেসিনের সামনের আয়নায় অলৌকিক কিছু একটা দেখে বিকট চিৎকার করে ওঠেন নিরঞ্জন। তাঁর সেই আচমকা ভয়ানক আতঙ্কের চিৎকার শুনে আর সামলাতে পারেননি তনুশ্রীও, তিনি ভয়ে চিৎকার করতে করতে সোজা রান্নাঘর ছেড়ে ভেগে যান।
দুজনের সেই গলার আওয়াজ শুনে ছুটে আসেন ডাইনিং এরিয়াতে থাকা বাকি প্রতিযোগীরা। কারণ জানতে চাইলে কাঁপতে কাঁপতে নিরঞ্জন জানান, আয়নায় তিনি স্পষ্ট কারও একটি অবয়ব বা অদ্ভুত মুখ দেখতে পেয়েছেন! তনুশ্রীও যোগ করেন যে নিরুর ওই ভয় দেখে তিনিও নিয়ন্ত্রণ হারিয়ে চিৎকার করে ফেলেন।
হাসির শব্দে বাথরুমে আতঙ্ক, রাম-নাম জপছেন সৌরভ
বিষয়টি তখনকার মতো ধামাচাপা পড়ার চেষ্টা হলেও অলৌকিক ঘটনার তো সেখানেই শেষ নয়! এর কিছুক্ষণ পরেই বাথরুম এরিয়াতে ঘটে আরও এক রহস্যময় ঘটনা। যখন মেকআপ তুলতে আসেন মনামী, সঙ্গে ছিলেন নিরঞ্জন ও তনুশ্রী। হঠাৎই ফাঁকা বাথরুমে কারও এক অদ্ভুত হাসির শব্দ শুনতে পান তাঁরা তিনজনই!
এরপরই ভয়ের পরিবেশ চরম রূপ নেয় এবং সমস্ত প্রতিযোগী একা থাকার সাহস হারিয়ে দল বেঁধে থাকতে শুরু করেন। ‘মন্টু পাইলট’ খ্যাত সৌরভ স্পষ্ট জানিয়ে দেন, তিনি ভূতে বেজায় ভয় পান, এমনকি কোনোদিন ভূতের সিনেমাও দেখেন না! আতঙ্কে শেষমেশ প্রকাশ্যে ‘রাম-নাম’ জপ করতে দেখা যায় সৌরভকে।
বাস্তব নাকি বিগ বসের নয়া চাল?
তবে মাঝরাতের এই শিরদাঁড়া দিয়ে ঠাণ্ডা স্রোত বইয়ে দেওয়া ঘটনাটি কি সত্যিই কোনো অলৌকিক কাণ্ড, নাকি সবটাই প্রতিযোগী ও দর্শকদের বিনোদন দিতে বিগ বসের সাজানো কোনো গোপন টাস্ক? তা নিয়ে প্রশ্ন রয়েই যাচ্ছে। তবে ঘরজুড়ে ভয়ের পরিবেশ তৈরি হলেও, পরবর্তীতে তা নিয়ে সদস্যদের মধ্যে বেশ খানিকটা হাসি-ঠাট্টার আবহ তৈরি হয়।
অন্যদিকে, রবিবারই ঘর থেকে বিদায় নিয়েছেন প্রতিযোগী নন্দিনী। প্রেমিকাকে হারিয়ে রাজবীরকে কান্নায় ভেঙে পড়তে দেখা গেলেও, আসল টুইস্ট হলো নন্দিনী কিন্তু একদম বাদ পড়েননি! বিগ বস তাঁকে পাঠিয়ে দিয়েছেন সিক্রেট রুমে। সেখান থেকেই গোটা বাড়ির সমস্ত খবর রাখছেন তিনি। এখন সিক্রেট রুম থেকে নন্দিনী আবার কবে মূল ঘরে এন্ট্রি নেন এবং এই ভৌতিক রহস্যের জট কীভাবে খোলে, সেদিকেই মুখিয়ে রয়েছেন দর্শকেরা।